আলীকদম চৈক্ষ্যং ইউনিয়নের বটতলী পাড়ায় কালভার্ট ভেঙে প্রায় ১০০ পরিবার অবরুদ্ধ, ব্রীজ নির্মাণের দাবি
মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)
মোঃ আমির হোসাইন ছাদেকী, আলীকদম বান্দরবান প্রতিনিধি: টানা তিন দিনের ভারী বর্ষণে বান্দরবানের আলীকদম উপজেলার ২নং চৈক্ষ্যং ইউনিয়নের ২নং ওয়ার্ডের বটতলী পাড়ার একমাত্র কালভার্টটি ভেঙে যাওয়ায় পুরো এলাকার সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন এলাকার প্রায় ১০০টি পরিবার।
সরেজমিনে দেখা যায়, কালভার্টটি সম্পূর্ণভাবে ভেঙে যাওয়ায় কোনো যানবাহন চলাচল করতে পারছে না। ফলে জরুরি রোগী হাসপাতালে নেওয়া, বাজারে মালামাল আনা-নেওয়া এবং শিক্ষার্থীদের স্কুল-মাদ্রাসায় যাতায়াত বন্ধ হয়ে গেছে।
এলাকার বাসিন্দা মো. সালাহউদ্দিন বলেন, "কালভার্ট ভাঙার পর থেকে আমরা যোগাযোগ বিচ্ছিন্ন। এখানকার বেশিরভাগ মানুষ কৃষিকাজ করেন এবং কয়েকটি পরিবারের মানুষ গাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করেন। গাড়ি বের করতে না পারায় তাদের আয়ের পথ বন্ধ হয়ে গেছে। অতি সত্তর এই সমস্যার সমাধান না হলে জনগণের কঠিন অবস্থার সম্মুখীন হতে হবে। এভাবে কিছুদিন গেলে কয়েকটি পরিবারকে না খেয়ে দিন পার করতে হবে।"
স্থানীয় সূত্রে জানা যায়, এই কালভার্টের জন্য পূর্বে একবার সরকারি বাজেট বরাদ্দ হলেও দীর্ঘদিনেও কাজ শুরু হয়নি। ফলে প্রতি বছর বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতেই কালভার্টটির ভয়াবহ অবস্থা লক্ষ্য করা গেলেও এবার পুরোপুরি ভেঙে যাওয়ায় সমস্যা প্রকট আকার ধারণ করেছে।
ভোগান্তির স্থায়ী সমাধানে এলাকাবাসী কালভার্টের পরিবর্তে একটি বড় পাকা ব্রীজ নির্মাণের দাবি জানিয়েছেন। তাদের মতে, ব্রীজ নির্মিত হলে সারাবছর যাতায়াত সচল থাকবে এবং স্থানীয় কৃষি ও ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে।
বটতলী পাড়ার জনগণ অবিলম্বে ক্ষতিগ্রস্ত কালভার্টের স্থানে একটি টেকসই ব্রীজ নির্মাণ করে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করার জন্য সরকার, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এবং উপজেলা প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন।
সংবাদটির ওপর ভিত্তি করে তাৎক্ষণিক একটি ব্যঙ্গাত্মক রাজনৈতিক কার্টুন তৈরি করুন।