বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম কঠোর সমালোচনা করে বলেছেন, দেশের মাটিতে বিভাজনের রাজনীতিকে কবর দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠা করেছিলেন, বর্তমান বিএনপি সেই মূল চেতনা ভুলে গিয়ে ফ্যাসিবাদী ধারার রাজনীতি অনুসরণ করছে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন যে, সদ্য ঘটে যাওয়া 'জুলাই বিপ্লবের' মাধ্যমে দেশের সাধারণ মানুষ যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখতে শুরু করেছে, একটি রাজনৈতিক দল সেই জন-আকাঙ্ক্ষাকে পিষে মারার অপচেষ্টা চালাচ্ছে।
মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)
বৃহস্পতিবার বিকালে বগুড়ার নন্দীগ্রামে মনসুর হোসেন ডিগ্রি কলেজ মাঠে বগুড়া-৪ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ড. মোস্তফা ফয়সাল পারভেজ আয়োজিত এক বিশাল ছাত্র ও যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জাহিদুল ইসলাম এসব কথা বলেন। তিনি বলেন, ইসলামী ছাত্রশিবির ‘জুলাই শহীদদের’ ত্যাগ ও স্বপ্ন নিয়ে কোনো প্রকার ছিনিমিনি খেলতে দেবে না। শহীদদের স্বপ্ন পূরণে জীবন বাজি রেখে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
শিবির সভাপতি বর্তমান ফ্যাসিবাদী শাসনামলের বিভীষিকা তুলে ধরে বলেন, এই সময়ে হাজার হাজার মানুষকে বিনা বিচারে হত্যা ও গুম করা হয়েছে। অসংখ্য শিবির নেতাকর্মীকে খুন করা হয়েছে, যাদের অনেকের এখনো কোনো খোঁজ মেলেনি। তিনি জোর দিয়ে বলেন, জুলাই বিপ্লবের মাধ্যমে যে অপার সম্ভাবনা তৈরি হয়েছে, তাকে কাজে লাগিয়ে আসন্ন জাতীয় নির্বাচনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীদের 'দাঁড়িপাল্লা' মার্কায় ভোট দিয়ে বিজয়ী করতে হবে, যাতে একটি বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়া সম্ভব হয়।
বক্তব্যের শুরুতে তিনি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে তার প্রতি শ্রদ্ধা জানান এবং দেশের জন্য তার অবদান এবং আগামীর বাংলাদেশ বিনির্মাণে তার অপরিহার্যতা তুলে ধরেন। সমাবেশে ডাকসুর ভিপি সাদিক কায়েম, চাকসুর ভিপি ইবরাহীম রনি এবং রাকসুর ভিপি মোস্তাকুর রহমান জাহিদসহ জামায়াত ও ছাত্রশিবিরের কেন্দ্রীয় ও স্থানীয় জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।