সিরাজগঞ্জ জেলা পুলিশের সাথে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এমপি'র এক আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (১৫ আগস্ট) শনিবার সিরাজগঞ্জে পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
মন্ত্রী পুলিশ অফিসে পৌঁছালে তাকে জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সম্মানসূচক ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়। উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সিরাজগঞ্জের পুলিশ সুপার মো: সাইফুল ইসলাম সানতু।
সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী উপস্থিত পুলিশ সদস্যদের বক্তব্য মনোযোগসহকারে শোনেন এবং পুলিশিং কার্যক্রমে তার সর্বোচ্চ সহযোগিতার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তিনি আইন-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিতকল্পে সিরাজগঞ্জ জেলা পুলিশের গৃহীত নানা উদ্যোগের প্রশংসা করেন। একই সাথে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে পুলিশ সদস্যদের আন্তরিকতা, পেশাদারিত্ব ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের তাগিদ দেন।
মতবিনিময় সভায় আগমনের জন্য সিরাজগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার মো: সাইফুল ইসলাম সানতু মন্ত্রীকে বিশেষ ধন্যবাদ জানান এবং জেলায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় পুলিশ সদস্যদের নিরলসভাবে কাজ করে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। সভা শেষে সিরাজগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে মন্ত্রীকে একটি সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়।
উক্ত মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস্) মোঃ হাফিজুর রহমান, জেলার সকল সার্কেল অফিসারগণ এবং জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জ (ওসি) এবং অন্যান্য ইউনিট ইনচার্জগণ।
সভা শেষে সিরাজগঞ্জের পুলিশ সুপার মো: সাইফুল ইসলাম সানতু জানান, জেলার সর্বসাধারণের নিরাপত্তা নিশ্চিত করা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশ সর্বদা পেশাদারিত্ব, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালনে অঙ্গীকারাবদ্ধ।