মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ময়মনসিংহের অধীনে অনুষ্ঠিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এ বছর বোর্ডে গড় পাশের হার দাঁড়িয়েছে ৫৭.৩৯ শতাংশ।
বোর্ড সূত্রে জানা যায়, মোট ১,০৯,৬১৩ জন পরীক্ষার্থী ফরম পূরণ করলেও পরীক্ষায় অংশ নেয় ১,০৫,০২৮ জন। এর মধ্যে ৬০,২৯৪ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।
বিশ্লেষণে দেখা গেছে, মোট পরীক্ষার্থীর মধ্যে ৫৩,৮৭৭ জন ছাত্র ও ৫১,১৫১ জন ছাত্রী। ছাত্রদের মধ্যে ২৮,৩৯২ জন পাস করে, তাদের পাশের হার ৫২.৬৬ শতাংশ। অন্যদিকে ছাত্রীদের মধ্যে ৩১,৯০২ জন উত্তীর্ণ হয়েছে, যা ৬২.৩৭ শতাংশ।
এ বছর ময়মনসিংহ শিক্ষাবোর্ডে সর্বোচ্চ ফলাফল জিপিএ-৫ পেয়েছে ৫,৭০০ জন শিক্ষার্থী। এর মধ্যে ২,৬২১ জন ছাত্র এবং ৩,০৭৯ জন ছাত্রী।
এছাড়া জিপিএ ৪.০০ থেকে কম ৫.০০ পেয়েছে ১৫,৭২৭ জন, জিপিএ ৩.৫০ থেকে কম ৪.০০ পেয়েছে ১৩,৭৯৯ জন, জিপিএ ৩.০০ থেকে কম ৩.৫০ পেয়েছে ১৪,২৭০ জন, জিপিএ ২.০০ থেকে কম ৩.০০ পেয়েছে ১০,৫৪৮ জন এবং জিপিএ ১.০০ থেকে কম ২.০০ পেয়েছে ২৫০ জন।
বিভাগভেদে পাশের হারে সবচেয়ে এগিয়ে রয়েছে বিজ্ঞান বিভাগ, যেখানে পাশের হার ৭১.৮৭ শতাংশ। মানবিক বিভাগে পাশের হার ৪৬.১২ শতাংশ এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৪৮.৯১ শতাংশ।
জেলাভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, পাশের হারে শীর্ষে রয়েছে নেত্রকোনা (৬০.৪৯%)। এরপর রয়েছে ময়মনসিংহ (৫৭.৮০%), জামালপুর (৫৫.৬০%) এবং শেরপুর (৫৫.৪১%)।
এ বছর বোর্ডের অধীনে ১৮৮টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং এতে অংশ নেয় ১,৩৪৪টি শিক্ষা প্রতিষ্ঠান। এর মধ্যে ১০টি প্রতিষ্ঠানে শতভাগ শিক্ষার্থী পাস করেছে, আর ৪টি প্রতিষ্ঠানে কেউ পাস করতে পারেনি।
সামগ্রিকভাবে, গত বছরের তুলনায় ফলাফলে মিশ্র চিত্র দেখা গেলেও ছাত্রীদের সাফল্য ও বিজ্ঞান বিভাগের এগিয়ে থাকা প্রবণতা এবারও অব্যাহত রয়েছে।