কুষ্টিয়ায় ‘থিয়েটার বায়স্কোপ’-এর পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

কুষ্টিয়ায় ‘থিয়েটার বায়স্কোপ’-এর পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন..

Badsha Alamgir avatar   
Badsha Alamgir
কুষ্টিয়ায় ‘থিয়েটার বায়স্কোপ’-এর পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন..
কুষ্টিয়ায় ‘থিয়েটার বায়স্কোপ’-এর পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন..
ছবি: সংগৃহীত

****

কুষ্টিয়ার জেলা শিল্পকলা একাডেমিতে কেক কেটে উদযাপন করা হয়েছে সাংস্কৃতিক সংগঠন ‘থিয়েটার বায়স্কোপ’-এর পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী। বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে ‘অনাদি থেকে অনন্তে’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনের সদস্য, নাট্যকর্মী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও কবিরা উপস্থিত ছিলেন।

থিয়েটার, টেলিভিশন নাটক, সিনেমা ও ইউটিউবের বিভিন্ন কনটেন্ট নিয়ে কাজ করছে থিয়েটার বায়স্কোপ। পাশাপাশি সংগঠনটির মাধ্যমে ক্যামেরা প্রশিক্ষণ, এডিটিং, অভিনয় কর্মশালা, কস্টিউম, মিউজিকসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ ও সৃজনশীল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। অভিনয় ও সংস্কৃতির বিভিন্ন শাখাকে একসঙ্গে নিয়ে নতুন ধারায় সংগঠনটিকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

নাট্য পরিচালক আমিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন থিয়েটার বায়স্কোপের সভাপতি রফিক উল্লাহ, কার্যকরী সভাপতি শাহিনুর রহমান রিকু, বোধন থিয়েটারের সেক্রেটারি জেনারেল আসলাম আলী, অনন্যা ৭৯ নাট্যদলের সভাপতি মনোজ মজুমদার , নন্দন থিয়েটারের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম খোকন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আলী মুজাহিদ, তৌফিক ডলার, আসলাম হোসেন এবং সুনিল কুমার।

থিয়েটার বায়স্কোপের সভাপতি রফিক উল্লাহ বলেন, হাটি হাটি পা পা করে থিয়েটার বায়স্কোপ পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীতে পদার্পণ করেছে। সংগঠনটিকে প্রচলিত ধারার বাইরে নতুনভাবে এগিয়ে নেওয়ার লক্ষ্যেই ‘বায়স্কোপ’ নামটি রাখা হয়েছে। শুধু থিয়েটার নয়, টেলিভিশন নাটক, সিনেমা এবং ইউটিউবের জন্য বিভিন্ন কনটেন্ট তৈরির কাজও করছে সংগঠনটি। তিনি আরও বলেন, ক্যামেরা প্রশিক্ষণ, এডিটিং, অভিনয় কর্মশালা, কস্টিউম ও মিউজিকসহ মিডিয়া ও নাট্যচর্চার বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। অভিনয় ও সংস্কৃতির বিভিন্ন শাখাকে সমন্বয় করে একটি সৃজনশীল প্ল্যাটফর্ম হিসেবে থিয়েটার বায়স্কোপকে এগিয়ে নেওয়াই তাদের লক্ষ্য।

কার্যকরী সভাপতি শাহিনুর রহমান রিকু বলেন, ২০২১ সালে থিয়েটার বায়স্কোপ প্রতিষ্ঠা করা হয়। প্রতিষ্ঠার শুরু থেকেই সিনেমা, টেলিভিশন নাটক ও মঞ্চ নাটক, এই তিনটি ধারায় কাজ শুরু করে সংগঠনটি। মঞ্চ নাটক থিয়েটার বায়স্কোপের নিজস্ব ব্যানারে এবং অন্যান্য দুটি মিডিয়া শাখার মাধ্যমেও বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। তিনি বলেন, বর্তমান নাট্যধারার বাইরে গিয়ে বিশ্বের বিভিন্ন দেশের নাট্যচর্চার সঙ্গে তাল মিলিয়ে দেশীয় নাটককে নতুন আঙ্গিকে মঞ্চে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে। বিশ্বের সঙ্গে পাল্লা দিয়ে বাংলাদেশের নাট্যচর্চাকে আরও সমৃদ্ধ ও আধুনিক জায়গায় নিয়ে যাওয়ার লক্ষ্য রয়েছে তাদের।

অনুষ্ঠানে বক্তারা বলেন, অভিনয় ও নাট্যচর্চার মাধ্যমে একজন শিল্পী নিজের প্রতিভাকে বিকশিত করার সুযোগ পান। থিয়েটার বায়স্কোপে নিয়মিত অনুশীলন, কর্মশালা ও হাতে-কলমে প্রশিক্ষণের মাধ্যমে নতুনদের অভিনয়ের পাশাপাশি মিডিয়ার বিভিন্ন বিষয়ে দক্ষ করে গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে।

থিয়েটার বায়স্কোপের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত নাট্যকর্মীরা জানান, অভিনয় শেখার জন্য এ ধরনের সংগঠনের সঙ্গে যুক্ত হওয়া গুরুত্বপূর্ণ। এখানে অভিজ্ঞদের কাছ থেকে নিয়মিত শেখার সুযোগ রয়েছে। নতুন প্রজন্মের অনেকেই সংগঠনটির মাধ্যমে অভিনয় ও মিডিয়ার বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ নিচ্ছেন।

নতুন যুক্ত হওয়া সদস্যরাও জানান, অল্প সময় ধরে থিয়েটার বায়স্কোপের সঙ্গে কাজ করলেও তারা এখান থেকে অনেক কিছু শিখতে পারছেন। সিনিয়রদের স্নেহ, ভালোবাসা ও সহযোগিতায় হাতে-কলমে অভিনয় শেখানো হচ্ছে। ভবিষ্যতে এখান থেকে অভিনয়ের দক্ষতা অর্জন করে ভালো অভিনেতা-অভিনেত্রী হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করার প্রত্যাশা রয়েছে তাদের।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, থিয়েটার বায়স্কোপের সভাপতি রফিক উল্লাহ, কার্যকরী সভাপতি শাহিনুর রহমান রিকু, সাধারণ সম্পাদক তৌফিক ডলার, নাট্য পরিচালক আমিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সোহান হাওলাদার, গাউছুল আজম, তুবাইয়া স্মৃতি, উরমিলা তন্নি পারিসা ও রুহান রাব্বি সহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

এছাড়াও উপস্থিত ছিলেন বোধন থিয়েটারের সেক্রেটারি জেনারেল আসলাম আলী, অনন্যা ৭৯ নাট্যদলের সভাপতি মনোজ কুমার, নন্দন থিয়েটারের সভাপতি সুনীল কুমার, সাধারণ সম্পাদক খোকন ইসলাম, বাংলা থিয়েটারের এস আই স্বাধীন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আলী মুজাহিদ এবং কবি উজীর উদ্দিন।

পরে অতিথি ও সংগঠনের সদস্যদের উপস্থিতিতে কেক কেটে থিয়েটার বায়স্কোপের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এ সময় সাংস্কৃতিক চর্চাকে আরও বিস্তৃত করার পাশাপাশি নতুন প্রজন্মকে অভিনয় ও মিডিয়ার বিভিন্ন ক্ষেত্রে দক্ষ করে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন সংগঠনের নেতৃবৃন্দ।

Keine Kommentare gefunden


News Card Generator