লালমনিরহাটের কালীগঞ্জে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে ইউসুফ আলী (৪৫) নামে এক ক্লিনিক পরিচালকের বিরুদ্ধে মামলা হয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) সকালে ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে কালীগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন।
অভিযুক্ত ইউসুফ আলী উপজেলার তুষভান্ডার ইউনিয়নের কাঞ্চনশ্বর (কানার বাজার) এলাকার মৃত আছমত আলীর ছেলে। পুলিশ জানিয়েছে, তিনি রংপুরের ‘নিউ রূপসী বাংলা ক্লিনিক’-এর পরিচালক।
মামলার এজাহার ও স্থানীয়দের বরাতে জানা যায়, অভিযুক্ত ইউসুফ আলী ওই পরিবারের সঙ্গে সুসম্পর্কের সুযোগে নিয়মিত তাদের বাড়িতে যাতায়াত করতেন। গত বৃহস্পতিবার দুপুরে পরিবারের অন্য সদস্যরা এক অসুস্থ শিশুকে নিয়ে হাসপাতালে গেলে কিশোরীকে বাড়িতে একা পেয়ে তিনি ঘরে ঢুকে দরজা বন্ধ করে জোরপূর্বক ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে। কিশোরী চিৎকার করার চেষ্টা করলে তাকে মারধর ও প্রাণনাশের হুমকি দিয়ে অভিযুক্ত পালিয়ে যান বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
পরে ভুক্তভোগীর শারীরিক অবস্থার অবনতি হলে স্বজনরা তাকে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়।
লালমনিরহাট সদর হাসপাতালের গাইনি ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত মিডওয়াইফ স্মৃতি রাণী জানান, প্রাথমিক চিকিৎসা ও শারীরিক পরীক্ষায় কিশোরীর শরীরে ধর্ষণের আলামত পাওয়া গেছে। বর্তমানে সে চিকিৎসাধীন রয়েছে।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, ঘটনার পর থেকে অভিযুক্ত ও তার স্বজনরা ঘটনার তথ্য গোপন রাখতে তাদের ভয়ভীতি দেখানোর পাশাপাশি হুমকি দিয়ে আসছেন। এ ঘটনায় অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন ভুক্তভোগীর মা।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক জানান, ভুক্তভোগী পরিবারের লিখিত অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে।