কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল। রোববার (২৯ নভেম্বর) শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় বাজার স্টেশন চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে এই কর্মসূচি শেষ হয়।
দেশব্যাপী কার্যনিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের পরিকল্পিত নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে এ প্রতিবাদী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব বলেন, দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ আবারও পরিকল্পিতভাবে নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টা চালাচ্ছে। জনগণের জানমাল রক্ষায় যুবদলের নেতাকর্মীরা রাজপথে থেকে যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবে।
বিশেষ অতিথির বক্তব্যে সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, গণতন্ত্র ও দেশের মানুষের অধিকার নস্যাৎ করার জন্য পরাজিত শক্তি নতুন করে চক্রান্ত শুরু করেছে। রাজপথে ঐক্যবদ্ধ প্রতিরোধের মাধ্যমেই তাদের সব অপতৎপরতা রুখে দেওয়া হবে।
সিরাজগঞ্জ জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আলামিন খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদের সঞ্চালনায় কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শামীম খান, হারুন অর রশিদ খান হাসান, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সুইট, শহর বিএনপির সাধারণ সম্পাদক মুন্সী জাহেদ আলম, আনোয়ার হোসেন রাজেশ এবং জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েস।
এ ছাড়া সদর উপজেলা যুবদলের সভাপতি গোলাম কিবরিয়া বরাত, সাধারণ সম্পাদক তৌহিদ আলম, শহর যুবদলের সভাপতি সজিব খান, সাধারণ সম্পাদক আলামিন প্রামানিক, আব্দুল হাকিম, জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুশুম রেওয়াজ তুহিন এবং ছাত্রদল নেতা স্বপন ও জীবনসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মী মিছিল ও সমাবেশে অংশ নেন।
「Eye News BD」アプリ
コメント 0