আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে বোয়ালমারীতে বিএনপির একাংশের মোটরসাইকেল শোডাউন

ইকবাল হোসেন লিমন, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:
Partilhar no Eidok
আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে বোয়ালমারীতে বিএনপির একাংশের মোটরসাইকেল শোডাউন
Foto: arquivo

ফরিদপুরের বোয়ালমারীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে মোটরসাইকেল শোডাউন ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। রবিবার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে বোয়ালমারী রেলওয়ে স্টেশন এলাকা থেকে শোডাউনটি শুরু হয়। পরে পৌর সদর বাজার ও উপজেলার চতুল ইউনিয়নের বাইখীর চৌরাস্তা, শেখরের সহস্রাইল, রুপাপাত বাজার, পরমেশ্বরদীর জয়পাশা ও ময়েনদিয়া, দাদপুরের চিতারবাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।

বোয়ালমারী সরকারি কলেজের সাবেক ভিপি ও উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সামসুদ্দিন মিয়া ঝুনুর নির্দেশনায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি ডা. আব্দুস সবুরের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন সামসুদ্দিন মিয়া ঝুনু। তিনি বলেন, ‘পতিত স্বৈরাচারী সরকারের দোসর ও নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ দেশজুড়ে পুনরায় সন্ত্রাস, গুপ্ত হামলা ও নৈরাজ্য সৃষ্টির গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করে গণতন্ত্রকে বাধাগ্রস্ত করতে চায়। কিন্তু বিএনপির নেতাকর্মীরা রাজপথে সজাগ রয়েছেন। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা রক্ষা এবং সব ধরনের অপতৎপরতা রুখে দিতে আমরা যেকোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত।’

তিনি আরও বলেন, ‘দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা একটি বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে কাজ করছি। কোনো অপশক্তিকেই আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না।’

বোয়ালমারী সরকারি কলেজের সাবেক জিএস ও বিএনপি নেতা জাহাঙ্গীর আলম মুকুলের সঞ্চালনায় কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান বাবু, বিএনপি নেতা মফিজুর কাদের খান মিল্টন, পৌর বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম কালা মিয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর মিনাজুর রহমান লিপন, চতুল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি একলিম শরীফ, শ্রমিক দল নেতা কামাল হোসেন, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি বিশ্বজিৎ সরকার, যুবদল নেতা খন্দকার শামীম, ছাত্রদল নেতা জুয়েল ও শাহবাজ প্রমুখ।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Comentários 0

Nenhum comentário encontrado

Artigos relacionados