পাখির কলকাকলে মুখর বিল এখন শিকারিদের দখলে, রাতের আঁধারে চলছে নিধন ও বেচাকেনা

এয়ারগান, কারেন্ট জাল ও কৃত্রিম ডাক ব্যবহার করে শিকার; গোপনে চলছে কেনাবেচা, কার্যকর নজরদারি ও কঠোর অভিযানের দাবি..
Поделиться в Eidok
পাখির কলকাকলে মুখর বিল এখন শিকারিদের দখলে, রাতের আঁধারে চলছে নিধন ও বেচাকেনা
Фото: из открытых источников

শীতের আগমনী বার্তার সঙ্গে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খাল-বিল, নদীনালা, ধানক্ষেত ও মৎস্যঘেরগুলোতে বাড়তে শুরু করেছে পরিযায়ী পাখির আনাগোনা। সুদূর হিমালয়, সাইবেরিয়া ও উত্তরাঞ্চলের শীতপ্রধান এলাকা থেকে হাজার হাজার মাইল পথ পাড়ি দিয়ে এসব পাখি আশ্রয় নিচ্ছে সাতক্ষীরা ও খুলনার পাইকগাছাসহ আশপাশের জলাভূমিতে। কিন্তু নিরাপদ আশ্রয়ের সন্ধানে আসা এসব পাখির জন্য অপেক্ষা করছে ভয়ংকর বিপদ। একশ্রেণির অসাধু শিকারির পাতা ফাঁদ, এয়ারগান, কারেন্ট জাল ও বিষটোপে প্রতিনিয়ত প্রাণ হারাচ্ছে দেশি-বিদেশি নানা প্রজাতির পাখি।

স্থানীয়দের অভিযোগ, সাতক্ষীরা সদর ও আশপাশের বিল এবং পাইকগাছা উপজেলার বিস্তীর্ণ জলাশয়গুলোতে শীত মৌসুমকে কেন্দ্র করে সক্রিয় হয়ে উঠেছে পাখি শিকারি চক্র। দিনের আলো থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত নানা কৌশলে চলছে পাখি নিধন। শিকার করা পাখির একটি অংশ স্থানীয়ভাবে গোপনে বিক্রি হচ্ছে। এমনকি মুঠোফোনে অর্ডার নিয়ে মোটরসাইকেলে ক্রেতার বাড়িতে পৌঁছে দেওয়ার অভিযোগও রয়েছে।

প্রকৃতির সৌন্দর্য ও পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা পাখিদের এভাবে নির্বিচারে নিধন চলতে থাকলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জলাভূমির জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়বে বলে আশঙ্কা করছেন পরিবেশকর্মী ও সচেতন নাগরিকরা।

সাতক্ষীরা শহরের উপকণ্ঠের রাজারবাগান বিল, ডায়ের বিল, মাছখোলা বিল, হরিণখোলা, গোলপাতা বিল, দাঁতভাঙা বিল, গদাই ও খড়িবিলসহ বিভিন্ন জলাশয়ে পাখি শিকারের অভিযোগ উঠেছে। একসময় এসব বিল পাখির কলকাকলিতে মুখর থাকলেও বর্তমানে অনেক জায়গায় শিকারিদের তৎপরতায় পাখির নিরাপদ বিচরণ ব্যাহত হচ্ছে।

শিকারিরা বাঁশের চটা দিয়ে বিশেষ কাঠামো তৈরি করে তাতে সূক্ষ্ম লাইলনের সুতা দিয়ে ফাঁদ পাতছে। ফাঁদের সঙ্গে জীবন্ত ছোট মাছ বেঁধে রাখা হয়। মাছের লোভে বক কিংবা পানকৌড়ি কাছে এলেই তাদের গলা বা পায়ে পেঁচিয়ে যাচ্ছে সুতা। ছাড়া পাওয়ার চেষ্টা করতে গিয়ে অনেক পাখি আরও বেশি জড়িয়ে পড়ে মারা যাচ্ছে।

স্থানীয় কৃষকদের দাবি, শুধু রাজারবাগান বিল থেকেই প্রতিদিন এ ধরনের ফাঁদে ২০ থেকে ৩০টি বক ধরা পড়ছে। আশপাশের বিল ও ঘেরেও বিভিন্ন কৌশলে পাখি শিকারের ঘটনা ঘটছে।

রাতের আঁধারে শিকারিদের তৎপরতা আরও বেড়ে যায়। জলাশয়ের বিভিন্ন স্থানে টাঙানো হচ্ছে কারেন্ট জাল। কোথাও কৃত্রিম পাখির মডেল বসিয়ে, আবার কোথাও সাউন্ড বক্স ও মুঠোফোনে ধারণ করা পাখির ডাক বাজিয়ে পাখিদের আকৃষ্ট করা হচ্ছে। নিজেদের প্রজাতির ডাক মনে করে পাখিরা নিচে নেমে এলেই জাল কিংবা এয়ারগানের নিশানায় পড়ছে।

খুলনার পাইকগাছা উপজেলাতেও পরিযায়ী ও দেশীয় পাখি শিকারের অভিযোগ উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। উপজেলার কচুবুনিয়া, বাসাখালী, বাইশারাবাদ, তেঁতুলতলা, লতা, হানিমুনকিয়া, বাহিরবুনিয়া, দেলুটি, সোলাদানা, চকবগুড়া, খড়িয়া, আমিরপুর, বাইনবাড়ীয়া ও কুমখালী এলাকার ধানক্ষেত, খাল-বিল, জলাশয় ও চিংড়িঘেরে শিকারিদের ফাঁদ পাতার অভিযোগ রয়েছে।

শীতের শুরুতেই পাখির আগমন বাড়ার সুযোগ নিয়ে স্থানীয় ও বহিরাগত শিকারিরা বিভিন্ন কৌশলে শিকারে নামছে বলে জানিয়েছেন স্থানীয়রা। বাঁশ পুঁতে জাল টাঙানো, কৃত্রিম পাখি ব্যবহার, বাঁশি ও সাউন্ড বক্সে নকল ডাক বাজিয়ে বালিহাঁস, কালিম, বক ও বুরিসহ বিভিন্ন প্রজাতির পাখি শিকার করা হচ্ছে। কোথাও কোথাও বিষ মেশানো খাবার ছড়িয়ে পাখি হত্যার অভিযোগও উঠেছে।

স্থানীয়দের ভাষ্য, রাতের আঁধারে জলাশয় ও ধানক্ষেতে ফাঁদ পেতে ভোর হওয়ার আগেই তা সরিয়ে নেওয়া হয়। ফলে অনেক ক্ষেত্রে শিকারিদের শনাক্ত করা কঠিন হয়ে পড়ছে।

পাখি নিধনের পাশাপাশি গড়ে উঠেছে গোপন কেনাবেচার নেটওয়ার্ক। অভিযোগ রয়েছে, রাতের আঁধারে শিকার করা পাখি ভোরবেলা ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে বিক্রি করা হয়। স্থানীয় হাটবাজারের আড়ালেও চলে কেনাবেচা।

আরও উদ্বেগজনক বিষয় হলো, মুঠোফোনে ক্রেতার কাছ থেকে অর্ডার নিয়ে মোটরসাইকেলে সরাসরি বাড়িতে পাখি পৌঁছে দেওয়ার অভিযোগ রয়েছে। শখ, ভোজ কিংবা তথাকথিত স্বাস্থ্যকর মাংসের চাহিদা থেকেই এ অবৈধ বাণিজ্য টিকে আছে বলে মনে করছেন সচেতন মহল।

পরিবেশকর্মীদের মতে, শুধু শিকারিদের আটক করলেই এ অপরাধ বন্ধ হবে না। পাখির মাংসের ক্রেতা, বিক্রেতা ও মধ্যস্বত্বভোগীদেরও আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে পাখির মাংস কেনাবেচা সামাজিকভাবে নিরুৎসাহিত করতে হবে।

পাখি প্রকৃতির অলংকার হওয়ার পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিভিন্ন প্রজাতির পাখি ক্ষতিকর পোকামাকড়, শামুক, কেঁচো ও ছোট জলজ প্রাণী খেয়ে প্রাকৃতিকভাবে খাদ্যশৃঙ্খল নিয়ন্ত্রণে রাখে।

বিশেষ করে কৃষি ও মৎস্যনির্ভর সাতক্ষীরা ও পাইকগাছার মতো এলাকায় পাখির উপস্থিতি জলাভূমি ও কৃষিজমির প্রাকৃতিক পরিবেশ বজায় রাখতে সহায়তা করে।

নির্বিচারে পাখি নিধন চলতে থাকলে খাদ্যশৃঙ্খলে ভারসাম্য নষ্ট হতে পারে। ক্ষতিকর পোকামাকড়ের বিস্তার বাড়লে কৃষকদের রাসায়নিক কীটনাশকের ওপর নির্ভরতা বাড়ার আশঙ্কা রয়েছে। এতে মাটি, পানি ও জনস্বাস্থ্যের ওপরও বিরূপ প্রভাব পড়তে পারে।

অন্যদিকে প্রতিবছর নিরাপদ আশ্রয়ের সন্ধানে আসা পরিযায়ী পাখিরা যদি এ অঞ্চলে শিকার ও মৃত্যুর মুখোমুখি হয়, তাহলে ভবিষ্যতে এসব জলাভূমিতে তাদের আগমন কমে যেতে পারে। হারিয়ে যেতে পারে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বহু পরিচিত পাখির প্রজাতি।

বন্যপ্রাণী সংরক্ষণে দেশে আইনগত বিধান থাকলেও মাঠপর্যায়ে তার কার্যকর প্রয়োগ নিয়ে প্রশ্ন রয়েছে। বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০২৬-এর উল্লেখ করে সংশ্লিষ্টদের ভাষ্য, পাখি শিকার, হত্যা, আটক, ক্রয়-বিক্রয় ও পরিবহন দণ্ডনীয় অপরাধ। অপরাধের ধরন ও পুনরাবৃত্তি অনুযায়ী কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রয়েছে। বিপন্ন প্রজাতির পাখি অবৈধভাবে আটকে রাখার ক্ষেত্রেও কঠোর শাস্তির বিধান রয়েছে।

তালা উপজেলা ওয়াইল্ডলাইফ মিশনের সভাপতি জুলফিকার রায়হান জানান, সচেতনতামূলক ক্যাম্পেইন ও বিভিন্ন অভিযানের মাধ্যমে কিছু এয়ারগান ও পাখি ধরার ফাঁদ উদ্ধার করা হয়েছে। তবে বন বিভাগের জনবল কাঠামো অপ্রতুল হওয়ায় বিস্তীর্ণ এলাকায় কার্যকর নজরদারি চালানো কঠিন হয়ে পড়ছে। প্রশাসনের কাছ থেকেও প্রত্যাশিত সহযোগিতা পাওয়া যাচ্ছে না বলে তিনি উল্লেখ করেন।

তিনি ডুমুরিয়া অঞ্চল থেকে আসা বিশেষ সাউন্ড বক্স ও কারেন্ট জালের ব্যবহার বন্ধে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাকিবুর রহমান বাবলা বলেন, রাতের আঁধারে পাখি শিকার ও গোপনে বিক্রির প্রবণতা বন্ধে প্রশাসনিক নজরদারি আরও জোরদার করা প্রয়োজন। এ জন্য এলাকাভিত্তিক প্রতিরোধ সেল গঠন, রাতে পুলিশ ও জনপ্রতিনিধিদের মাধ্যমে মনিটরিং, নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা এবং গ্রামপুলিশ ও আনসারের মাধ্যমে নজরদারি বাড়ানোর দাবি জানান তিনি।

সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হুসাইন জানিয়েছেন, পাখি শিকার দণ্ডনীয় অপরাধ। এ বিষয়ে দ্রুত অভিযান পরিচালনা করে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরীও পাখি শিকারকে আইনত দণ্ডনীয় অপরাধ উল্লেখ করে বলেন, সুনির্দিষ্ট তথ্য পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। বিলে বিলে অভিযানও অব্যাহত রয়েছে।

সচেতন মহলের মতে, শুধু প্রশাসনিক অভিযান দিয়ে পাখি নিধনের মতো বিস্তৃত অপরাধ পুরোপুরি বন্ধ করা সম্ভব নয়। এজন্য প্রয়োজন স্থানীয় মানুষের সম্মিলিত প্রতিরোধ। ঘেরমালিক, কৃষক, জেলে, শিক্ষক, শিক্ষার্থী, জনপ্রতিনিধি, সাংবাদিক ও পরিবেশকর্মীদের সমন্বয়ে জলাভূমিভিত্তিক নজরদারি ব্যবস্থা গড়ে তুলতে হবে।

কোনো বিল কিংবা ঘেরের পাশে পাখি ধরার ফাঁদ, কারেন্ট জাল বা শিকারের সরঞ্জাম দেখা গেলে দ্রুত প্রশাসনকে জানাতে হবে। একই সঙ্গে পাখি শিকারিদের পাশাপাশি অবৈধ ক্রেতা ও বিক্রেতাদের বিরুদ্ধেও সামাজিক ও আইনগত প্রতিরোধ গড়ে তুলতে হবে।

পরিযায়ী পাখিরা কোনো দেশের সীমানা মানে না। হাজার হাজার মাইল পথ পাড়ি দিয়ে তারা আমাদের জলাভূমিতে আসে নিরাপদ আশ্রয়ের আশায়। অথচ মানুষের লোভ ও নিষ্ঠুরতায় সেই আশ্রয়ই যদি মৃত্যুকূপে পরিণত হয়, তাহলে তা শুধু পাখির জন্য নয়, আমাদের পরিবেশ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্যও অশনিসংকেত।

প্রকৃতির এই অতিথিদের বাঁচিয়ে রাখা মানে নিজেদের অস্তিত্ব, কৃষি ও জীববৈচিত্র্যকে সুরক্ষিত রাখা। তাই সাতক্ষীরা ও পাইকগাছার বিলগুলোকে শিকারিদের অভয়ারণ্য নয়, পাখিদের নিরাপদ আবাসস্থল হিসেবে গড়ে তুলতে এখনই কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Комментарии 0

Комментариев нет

Статьи по Теме

লালমনিরহাটে পুলিশের অভিযান, জাল নোটসহ গ্রেপ্তার ২ Преступление লালমনিরহাটে পুলিশের অভিযান, জাল নোটসহ গ্রেপ্তার ২ 10 Views যৌথ বাহিনীর অভিযানে খুলনার শুটার ইমরানসহ গ্রেফতার ৫ Преступление যৌথ বাহিনীর অভিযানে খুলনার শুটার ইমরানসহ গ্রেফতার ৫ 47 Views আশাশুনিতে জমি নিয়ে পারিবারিক বিরোধ: যুবদল নেতার বিরুদ্ধে হামলা-হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় পরিবার Преступление আশাশুনিতে জমি নিয়ে পারিবারিক বিরোধ: যুবদল নেতার বিরুদ্ধে হামলা-হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় পরিবার 62 Views ঈশ্বরগঞ্জ ইউএনও কার্যালয়ের নিচতলায় বিস্ফোরণ, আতঙ্ক Преступление ঈশ্বরগঞ্জ ইউএনও কার্যালয়ের নিচতলায় বিস্ফোরণ, আতঙ্ক 40 Views মাধবদীতে রিসোর্টের কাজে বাধা ও চাঁদাবাজির অভিযোগের পর পাল্টা মানববন্ধন, এলাকায় উত্তেজনা Преступление মাধবদীতে রিসোর্টের কাজে বাধা ও চাঁদাবাজির অভিযোগের পর পাল্টা মানববন্ধন, এলাকায় উত্তেজনা 362 Views নেত্রকোনায় ছাত্রদল নেতাকে কাফনের কাপড় পাঠিয়ে হ-ত্যা-র হু-ম-কি: রাজনৈতিক অস্থিরতায় জনমনে আ-তঙ্ক Преступление নেত্রকোনায় ছাত্রদল নেতাকে কাফনের কাপড় পাঠিয়ে হ-ত্যা-র হু-ম-কি: রাজনৈতিক অস্থিরতায় জনমনে আ-তঙ্ক 28 Views সহিংসতা ও নাশকতার পরিকল্পনায় সাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রী ও শ্যালক আটক Преступление সহিংসতা ও নাশকতার পরিকল্পনায় সাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রী ও শ্যালক আটক 23 Views