ফরিদপুরের ভাঙ্গায় উপজেলা কৃষক দলের সহসাংগঠনিক সম্পাদক রাজু মোল্লা (৪০) হত্যার ঘটনায় সাবেক সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সনকে প্রধান আসামি করে মামলা করা হয়েছে। মামলায় ৯৬ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে।
নিহত রাজু মোল্লার স্ত্রী রিয়া বেগম বাদী হয়ে শনিবার দিবাগত রাত ১২টার দিকে ভাঙ্গা থানায় মামলাটি দায়ের করেন। মামলার এজাহারে নিক্সন চৌধুরীকে ১ নম্বর আসামি করা হয়েছে। তাঁর ৯৫ জন অনুসারীর নামও এজাহারে উল্লেখ রয়েছে।
গত ১৭ নভেম্বর মঙ্গলবার রাত সোয়া ৯টার দিকে ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় হামলার শিকার হন রাজু মোল্লা। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মামলার এজাহারে বাদী অভিযোগ করেন, নিক্সন চৌধুরীর নির্দেশনা ও অর্থায়নে অন্য আসামিরা হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়ক অবরোধ করেন। এ সময় তাঁরা মশাল জ্বালিয়ে সড়কে ইটের খোয়া, পাথরের টুকরা ও বাঁশের লাঠি রাখেন। তাঁদের হাতে সড়কি, রামদা, চাপাতি ও ককটেলের মতো দেশীয় অস্ত্র ছিল বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।
এজাহারের বর্ণনা অনুযায়ী, রাত পৌনে ৮টার দিকে আসামিরা মোটরসাইকেলসহ রাজু মোল্লাকে আটকান। এ সময় ২ নম্বর আসামি পৌরসভার হাজরাহাটি এলাকার শাহাদাৎ খয়রাতি (৪১) ধারালো সড়কি দিয়ে রাজুর কোমরের ডান পাশে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন।
এ ছাড়া ৩ নম্বর আসামি আল আমিন (৪৫), ৪ নম্বর আসামি ভাঙ্গা পৌর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আসিবুর রহমান ফারহান (৪২), ৬ নম্বর আসামি নিষিদ্ধ ছাত্রলীগের ভাঙ্গা উপজেলা কমিটির আহ্বায়ক আশিকুজ্জামান (৩৬), ১৫ নম্বর আসামি বালা মিয়া (৪৬), ১৮ নম্বর আসামি কামাল (৪৫) এবং ২১ নম্বর আসামি বেলায়েত মুন্সী (৩৮) রাজুকে মারধর করেন বলে অভিযোগ করা হয়েছে। একপর্যায়ে তাঁকে সড়কে টেনেহিঁচড়ে নেওয়া হয়। এতে তাঁর পেটের ডান পাশ থেকে ডান পায়ের হাঁটু পর্যন্ত চামড়া ছিলে যায় এবং শরীর রক্তাক্ত হয় বলে এজাহারে উল্লেখ রয়েছে।
এজাহারে আরও বলা হয়, খবর পেয়ে রাত সোয়া ৮টার দিকে ভাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ মিজানুর রহমান, এসআই খালিদ মাহমুদসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় আসামিরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন এবং এসআই খালিদ মাহমুদের কাছ থেকে একটি ওয়াকিটকি ছিনিয়ে নেন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পরে রাত ৯টার দিকে রাজু মোল্লাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মামলার বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা থানার এসআই মোহাম্মদ মিজানুর রহমান জানান, আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। ঘটনার দিন পুলিশ যে ২৬ জনকে আটক করেছিল, তাঁদের এ মামলায় আসামি করা হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তখনো তিনি এজাহারের কপি পেয়েছেন মাত্র। যাচাই-বাছাই করে এ বিষয়ে পরে জানাতে পারবেন।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, হত্যাকাণ্ডের ঘটনায় এরই মধ্যে ২৫ জনকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
নিহত রাজু মোল্লা ভাঙ্গা উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের বাকপুড়া গ্রামের আক্তার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষক দলের সহসাংগঠনিক সম্পাদক ছিলেন। এক ছেলে ও এক মেয়ের জনক রাজু মোল্লার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
Aplikasi 'Eye News BD'
Komentar 0