ফরিদপুরের বোয়ালমারীতে পারিবারিক বিরোধের জেরে দুই সন্তানকে নিয়ে কীটনাশক পান করা আছিয়া বেগমের (২৮) পরিবারের আর কেউ বেঁচে রইল না। ঘটনার দিন ছোট ছেলে জিসানের মৃত্যুর পর পাঁচ দিন ব্যবধানে মারা যান আছিয়া। সর্বশেষ ঘটনার ২০ দিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে পাঁচ বছর বয়সী মেয়ে তাবিয়া মিনহা।
গত ৩ নভেম্বর বোয়ালমারী পৌরসভার কলারণ গ্রামে বাবার বাড়িতে দুই সন্তানকে নিয়ে কীটনাশক পান করেন আছিয়া বেগম। ওই দিনই ১৯ মাস বয়সী ছেলে জিসানের মৃত্যু হয়। গুরুতর অসুস্থ আছিয়াকে হাসপাতালে নেওয়া হলেও পাঁচ দিন পর ৮ নভেম্বর তাঁর মৃত্যু হয়। দীর্ঘ ২০ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে সর্বশেষ ২৩ নভেম্বর চিকিৎসাধীন অবস্থায় মারা যায় মেয়ে তাবিয়া মিনহা।
পরিবারটির একমাত্র জীবিত সন্তান এখন ১০ বছর বয়সী দ্বীন ইসলাম। ঘটনার দিন সে মাদ্রাসায় থাকায় প্রাণে বেঁচে যায়। একে একে মা ও দুই ভাইবোনকে হারিয়ে শিশুটি এখন স্বজনহারা। অন্যদিকে তাদের বাবা আমিনুর শেখও বর্তমানে পলাতক রয়েছেন বলে জানা গেছে।
ঘটনার দিন গুরুতর অসুস্থ অবস্থায় আছিয়া ও তাঁর দুই সন্তানকে প্রথমে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনজনেরই মৃত্যু হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় ১২ বছর আগে বোয়ালমারী উপজেলার রূপাপাত গ্রামের আমিনুর শেখের সঙ্গে আছিয়ার বিয়ে হয়। পরিবারের অভিযোগ, দাম্পত্য কলহ, যৌতুকের জন্য চাপ, তালাকের হুমকি এবং স্বামীর দ্বিতীয় বিয়ের খবরকে কেন্দ্র করে আছিয়া মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান জানান, এ ঘটনায় আগেই একটি মামলা হয়েছে। আছিয়াকে আসামি করে তাঁর স্বামীর পরিবারের পক্ষ থেকে মামলাটি করা হয়েছিল। আছিয়ার মৃত্যু হওয়ায় তাঁর বিরুদ্ধে দায়ের করা মামলার বিষয়ে আইনগত প্রক্রিয়া অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
ওসি আরও জানান, স্বামী আমিনুর শেখের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে দণ্ডবিধির ৩০৬ ধারায় ব্যবস্থা নেওয়ার বিষয়টি রয়েছে। এ ছাড়া তাঁর বিরুদ্ধে নারী নির্যাতন ও যৌতুক দাবির মামলাও রয়েছে। বর্তমানে তিনি পলাতক রয়েছেন বলে জানান ওসি।
برنامه «Eye News BD»

نظرات 0