গোপালগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। সংঘর্ষের সময় কয়েক দফা উত্তেজনার মধ্যে চারটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। পাশাপাশি বেশ কয়েকটি দোকানে ভাঙচুর চালানো হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) রাতে গোপালগঞ্জ সদর উপজেলার চরমানিকদাহ ও ঘোষেরচর গ্রামের লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। জেলা শহরের গোপালগঞ্জ ক্রিকেট স্টেডিয়ামসংলগ্ন সড়ক এলাকায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ঘটনার সূত্রপাত হয় সোমবার বিকেলে। ওই সময় লঞ্চঘাট এলাকা থেকে শহরের উদ্দেশে একটি মিছিল বের করা হয়। মিছিল চলাকালে ঘোষেরচর গ্রামের এক যুবকের ওপর চরমানিকদাহ গ্রামের কয়েকজন যুবক হামলা চালিয়ে মারধর করেন বলে অভিযোগ ওঠে।
এই ঘটনার জের ধরে রাতে দুই গ্রামের লোকজনের মধ্যে উত্তেজনা তৈরি হয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সড়কজুড়ে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনায় আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সংঘর্ষের একপর্যায়ে সড়কে চারটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। এ ছাড়া কয়েকটি দোকানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এতে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক দেখা দেয়।
এ ঘটনায় দুই পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় পাঁচজনকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করে। সংঘর্ষের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
“Eye News BD”应用
注释 0