ঋণের কিস্তি পরিশোধে ব্যর্থতা, চড়া সুদে টাকা ধার নেওয়া এবং পাওনাদারদের সঙ্গে বিরোধ-সব মিলিয়ে ঘরছাড়া হয়েছে হবিগঞ্জের নবীগঞ্জের একটি পরিবার। প্রায় আট বছর ধরে বাড়ির বাইরে রয়েছেন মৌলদ আমিন চৌধুরী (৩১) ও তাঁর পরিবারের সদস্যরা। একসময় এলাকায় পরিচিত ব্যবসায়ী হিসেবে পরিচিত এই ব্যক্তি এখন কোথায় আছেন, তা জানেন না স্বজন কিংবা স্থানীয় পরিচিতজনেরাও।
মৌলদ আমিন চৌধুরী নবীগঞ্জ উপজেলার রুদ্রগ্রাম রোডের শিবপাশা এলাকার আশিকুর রহমান চৌধুরীর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, ব্যবসা পরিচালনার জন্য একাধিক এনজিও থেকে ঋণ নেওয়ার পাশাপাশি ব্যক্তিগতভাবেও কয়েকজনের কাছ থেকে টাকা ধার করেছিলেন তিনি। নির্ধারিত সময়ে ঋণ ও কিস্তির টাকা পরিশোধ করতে না পেরে একপর্যায়ে চড়া সুদে অন্যের কাছ থেকে টাকা নিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। তবে ঋণের বোঝা বাড়তে থাকায় শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পরে হামলার শিকার হওয়ার অভিযোগ তুলে পরিবারের সদস্যদের নিয়ে বাড়ি ছাড়েন তিনি।
এলাকার প্রবীণ বাসিন্দা জুয়েল আহমেদ বলেন, চড়া সুদে টাকা নেওয়ার কারণেই আশিকুর রহমান চৌধুরীর পরিবার বাড়িছাড়া হয়েছে। সুদের কারবারকে মারাত্মক মরণব্যাধি উল্লেখ করে তিনি বলেন, উচ্চ সুদের কারণে অল্প সময়ের মধ্যে আসল টাকার পরিমাণ কয়েক গুণ বেড়ে যায়। একপর্যায়ে ঋণগ্রহীতারা টাকা পরিশোধে ব্যর্থ হয়ে এলাকা ছাড়তে বাধ্য হন।
অন্যদিকে মৌলদ আমিনের অভিযোগ, ঋণের টাকা পরিশোধ নিয়ে বিরোধের জেরে একই এলাকার তাহের আলী, মুছুন, হোসাইন, রুবেল ও মাহমুদসহ কয়েকজনের সঙ্গে তাঁর বিরোধ সৃষ্টি হয়। এর জের ধরে একপর্যায়ে তাঁর বাড়িতে হামলা চালানো হয়। এতে তাঁর ভাইসহ চারজন আহত হন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় ৫৭৭/২৩ নম্বর মামলা, এলএসটি মামলা নম্বর ২৬৭৪/১৮ এবং পিটিশন মামলা নম্বর ১২০৩/২৩ আদালতে বিচারাধীন রয়েছে বলে জানান তিনি।
মৌলদ আমিনের আরও অভিযোগ, চলমান বিরোধের জেরে ২০২৫ সালের ২০ জুন তাঁর পরিবারের ওপর আবারও অতর্কিত হামলা চালানো হয়। এতে তাঁর ভাই মিনহাজ আমিন চৌধুরী গুরুতর আহত হন। এ সময় বাড়িঘরে হামলা ও ভাঙচুরের ঘটনায় প্রায় ৬০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও দাবি করেন তিনি।
ঋণের বোঝা থেকে শুরু হওয়া বিরোধ, চড়া সুদের কারবার এবং একের পর এক হামলার অভিযোগে পরিবারটির স্বাভাবিক জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। দীর্ঘ সময় ধরে বাড়ির বাইরে থাকা পরিবারটির বর্তমান অবস্থান ও নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।
App „Eye News BD“
Bemerkungen 0