প্রতিনিধিদলে মৌলভীবাজারের দুই সংসদ সদস্য এম নাসের রহমান ও ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী
##
বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপির নেতৃত্বে সরকারি সফরে পাকিস্তান গেছেন বাংলাদেশের একটি সংসদীয় প্রতিনিধিদল। এ প্রতিনিধিদলে অন্তর্ভুক্ত হয়েছেন মৌলভীবাজারের দুই সংসদ সদস্য এম নাসের রহমান ও ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী।
সোমবার (২৩ নভেম্বর) সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পাকিস্তানের উদ্দেশে রওনা হন প্রতিনিধিদলের সদস্যরা। আগামী ২৮ নভেম্বর সফর শেষে তাঁদের দেশে ফেরার কথা রয়েছে।
পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকারের আমন্ত্রণে এ সফর অনুষ্ঠিত হচ্ছে। সফরে বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদলের সদস্য হিসেবে অংশ নিচ্ছেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান এবং মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী।
এম নাসের রহমান জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। অন্যদিকে ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি।
একই জেলার দুই সংসদ সদস্যের এমন গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংসদীয় প্রতিনিধিদলে অন্তর্ভুক্তিকে মৌলভীবাজারের জন্য গৌরবের বিষয় হিসেবে দেখছেন স্থানীয় রাজনৈতিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা। তাঁদের মতে, এ সফরে অংশগ্রহণের মধ্য দিয়ে আন্তর্জাতিক পর্যায়ে সংসদীয় কার্যক্রমে মৌলভীবাজারের প্রতিনিধিত্ব আরও দৃশ্যমান হবে।
সংসদ সচিবালয়ের গত ১৭ নভেম্বরের সভার নোটিশ অনুযায়ী, সফরের সার্বিক প্রস্তুতি গ্রহণের লক্ষ্যে ১৯ নভেম্বর স্পিকারের কার্যালয়ে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
সংশ্লিষ্টরা আশা করছেন, এ উচ্চপর্যায়ের সফরের মাধ্যমে বাংলাদেশ ও পাকিস্তানের সংসদীয় পর্যায়ে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি, আইনসভা পরিচালনা ও সংসদীয় কার্যক্রমের অভিজ্ঞতা বিনিময় এবং দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার সুযোগ সৃষ্টি হবে।
Appen „Eye News BD“
Kommentarer 0