ফরিদপুর সদর উপজেলার রাজবাড়ী রাস্তার মোড়ে জেলা পরিষদের নবনির্মিত মার্কেট উদ্বোধন করা হয়েছে। নতুন এ মার্কেটকে ঘিরে স্থানীয় ব্যবসা-বাণিজ্যের প্রসার, কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন সম্ভাবনা তৈরি হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
সোমবার (২৩ নভেম্বর) বিকেলে জেলা পরিষদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে মার্কেটটির উদ্বোধন করা হয়। জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ আহমেদ।


এ সময় মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এবি সিদ্দিক মিতুল, কোতোয়ালি থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক চৌধুরী নাজমুল হাসান রঞ্জন, ফরিদপুর মহানগর কৃষক দলের সভাপতি অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন, সিনিয়র সহ-সভাপতি আবু বকর সিদ্দিক, ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহরিয়ার শিথিলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জেলা পরিষদের নবনির্মিত এই মার্কেট স্থানীয় ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটানোর পাশাপাশি নতুন কর্মসংস্থান সৃষ্টি ও এলাকার অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ফরিদপুর সদর উপজেলার উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে উল্লেখ করে এসব পরিকল্পনা বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন তাঁরা।
বক্তারা আরও বলেন, দেশে নৈরাজ্য ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডের যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশের স্থিতিশীলতা বজায় রাখা এবং উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।
এর আগে ফিতা কেটে ও ভিত্তিপ্রস্তর উন্মোচনের মাধ্যমে নবনির্মিত মার্কেটটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিথিরা।
'আই নিউজ বিডি' অ্যাপ
মন্তব্য 0