বাড়ির ফটকে কাফনের কাপড় পরানো পুতুল, এলাকায় আতঙ্ক

****
Del på Eidok
বাড়ির ফটকে কাফনের কাপড় পরানো পুতুল, এলাকায় আতঙ্ক
Foto: arkiv

পুতুলের বুকে বিঁধে রাখা বেলকাঁটা, চারপাশে লাল রং; রহস্য নিয়ে নানা আলোচনা

 

বাড়ির প্রধান ফটকের সামনে সাদা কাফনের কাপড় পরানো একটি পুতুল। পুতুলটির বুকে বিঁধে রাখা হয়েছে ১৫ থেকে ২০টি বেলকাঁটা। চারপাশে ছড়িয়ে রয়েছে লাল রং। পাশে পড়ে আছে গোলাপজলের বোতল ও আগরবাতির প্যাকেট। ফটকের সামনে আটা দিয়ে আঁকা বড় বৃত্তের ভেতরে রয়েছে ক্রস চিহ্নের মতো দুটি দাগ। সকালে এমন অস্বাভাবিক দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে পড়েন বাড়ির মালিক আলী হোসেন। খবর ছড়িয়ে পড়লে রহস্যময় পুতুলটি দেখতে আশপাশের গ্রামের মানুষের ভিড় জমে।

 

রোববার সকালে গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের শিরিশগুড়ি গ্রামে এ ঘটনা ঘটে। বাড়ির মালিক আলী হোসেন (৫৫) এলাকায় মাতবর হিসেবে পরিচিত। তিনি স্থানীয় বিভিন্ন বিষয়ে সালিশ-বিচার করে থাকেন। তবে কে বা কারা, কী উদ্দেশ্যে তাঁর বাড়ির সামনে এমন ঘটনা ঘটিয়েছে, তা নিয়ে এলাকায় কৌতূহল ও নানা আলোচনা তৈরি হয়েছে। কারও ধারণা, ব্যক্তিগত শত্রুতার জেরে তাঁকে ভয় দেখানোর জন্য এমনটি করা হয়েছে। আবার কেউ কেউ এর সঙ্গে জাদুটোনা বা কালোজাদুর বিষয় জড়িত বলে সন্দেহ করছেন।

 

আলী হোসেন জানান, শনিবার রাত ৮টার দিকে বাড়িতে প্রবেশ করে প্রধান ফটক বন্ধ করেন তিনি। এরপর আর বাইরে বের হননি। রোববার ভোরে ফজরের নামাজ শেষে ফটক খুলতেই চোখে পড়ে অস্বাভাবিক দৃশ্যটি। ফটকের সামনে আটা দিয়ে একটি বড় বৃত্ত আঁকা ছিল। এর ভেতরে ক্রস চিহ্নের মতো দুটি দাগের ওপর রাখা ছিল খড় দিয়ে তৈরি পুতুল। পুতুলটির বাম হাত ও বাম পা বাঁধা ছিল। বুকে বিঁধে রাখা হয়েছিল অসংখ্য বেলকাঁটা। বুকের ওপর সিঁদুরের মতো লাল রং এবং চারপাশেও লাল রঙের দাগ দেখা যায়। পাশে ছিল গোলাপজলের বোতল ও আগরবাতির প্যাকেট। আগরবাতি জ্বালানোর চিহ্ন হিসেবে ছাইও পড়ে ছিল।

 

আলী হোসেন বলেন, সকালে ফটক খুলেই এমন দৃশ্য দেখে অবাক হয়ে যান তিনি। এরপর বিষয়টি জানাজানি হলে লোকজন পুতুলটি দেখতে আসতে থাকেন। কেউ এটিকে শত্রুতার কারণে করা হয়েছে বলে মনে করছেন, আবার কেউ কুফুরি, জাদুটোনা কিংবা বান মারার বিষয় বলে মন্তব্য করছেন।

 

নিজের কোনো শত্রু নেই দাবি করে আলী হোসেন বলেন, তিনি ও তাঁর স্ত্রী বাড়িতে থাকেন। চারপাশে দেয়ালঘেরা বাড়ি। তাঁর ছেলে নেই, তিন মেয়েরই বিয়ে দিয়েছেন। দীর্ঘদিন সৌদি আরবে থাকার পর দেশে ফিরে প্রায় ১০ বছর ধরে ওই এলাকায় বসবাস করছেন। কারও সঙ্গে বিরোধ নেই বলেও দাবি করেন তিনি। কে বা কারা এবং কী কারণে এমন ঘটনা ঘটিয়েছে, তা বুঝতে পারছেন না।

 

স্থানীয় রাজনীতির বিষয়ে আলী হোসেন জানান, তিনি বিএনপির সমর্থক হলেও দলের কোনো পদে নেই। মিছিল-মিটিংয়েও অংশ নেন না। তাঁর পরিবারের সদস্যরাও বিএনপির রাজনীতির সমর্থক।

 

এলাকার বাসিন্দা ও স্বাস্থ্যকর্মী রুহুল আমীন বলেন, খবর পেয়ে সকালে তিনি ঘটনাস্থলে গিয়ে অস্বাভাবিক দৃশ্যটি দেখেন। এটি জাদুটোনা বা কালোজাদুর সঙ্গে সম্পর্কিত কিছু, নাকি কাউকে ভয় দেখানোর উদ্দেশ্যে করা হয়েছে, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, সেটিও স্পষ্ট নয়।

 

তিনি আরও জানান, স্থানীয়ভাবে আলী হোসেনের পরিবারের পরিচিতি রয়েছে। তিনি শিরিশগুড়ি গ্রামের প্রয়াত কমরুদ্দিন মাতবরের ছেলে। তাঁর বাবা এলাকায় সালিশ-বিচার করতেন। সেই সূত্রে গ্রামের বিভিন্ন সমস্যা ও আলোচনায় আলী হোসেনকেও ডাকা হয়।

 

এ বিষয়ে মাওনার চকপাড়া হাজী নজীব উল্লাহ দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মাওলানা মানছুরুল আলম বলেন, কাউকে ক্ষতি করার উদ্দেশ্যে জাদু করা কুফুরি। এ প্রসঙ্গে তিনি পবিত্র কোরআনের জাদু-সংক্রান্ত আয়াত এবং মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর ওপর জাদু করার একটি ঘটনা উল্লেখ করেন।

 

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, বিষয়টি জানার পর সকালে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ঘটনার সত্যতা পাওয়া গেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেননি।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Kommentarer 0

Ingen kommentarer fundet