বরগুনা

বরগুনা পৌরসভা কাজ না করেই পরিচ্ছন্নতা অভিযানের প্রচার, এআইয়ের ছবি দিয়ে মিথ্যাচার

জেলা প্রতিনিধি, বরগুনা।। 
Eidok-এ শেয়ার
বরগুনা পৌরসভা কাজ না করেই পরিচ্ছন্নতা অভিযানের প্রচার, এআইয়ের ছবি দিয়ে মিথ্যাচার
ছবি: সংগৃহীত

পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা না করেই তা সম্পন্ন হওয়ার প্রচার চালানোর অভিযোগ উঠেছে বরগুনা পৌরসভার বিরুদ্ধে। এ জন্য ব্যবহার করা হয়েছে পুরোনো ছবি।
এমনকি বাস্তবে নেই এমন দৃশ্য কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি করে পৌরসভার ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে। সরকারি প্রতিষ্ঠানের এমন প্রচারণায় তথ্যের সত্যতা, স্বচ্ছতা ও জবাবদিহি নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয় বাসিন্দারা ঘটনাটিকে দায়িত্বহীনতা ও জনগণের সঙ্গে মিথ্যাচার হিসেবে দেখছেন। কেউ কেউ এর পেছনে অনিয়ম ও দুর্নীতির আশঙ্কাও প্রকাশ করেছেন।
শনিবার দুপুরে বিষয়টি জানাজানি হলে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে।
পৌরসভা সূত্রে জানা যায়, শনিবার সকালে সরকার ঘোষিত নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে পরিচ্ছন্নতা অভিযান নিয়ে পৌরসভার ফেসবুক পেজে একটি পোস্ট দেওয়া হয়। সেখানে দাবি করা হয়, প্রতি শনিবারের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে বরগুনা জেলা পরিষদ-সংলগ্ন পুকুরের কচুরিপানা পরিষ্কার করা হয়েছে। পাশাপাশি ‘ডেঙ্গু মশক নিধন দিবস ২০২৬ উপলক্ষে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান’ শীর্ষক কর্মসূচির ব্যানারসহ মোট নয়টি ছবি প্রকাশ করা হয়। তবে ছবিগুলো যাচাই করে দেখা যায়, নয়টির মধ্যে সাতটিতেই ১৭ নভেম্বরের তারিখ রয়েছে। অর্থাৎ চার দিন আগের পরিচ্ছন্নতা কার্যক্রমের ছবি ব্যবহার করে শনিবারের অভিযান হিসেবে প্রচার করা হয়েছে। অন্যদিকে ব্যানারসহ দুটি ছবিতে এআইয়ের মাধ্যমে তৈরি দৃশ্য যুক্ত করা হয়েছে। এসব ছবিতে জেলা পরিষদ এলাকার বাস্তব পরিবেশের সঙ্গে মিল পাওয়া যায়নি। একটি ছবিতে দেয়ালের পাশে বাঁশঝাড় দেখা গেলেও বাস্তবে সেখানে কোনো বাঁশঝাড় নেই।
এ ছাড়া শনিবার সকাল থেকে বরগুনায় বৈরী আবহাওয়া বিরাজ করলেও প্রচারিত ছবিগুলোতে রৌদ্রোজ্জ্বল পরিবেশ দেখা গেছে। ফলে শনিবারের অভিযান নিয়ে পৌরসভার দেওয়া তথ্যের সত্যতা নিয়েও প্রশ্ন উঠেছে।
এ ঘটনায় স্বেচ্ছাসেবী সংগঠক মহিউদ্দিন অপু বলেন, ভুল তথ্য দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মানুষকে বিভ্রান্ত করার এমন কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সরকারি প্রতিষ্ঠানের এমন দায়িত্বহীন প্রচারণা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
পৌরসভার পরিচ্ছন্নতা শাখার কনজারভেন্সি পরিদর্শক সঞ্জীব চন্দ্র রায় বলেন, শনিবার আমরা অভিযানে গেলেও বৈরী আবহাওয়ার কারণে ফিরে এসেছি। তবে গত ১৭ নভেম্বরের পরিচ্ছন্নতা কার্যক্রমের কিছু ছবি আমার কাছে ছিল। সেগুলো পৌরসভার হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়েছিলাম। সেখান থেকে আমাদের স্টাফ জুয়েল পৌরসভার ফেসবুক পেজে ছবিগুলো পোস্ট করে। এর মধ্যে সে নিজে থেকে এআই দিয়ে তৈরি কিছু ছবিও যুক্ত করে। বিষয়টি ছড়িয়ে পড়লে এবং সমালোচনা শুরু হলে তাকে পোস্টটি মুছে ফেলতে বলি। পরে সে পুরোনো আরেকটি ভিডিও পোস্ট করেছে। এ বিষয়ে তাকে জবাবদিহির আওতায় আনা হবে।
বিষয়টি নিয়ে বরগুনা পৌরসভার প্রশাসক সজল চন্দ্র শীলের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
বরগুনা নাগরিক অধিকার সংরক্ষণ কমিটির সাবেক সাধারণ সম্পাদক মনির হোসেন কামাল বলেন, কাজ না করে এআই দিয়ে তৈরি ছবি ব্যবহার করে সেটিকে বাস্তব কার্যক্রম হিসেবে প্রচার করা নিঃসন্দেহে গুরুতর অপরাধ। এ ধরনের কর্মকাণ্ডকে দুর্নীতিও বলা যেতে পারে। ভুল তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করার ঘটনায় নিন্দা জানাই। প্রকাশিত ছবিগুলো যাচাই-বাছাই করে এর সঙ্গে পৌরসভার যেসব কর্মকর্তা-কর্মচারী জড়িত, তাদের শনাক্ত করতে হবে। তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি