মৌলভীবাজার

চায়ের ঐতিহ্যে রাজকীয় ছোঁয়া, মৌলভীবাজারে চালু হলো প্যাকেজিং ইউনিট

সিলেট অঞ্চলের চায়ের ঐতিহ্যকে আন্তর্জাতিক বাজারে ছড়িয়ে দিতে মৌলভীবাজারে চালু হয়েছে ‘সিলেট টি—দ্য ব্রাগানজা ব্লেন্ড’ প্যাকেজিং ইউনিট। রোববার (২২ নভেম্বর) পর্তুগিজ রাজপরিবারের সদস্য ইনফান্তা মারিয়া ফ্রান..
分享到 Eidok
চায়ের ঐতিহ্যে রাজকীয় ছোঁয়া, মৌলভীবাজারে চালু হলো প্যাকেজিং ইউনিট
图片:来源收集

 

 

চায়ের রাজধানীখ্যাত মৌলভীবাজারে চালু হলো ‘সিলেট টি—দ্য ব্রাগানজা ব্লেন্ড’-এর প্যাকেজিং ইউনিট। সিলেট অঞ্চলের চায়ের ঐতিহ্যকে ইউরোপসহ আন্তর্জাতিক বাজারে ছড়িয়ে দিতে যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান লন্ডন টি এক্সচেঞ্জের উদ্যোগে গড়ে তোলা হয়েছে এই ইউনিট। সংশ্লিষ্টদের আশা, পর্তুগিজ রাজপরিবারের ঐতিহাসিক পরিচিতিকে সঙ্গে নিয়ে নতুন এই ব্র্যান্ড আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের চায়ের পরিচিতি, ব্র্যান্ডিং ও রপ্তানিতে নতুন সম্ভাবনা তৈরি করবে।

রোববার (২২ নভেম্বর) সকালে মৌলভীবাজারে চা বাগানঘেঁষা এলাকায় স্থাপিত প্যাকেজিং ইউনিটটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন পর্তুগিজ রাজপরিবারের সদস্য ইনফান্তা মারিয়া ফ্রান্সিসকা দে ব্রাগাঞ্জা। এ সময় উপস্থিত ছিলেন লন্ডন টি এক্সচেঞ্জের চেয়ারম্যান শেখ অলিউর রহমান, বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ড. ইসমাইল হোসেন, চা বোর্ডের প্রকল্প ইউনিটের পরিচালক মো. রফিকুল ইসলামসহ দেশি-বিদেশি চা খাতের সংশ্লিষ্ট ব্যক্তিরা।

নতুন এই উদ্যোগের মধ্য দিয়ে বাংলাদেশের চায়ের দীর্ঘ ঐতিহ্যের সঙ্গে যুক্ত হলো পর্তুগালের ঐতিহাসিক রাজপরিবার ‘হাউস অব ব্রাগাঞ্জা’র পরিচিতি। আয়োজকদের মতে, ঐতিহ্য, গুণগত মান ও আন্তর্জাতিক ব্র্যান্ডিংয়ের সমন্বয়ে ‘সিলেট টি—দ্য ব্রাগানজা ব্লেন্ড’ ইউরোপের বাজারে বিশেষ অবস্থান তৈরি করতে পারে।

উদ্বোধনী অনুষ্ঠানে পর্তুগিজ রাজপরিবারের সদস্য ইনফান্তা মারিয়া ফ্রান্সিসকা দে ব্রাগাঞ্জা গণমাধ্যমকে বলেন, “এটি একটি বড় দায়িত্ব। কারণ, আপনাদের সবকিছুই আছে। চায়ের গুণগত মান রয়েছে, এর পেছনে রয়েছে অসাধারণ অভিজ্ঞতা এবং নিশ্চয়তা। এখানে আমার কাজ হলো সম্ভাব্য সেরা উপায়ে আপনাদের পণ্য—চা তুলে ধরা ও প্রচার করা।”

তিনি আরও বলেন, বাংলাদেশে আসার পর এখানকার চা-বাগান, প্রাকৃতিক সৌন্দর্য, মানুষের আন্তরিকতা এবং চায়ের গুণগত মান তাঁকে মুগ্ধ করেছে। সিলেটের চা বিশ্ববাজারে সেরা অবস্থানে পৌঁছাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তাঁর ভাষায়, বাংলাদেশ অত্যন্ত মূল্যবান একটি দেশ এবং চায়ের ক্ষেত্রে আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার যোগ্যতা এ দেশের রয়েছে।

লন্ডন টি এক্সচেঞ্জের চেয়ারম্যান শেখ অলিউর রহমান বলেন, বাংলাদেশের চায়ের আন্তর্জাতিক পরিচিতি বাড়াতে বাংলাদেশ চা বোর্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাঁদের লক্ষ্য, বিশ্বের প্রতিটি দেশে বাংলাদেশের চা, বিশেষ করে সিলেটের চায়ের পরিচিতি পৌঁছে দেওয়া।

তিনি জানান, ইতোমধ্যে বিশ্বের ১৪টি দেশ সিলেটের চা আমদানিতে আগ্রহ প্রকাশ করেছে। লন্ডন টি এক্সচেঞ্জের মাধ্যমে সিলেটের চা নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে কাজ শুরু হওয়ায় বিদেশি ক্রেতাদের মধ্যেও আগ্রহ তৈরি হয়েছে।

চায়ের গুণগত মান ও নিরাপত্তার বিষয়টি তুলে ধরে শেখ অলিউর রহমান বলেন, তাঁদের প্রতিষ্ঠানের কাছে মানই সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রতিটি চা পরীক্ষাগারে পরীক্ষা করা হয়। এতে ভোক্তারা নিশ্চিত হতে পারবেন যে, পণ্যটি নিরাপদ ও প্রাকৃতিক। এতে অতিরিক্ত রং, প্রিজারভেটিভ কিংবা অন্য কোনো উপাদান ব্যবহার করা হয় না।

চা খাত সংশ্লিষ্টরা জানান, চায়ের আন্তর্জাতিক বাজারে শুধু কাঁচা চা রপ্তানি নয়, ব্র্যান্ডিং, ব্লেন্ডিং ও আধুনিক প্যাকেজিংয়ের মাধ্যমে মূল্য সংযোজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। মৌলভীবাজারে চা-বাগানের সান্নিধ্যে গড়ে তোলা এই প্যাকেজিং ইউনিটের পাশাপাশি টি টেস্টিং সুবিধা ও ওয়্যারহাউস চালুর ফলে চায়ের মান নিয়ন্ত্রণ, সংরক্ষণ এবং রপ্তানি কার্যক্রম আরও গতিশীল হবে।

সংশ্লিষ্টদের প্রত্যাশা, পর্তুগিজ রাজপরিবারের সদস্যের সম্পৃক্ততা নতুন ব্র্যান্ডটির আন্তর্জাতিক পরিচিতি বাড়াতে সহায়ক হবে। একই সঙ্গে ইউরোপের বিভিন্ন দেশে সিলেটের চায়ের বাজার সম্প্রসারণ, ব্লেন্ডিং চায়ের রপ্তানি বৃদ্ধি এবং দেশের চা শিল্পে নতুন বিনিয়োগের পথ তৈরি হতে পারে।

সিলেট অঞ্চলের শত বছরের চা-ঐতিহ্যের সঙ্গে আন্তর্জাতিক ব্র্যান্ডিংয়ের এই সংযোগ দেশের চা শিল্পের জন্য কতটা সম্ভাবনাময় হয়ে ওঠে, এখন সেটিই দেখার বিষয়।

 
 
Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

注释 0

没有找到评论