En direct

সুন্দরবনে রাসপূর্ণিমার ধর্মীয় আনুষ্ঠানিকতা শুরু আজ, বসবেনা কোন মেলা

‎দুবলার চরে তিন দিন চলবে পূজা ও পুণ্যস্নান | সাধারণ পর্যটকদের প্রবেশাধিকার নেই, পাঁচ নৌপথে কঠোর নিয়ন্ত্রণ | প্লাস্টিক, আতশবাজি, মাইক ও উচ্চ শব্দে গান বাজানো নিষিদ্ধ..
Partager sur Eidok
সুন্দরবনে রাসপূর্ণিমার ধর্মীয় আনুষ্ঠানিকতা শুরু আজ, বসবেনা কোন মেলা
Photo : collectée

লাইভ আপডেট

০mises à jour
    সুন্দরবনে রাসপূর্ণিমার ধর্মীয় আনুষ্ঠানিকতা শুরু আজ, বসবেনা কোন মেলা

    ‎সুন্দরবনের দুবলার চরের আলোরকোলে আজ রোববার (২২ নভেম্বর) শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী রাসপূর্ণিমা পূজা ও পুণ্যস্নান। তিন দিনব্যাপী এ ধর্মীয় আয়োজন চলবে আগামী ২৪ নভেম্বর পর্যন্ত। তবে এবারও হচ্ছে না ঐতিহ্যবাহী রাসমেলা। সুন্দরবনের জীববৈচিত্র্য ও প্রাকৃতিক পরিবেশ রক্ষায় মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ সব ধরনের বিনোদনমূলক আয়োজন নিষিদ্ধ রেখেছে বন বিভাগ। শুধু অনুমতিপ্রাপ্ত সনাতন ধর্মাবলম্বী পুণ্যার্থীরা নির্ধারিত নিয়ম মেনে এ আয়োজনে অংশ নিতে পারবেন।

    ‎
    ‎বন বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী, রাসপূর্ণিমাকে কেন্দ্র করে কোনো দোকানপাট, বাণিজ্যিক স্টল, সাংস্কৃতিক অনুষ্ঠান কিংবা মেলার আয়োজন করা যাবে না। সাধারণ পর্যটক ও অন্য ধর্মাবলম্বীদের প্রবেশেরও অনুমতি নেই। ফলে অন্যান্য বছরের উৎসবমুখর বাণিজ্যিক আয়োজনের পরিবর্তে এবারও দুবলার চরে সীমিত পরিসরে ধর্মীয় আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হচ্ছে।
    ‎
    ‎কেন বন্ধ রাসমেলা
    ‎
    ‎প্রায় শত বছরের ঐতিহ্যবাহী রাসমেলা ২০২১ সাল থেকে বন্ধ রয়েছে। ১৯২৩ সালে সাধু হরিভজনের উদ্যোগে দুবলার চরে এ মেলার সূচনা হয় বলে প্রচলিত ইতিহাসে উল্লেখ রয়েছে। একসময় রাসপূর্ণিমাকে ঘিরে দেশের বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার পুণ্যার্থী, দর্শনার্থী ও পর্যটকের সমাগম হতো। বসত দোকানপাট, চলত কেনাবেচা ও সাংস্কৃতিক আয়োজন।
    ‎
    ‎তবে সংরক্ষিত বনাঞ্চলের পরিবেশ ও জীববৈচিত্র্যের ওপর বিরূপ প্রভাব, অতিরিক্ত মানুষের চাপ এবং মেলাকে কেন্দ্র করে বনের ভেতরে অনিয়ন্ত্রিত কর্মকাণ্ডের আশঙ্কায় বন বিভাগ মেলা বন্ধের সিদ্ধান্ত নেয়। ২০২১ সাল থেকে মেলা বন্ধ থাকলেও ধর্মীয় রীতি অনুযায়ী রাসপূজা ও পুণ্যস্নান প্রতিবছর অনুষ্ঠিত হচ্ছে।
    ‎
    ‎বন বিভাগের কর্মকর্তাদের মতে, সুন্দরবনের মতো সংবেদনশীল প্রাকৃতিক পরিবেশে বিপুল মানুষের সমাগম নিয়ন্ত্রণ করা জরুরি। বিশেষ করে রাসমেলাকে কেন্দ্র করে বনের ভেতরে অবৈধ কর্মকাণ্ড, বন্য প্রাণীর নিরাপত্তা বিঘ্নিত হওয়া এবং পরিবেশদূষণের ঝুঁকি এড়াতেই কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
    ‎
    ‎পাঁচ নৌপথে যাতায়াত, এককভাবে যাওয়ার সুযোগ নেই
    ‎
    ‎পুণ্যার্থীদের নিরাপদ যাতায়াত ও সুন্দরবনের সুরক্ষায় বন বিভাগ পাঁচটি নির্ধারিত নৌপথ ঠিক করেছে। এগুলো হলো—
    ‎
    ‎বুড়িগোয়ালিনী-কোবাডাক-বাতুলা-বোল নদী-পাটকোস্টা খাল-হংসরাজ নদী হয়ে দুবলার চর।
    ‎
    ‎কয়রা-কাশিয়াবাদ-খাসিটানা-বজবজা-আড়ুয়া শিবসা-শিবসা নদী-মরজাত হয়ে দুবলার চর।
    ‎
    ‎নলিয়ান স্টেশন থেকে শিবসা ও মরজাত নদী হয়ে দুবলার চর।
    ‎
    ‎ঢাংমারী অথবা চাঁদপাই স্টেশন থেকে তিনকোনা দ্বীপের পাশ দিয়ে পশুর নদ হয়ে দুবলার চর।
    ‎
    ‎বগী-বলেশ্বর-সুপতি-কচিখালী-শেলার চর হয়ে সুন্দরবনের বাইরে দিয়ে দুবলার চর।
    ‎
    ‎২২ নভেম্বর দিনের ভাটার সময় নির্ধারিত স্থান থেকে যাত্রা শুরু করতে হবে। বন বিভাগের নিরাপত্তাবেষ্টনীর মধ্যে দলবদ্ধভাবে যাতায়াত করতে হবে। ২৪ নভেম্বর ফিরতি যাত্রাও নির্ধারিত ব্যবস্থায় সম্পন্ন করতে হবে। কেউ ইচ্ছামতো আলাদাভাবে যাওয়া-আসা করতে পারবেন না।
    ‎
    ‎যেসব নিষেধাজ্ঞা মানতে হবে
    ‎
    ‎রাসপূর্ণিমা উপলক্ষে সুন্দরবনে প্রবেশ ও অবস্থানের ক্ষেত্রে বেশ কিছু কঠোর নির্দেশনা দিয়েছে বন বিভাগ। এর মধ্যে রয়েছে—
    ‎
    ‎· বন বিভাগের অনুমোদিত পাঁচটি নৌপথের বাইরে অন্য কোনো পথে যাতায়াত করা যাবে না।
    ‎· শুধু দিনের আলোতে নৌযান চলাচল করতে পারবে।
    ‎· বন বিভাগের তল্লাশিচৌকি ছাড়া অন্য কোথাও নৌযান থামানো বা নোঙর করা যাবে না।
    ‎· নৌযানে পর্যাপ্ত লাইফ জ্যাকেট ও লাইফবয়া রাখতে হবে।
    ‎· নৌযানে নিবন্ধন নম্বর ও যাত্রী ধারণক্ষমতা স্পষ্টভাবে প্রদর্শন করতে হবে।
    ‎· সুন্দরবনে প্রবেশের সময় প্রত্যেক পুণ্যার্থীকে দেওয়া টিকিট বা টোকেন সঙ্গে রাখতে হবে।
    ‎· আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক, হরিণ শিকারের ফাঁদ, দড়ি, কুড়াল ও গাছ কাটার করাতসহ অবৈধ সরঞ্জাম বহন করা যাবে না।
    ‎· একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের প্লেট, পানির বোতল, গ্লাস ও চামচ বহন ও ব্যবহার নিষিদ্ধ।
    ‎· নৌযান ও পুণ্যস্নানের স্থানে মাইক বা মাইক্রোফোনে উচ্চ শব্দে গান বাজানো যাবে না।
    ‎· পটকা ফোটানো, আতশবাজি পোড়ানো এবং শব্দদূষণ সৃষ্টি করে এমন কর্মকাণ্ড সম্পূর্ণ নিষিদ্ধ।
    ‎· বন বিভাগের নির্ধারিত ফি পরিশোধ ও অনুমতিপত্র ছাড়া প্রবেশ করা যাবে না।
    ‎
    ‎এসব নির্দেশনা অমান্য করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে পারে।
    ‎
    ‎নিরাপত্তায় বন বিভাগ, বিজিবি ও কোস্ট গার্ড
    ‎
    ‎পুণ্যার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে সুন্দরবনের নির্ধারিত নৌপথগুলোতে বন বিভাগ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও কোস্ট গার্ডের টহল জোরদার করা হয়েছে। হরিণ শিকার ও বন্য প্রাণীর ক্ষতি ঠেকাতেও বিশেষ নজরদারির ব্যবস্থা নেওয়া হয়েছে।
    ‎
    ‎বন বিভাগের অনুমতি পেতে পুণ্যার্থীদের জাতীয় পরিচয়পত্রের অনুলিপিসহ আবেদন করতে হবে। অনুমতিপত্রে সরকারি সিল দিয়ে নির্ধারিত নৌপথ উল্লেখ থাকবে। সুন্দরবনে প্রবেশের সময় মূল জাতীয় পরিচয়পত্র অথবা সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দেওয়া সনদ সঙ্গে রাখতে হবে। নৌযানের প্রবেশ, নোঙর ও যাত্রীর সংখ্যার ভিত্তিতে সরকারি নির্ধারিত ফি আদায় করা হবে। সব নৌযানকে দুবলার চরের আলোরকোলে স্থাপিত নিয়ন্ত্রণকক্ষে রিপোর্ট করতে হবে।
    ‎
    ‎প্রাকৃতিক পরিবেশ রক্ষায় বাড়তি সতর্কতা
    ‎
    ‎এবারের আয়োজনের আগে ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে দুবলার চরের কয়েকটি এলাকা প্লাবিত হয়েছে। ফলে পুণ্যার্থীদের যাতায়াত ও অবস্থানের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বনের প্রয়োজন দেখা দিয়েছে।
    ‎
    ‎বন বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, সুন্দরবনের প্রাণপ্রকৃতি, বন্য প্রাণী ও পরিবেশের নিরাপত্তা নিশ্চিত করাই এবারের আয়োজনের অন্যতম প্রধান বিবেচনা। ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনের পাশাপাশি বনের পরিবেশ যাতে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়ে পুণ্যার্থীদের সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।
    ‎
    ‎তিন দিনব্যাপী এ আয়োজন আগামী ২৪ নভেম্বর ভোরে বঙ্গোপসাগরের প্রথম জোয়ারে পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হবে। ঐতিহ্যবাহী রাসমেলা বন্ধ থাকলেও ধর্মীয় রীতি ও বিশ্বাসের ধারাবাহিকতায় সুন্দরবনের দুবলার চরে এবারও অনুষ্ঠিত হচ্ছে রাসপূর্ণিমার আনুষ্ঠানিকতা।
    ‎
    Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

    commentaires 0

    Aucun commentaire trouvé

    Articles Liés

    কাপ্তাই ও রাঙ্গুনিয়ার সংরক্ষিত বনে নতুন প্রজাতির সাপের আধিক্য: জীববৈচিত্র্যে গুরুত্বপূর্ণ সংযোজন Environment and Climate কাপ্তাই ও রাঙ্গুনিয়ার সংরক্ষিত বনে নতুন প্রজাতির সাপের আধিক্য: জীববৈচিত্র্যে গুরুত্বপূর্ণ সংযোজন 57 Views ঢেউয়ের শক্তি প্রশমনে দেশীয় প্রযুক্তি, উপকূলের সবুজ বেষ্টনী রক্ষায় নতুন উদ্যোগ Environment and Climate ঢেউয়ের শক্তি প্রশমনে দেশীয় প্রযুক্তি, উপকূলের সবুজ বেষ্টনী রক্ষায় নতুন উদ্যোগ 40 Views ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে স্থবির চাঁদপুর: নিম্নআয়ের মানুষের আয়ের পথ রুদ্ধ Environment and Climate ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে স্থবির চাঁদপুর: নিম্নআয়ের মানুষের আয়ের পথ রুদ্ধ 64 Views ঘূর্ণীঝড় আকভানের প্রভাব পড়েছে উপকূলের Environment and Climate ঘূর্ণীঝড় আকভানের প্রভাব পড়েছে উপকূলের 60 Views বঙ্গোপসাগরে প্রবল ঘূর্ণিঝড় আকভানের তাণ্ডব: উপকূলীয় এলাকায় ৩ নম্বর সতর্কসংকেত জারি Environment and Climate বঙ্গোপসাগরে প্রবল ঘূর্ণিঝড় আকভানের তাণ্ডব: উপকূলীয় এলাকায় ৩ নম্বর সতর্কসংকেত জারি 49 Views ওড়িশা উপকূলে আঘাত হানছে ঘূর্ণিঝড় ‘আকভান’: রেড অ্যালার্ট জারি অন্ধ্রপ্রদেশে Environment and Climate ওড়িশা উপকূলে আঘাত হানছে ঘূর্ণিঝড় ‘আকভান’: রেড অ্যালার্ট জারি অন্ধ্রপ্রদেশে 81 Views বৈরী আবহাওয়ায় মাছ ধরা বন্ধ দুবলারচরের জেলেদের Environment and Climate বৈরী আবহাওয়ায় মাছ ধরা বন্ধ দুবলারচরের জেলেদের 60 Views