জীবনের ঝুঁকি নিয়ে ৪০০টির বেশি অস্ত্র উদ্ধার, পুরস্কৃত হচ্ছেন সালথার ওসি তাঁর দল

****
Partager sur Eidok
জীবনের ঝুঁকি নিয়ে ৪০০টির বেশি অস্ত্র উদ্ধার, পুরস্কৃত হচ্ছেন সালথার ওসি তাঁর দল
Photo : collectée

গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় যখন চারদিকে আতঙ্ক ও বিশৃঙ্খল পরিস্থিতি বিরাজ করছিল, তখন জীবনের ঝুঁকি নিয়ে সেখানে প্রবেশ করে অস্ত্র উদ্ধার করেন ফরিদপুরের সালথা থানা পুলিশের সদস্যরা। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খানের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে ৪০০টির বেশি সরকারি ও ব্যক্তিমালিকানাধীন অস্ত্র উদ্ধার করে। পরে অস্ত্রগুলো নিরাপদে ফরিদপুর পুলিশ লাইনে নিয়ে সংরক্ষণ করা হয়।

ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে সাহসিকতা ও দায়িত্বশীলতার পরিচয় দেওয়ায় ওসি বাবলুর রহমান খানসহ তাঁর দলের সদস্যদের পুরস্কৃত করার ঘোষণা দিয়েছে ফরিদপুর জেলা পুলিশ।

গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল ৫টার দিকে এ অভিযান পরিচালনা করে সালথা থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে গত বৃহস্পতিবার সকাল থেকেই গোপালগঞ্জের বিভিন্ন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বেলা সাড়ে ১১টার দিকে দুর্বৃত্তরা মুকসুদপুর থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। কয়েক ঘণ্টাব্যাপী হামলা ও তাণ্ডবে থানার আসবাবপত্র, গুরুত্বপূর্ণ নথিপত্র এবং বেশ কয়েকটি যানবাহন পুড়ে যায়। এতে থানার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। একই সঙ্গে অস্ত্রাগারে সংরক্ষিত অস্ত্রের নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হয়।

এমন পরিস্থিতিতে খবর পেয়ে সালথা থানা থেকে ওসি মো. বাবলুর রহমান খানের নেতৃত্বে দুটি গাড়িতে ১০ থেকে ১২ জন পুলিশ সদস্যের একটি দল মুকসুদপুর থানায় পৌঁছায়। ঝুঁকি উপেক্ষা করে তাঁরা থানার ভেতরে প্রবেশ করেন। পরে অস্ত্রাগারের তালা ভেঙে ৪০০টির বেশি সরকারি ও ব্যক্তিমালিকানাধীন অস্ত্র উদ্ধার করেন। উদ্ধার করা অস্ত্রগুলো ফরিদপুর পুলিশ লাইনে নিয়ে নিরাপদে সংরক্ষণ করা হয়।

এ বিষয়ে সালথা থানার ওসি মো. বাবলুর রহমান খান বলেন, ১৯ নভেম্বর সকাল সাড়ে ১০টার দিকে লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জের বিভিন্ন স্থানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বেলা সাড়ে ১১টার দিকে দুর্বৃত্তরা মুকসুদপুর থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এতে থানার আসবাবপত্র, গুরুত্বপূর্ণ নথিপত্র ও কয়েকটি যানবাহন পুড়ে যায়। এমন পরিস্থিতিতে অস্ত্রাগারে সংরক্ষিত অস্ত্রের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়। দায়িত্বের অংশ হিসেবে সঙ্গীয় কর্মকর্তা ও ফোর্স নিয়ে তিনি মুকসুদপুর থানায় যান। পরে সেখান থেকে ৪০০টির বেশি সরকারি ও ব্যক্তিমালিকানাধীন অস্ত্র উদ্ধার করে ফরিদপুর পুলিশ লাইনে নিয়ে আসেন।

এদিকে, ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে সাহসিকতা, পেশাদারিত্ব, বিচক্ষণতা ও দায়িত্বশীলতার পরিচয় দেওয়ায় ওসি বাবলুর রহমান খানসহ তাঁর দলের সদস্যদের প্রশংসা করেছে ফরিদপুর জেলা পুলিশ। জেলা পুলিশের পক্ষ থেকে পাঠানো এক অভিনন্দনবার্তায় তাঁদের এ ভূমিকার জন্য আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানানো হয়।

ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী অভিনন্দনবার্তায় বলেন, প্রতিকূল পরিস্থিতিতে তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ, কর্তব্যনিষ্ঠা ও সমন্বিত কার্যক্রমের মাধ্যমে ওসি ও তাঁর দল বাংলাদেশ পুলিশের পেশাদারিত্ব এবং জননিরাপত্তা রক্ষার অঙ্গীকারের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাঁদের দায়িত্বশীল ভূমিকার স্বীকৃতিস্বরূপ জেলা পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ পুরস্কারে ভূষিত করা হবে বলেও জানান তিনি।

ওসি বাবলুর রহমান খান ও তাঁর দলের সাহসিকতায় অভিনন্দন জানিয়েছে ২৭তম আউটসাইড ক্যাডেট ২০০৫ ব্যাচ। ব্যাচের পক্ষ থেকে জানানো হয়, তাঁদের দুঃসাহসিকতা, পেশাদারিত্ব ও দায়িত্ববোধের এমন দৃষ্টান্ত পুরো ব্যাচের জন্য গর্বের।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

commentaires 0

Aucun commentaire trouvé