দুবলারচরের শুঁটকি পল্লীতে বৃষ্টিতে নষ্ট কয়েক কোটি টাকার মাছ

****
Поделиться в Eidok
দুবলারচরের শুঁটকি পল্লীতে বৃষ্টিতে নষ্ট কয়েক কোটি টাকার মাছ
Фото: из открытых источников

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে টানা চার দিনের ভারী বৃষ্টিতে সুন্দরবনের দুবলারচরের শুঁটকি পল্লীতে চাতালে শুকাতে দেওয়া কয়েক কোটি টাকার মাছ নষ্ট হয়েছে। একই সঙ্গে উত্তাল বঙ্গোপসাগর ও ঝোড়ো হাওয়ার কারণে মাছ ধরা বন্ধ রেখেছেন জেলেরা। নিরাপত্তার স্বার্থে নৌকা ও ট্রলার নিয়ে সুন্দরবনের বিভিন্ন খালে আশ্রয় নিয়েছেন চারটি শুঁটকি পল্লীর প্রায় ১০ হাজার জেলে। এতে মাছ আহরণ ও শুঁটকি উৎপাদন বন্ধ থাকায় বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন জেলে, ব্যবসায়ী ও মহাজনরা।

দুবলার মৎস্যজীবী নেতা ও সুন্দরবন বিভাগ সূত্রে এসব তথ্য জানা গেছে।

সুন্দরবনের দুবলা ফিশারমেন গ্রুপের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. কামাল উদ্দিন আহমেদ দুবলার আলোরকোল থেকে মুঠোফোনে বলেন, বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে গত চার দিন ধরে সাগরে দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে। ঝোড়ো হাওয়ার পাশাপাশি টানা ভারী বৃষ্টিপাত হচ্ছে। এতে চাতালে শুকাতে দেওয়া জেলেদের বিপুল পরিমাণ মাছ বৃষ্টিতে ভিজে নষ্ট হয়ে গেছে। ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকা ছাড়িয়ে যাবে। এ ছাড়া বৈরী আবহাওয়ার কারণে জেলেরা সাগরে মাছ ধরতে না পারায় প্রতিদিনই আর্থিক ক্ষতির পরিমাণ বাড়ছে। এই ক্ষতি পুষিয়ে নেওয়া জেলেদের জন্য কঠিন হয়ে পড়বে।

তিনি আরও বলেন, বর্তমানে দুবলার আলোরকোল, মেহেরআলী, শেলারচর ও মাঝেরকেল্লা—এই চারটি অস্থায়ী শুঁটকি পল্লীর জেলেরা নৌকা ও ট্রলার নিয়ে সুন্দরবনের আশপাশের বিভিন্ন খালে নিরাপদ আশ্রয়ে রয়েছেন।

দুবলার আলোরকোল শুঁটকি পল্লীর রামপাল জেলে সমিতির সভাপতি মোতাসিম ফরাজী বলেন, গত বুধবার থেকে সাগরের আবহাওয়া খারাপ থাকায় জেলেরা মাছ ধরতে যেতে পারছেন না। শুঁটকি উৎপাদনের জন্য প্রয়োজনীয় মাছ সংগ্রহ করতে না পারায় একদিকে আর্থিক ক্ষতি হচ্ছে, অন্যদিকে টানা চার দিনের ভারী বৃষ্টিতে মাচায় শুকানোর জন্য রাখা বিপুল পরিমাণ কাঁচা মাছ ভিজে নষ্ট হয়েছে। এতে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

দুবলার নারিকেলবাড়িয়া চর থেকে শুঁটকি মহাজন আসলাম হোসেন এবং শেলারচর থেকে মহাজন আরিফ হোসেন মিঠু বলেন, ঘূর্ণিঝড়ের প্রভাবে সাগরের পরিস্থিতি খারাপ হওয়ায় জেলেরা মাছ ধরতে পারছেন না। টানা বৃষ্টিতে চাতালে রাখা বিপুল পরিমাণ মাছ ভিজে এবং কিছু মাছ ভেসে গিয়ে নষ্ট হয়েছে। এতে জেলেদের পাশাপাশি শুঁটকি ব্যবসায়ী ও মহাজনরাও বড় ধরনের লোকসানের মুখে পড়েছেন।

সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলা ফরেস্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. খলিলুর রহমান বলেন, ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে বঙ্গোপসাগর উত্তাল রয়েছে। সাগরে বড় বড় ঢেউ আছড়ে পড়ছে। ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টিপাত হচ্ছে। দুবলার চরাঞ্চলেও ব্যাপক বৃষ্টি হয়েছে। এতে জেলেদের মাচায় শুকাতে দেওয়া মাছ ভিজে নষ্ট হয়েছে। সাগর উত্তাল থাকায় মাছ ধরা বন্ধ রেখে বুধবার থেকে ১০ হাজারের বেশি জেলে সুন্দরবনের বিভিন্ন খালে নৌকা ও ট্রলার নিয়ে নিরাপদ আশ্রয়ে রয়েছেন।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Комментарии 0

Комментариев нет