মৌলভীবাজার

মৌলভীবাজারের কমলগঞ্জে ২৪ নভেম্বর বসছে ১৮৪তম মহারাসের আসর

মাধবপুরে ১৮৪তম ও আদমপুরে ৪১তম রাসপূর্ণিমা উৎসব; দেশ-বিদেশের হাজারো দর্শনার্থীর সমাগমের প্রত্যাশা..
分享到 Eidok
মৌলভীবাজারের কমলগঞ্জে ২৪ নভেম্বর বসছে ১৮৪তম মহারাসের আসর
图片:来源收集

পূর্ণিমার স্নিগ্ধ আলোয় কৃষ্ণপ্রেম, নৃত্য আর সংগীতের অপূর্ব সম্মিলনে আবারও মুখর হতে যাচ্ছে মৌলভীবাজারের কমলগঞ্জ। আগামী ২৪ নভেম্বর অনুষ্ঠিত হবে মণিপুরি সম্প্রদায়ের প্রধান ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব ‘মহারাসলীলা’। এ বছর উপজেলার মাধবপুরে ১৮৪তম মহারাস উৎসব এবং আদমপুরে ৪১তম রাসপূর্ণিমা উৎসব উদযাপিত হবে। উৎসবকে ঘিরে ইতোমধ্যে মণিপুরি অধ্যুষিত গ্রামগুলোতে বিরাজ করছে উৎসবের আমেজ। মৃদঙ্গের গম্ভীর ধ্বনি, মন্দিরার রিনিঝিনি আর নৃত্যশিল্পীদের নুপুরের শব্দে মুখর হয়ে উঠেছে জনপদ।

এক রাতের এই উৎসবকে কেন্দ্র করে মণিপুরি সম্প্রদায়ের মানুষের মধ্যে চলছে ব্যাপক প্রস্তুতি। সাজানো হচ্ছে মণ্ডপ, চলছে নৃত্যের মহড়া। শুধু ধর্মীয় আনুষ্ঠানিকতা নয়, মহারাসলীলা এখন মণিপুরি সংস্কৃতি, ঐতিহ্য ও সম্প্রীতির এক অনন্য মিলনমেলায় পরিণত হয়েছে। উৎসবের অন্তর্নিহিত বার্তা বিশ্বশান্তি, সম্প্রীতি, সত্য, সুন্দর ও মানবপ্রেম।

ঐতিহ্য অনুসারে মণিপুরি মহারাসলীলা সেবা সংঘের আয়োজনে কমলগঞ্জের মাধবপুর ইউনিয়নের শিববাজারের ঐতিহাসিক জোড়ামণ্ডপে এবং আদমপুর রাসপূর্ণিমা উৎসব উদযাপন কমিটির আয়োজনে তেতইগাঁওয়ে সানা ঠাকুরের মণ্ডপে পৃথকভাবে অনুষ্ঠিত হবে উৎসব। রাতভর চলবে মহারাসলীলা। এ উপলক্ষে দুই স্থানে বসবে বিশাল মেলা। প্রতি বছরের মতো এবারও দেশ-বিদেশের হাজারো দর্শনার্থী ও পর্যটকের সমাগম ঘটবে বলে আশা করছেন আয়োজকেরা।

মাধবপুর ইউনিয়নের দক্ষিণ মাঝেরগাঁও, বাঘবাড়ি ও উত্তর মাঝেরগাঁও গ্রাম ঘুরে দেখা গেছে, প্রায় দুই সপ্তাহ ধরে চলছে গোষ্ঠলীলা বা রাখালনৃত্য এবং রাসনৃত্যের নিবিড় মহড়া। প্রতিদিন গ্রামের ১০ থেকে ১৫ জন মণিপুরি তরুণ-তরুণী ঐতিহ্যবাহী গানের সুরে নৃত্যের প্রশিক্ষণ নিচ্ছেন। শিশু-কিশোরীদের পাশাপাশি অভিজ্ঞ শিল্পীরাও ব্যস্ত সময় পার করছেন শেষ মুহূর্তের প্রস্তুতিতে।

মণিপুরি মহারাস উৎসব মূলত দুটি পর্বে বিভক্ত। দিনের আলোয় অনুষ্ঠিত হয় ‘রাখালরাস’ বা রাখালনৃত্য। আর গভীর রাতে অনুষ্ঠিত হয় উৎসবের মূল আকর্ষণ ‘মহারাস নৃত্য’। উৎসবের দিন সকাল থেকেই শুরু হবে রাখালরাসের প্রস্তুতি। সকাল ১১টা থেকে রাখালনৃত্য এবং রাত ১২টা থেকে শুরু হবে বহুল প্রতীক্ষিত মহারাস নৃত্য।

মহারাস উৎসবের রাসধারী (প্রশিক্ষক) অনিরা সিনহা বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে রাস উৎসবের রাসধারী হিসেবে দায়িত্ব পালন করছি। গ্রামের মণিপুরি শিশু-কিশোরীদের নিয়ে প্রতিবছর উৎসবের প্রায় এক মাস আগে থেকেই প্রস্তুতি শুরু করি। প্রতিদিন বিকেল থেকে রাত পর্যন্ত বাড়ির উঠানে মহড়া চলে। এখন প্রায় শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে।’

মণিপুরি মহারাসলীলা সেবা সংঘের সভাপতি চাঁদমুরারী সিংহ বলেন, ‘এ বছর দুই দিনব্যাপী আয়োজন করা হয়েছে। ২৩ নভেম্বর রাসের স্মারকগ্রন্থ উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। পরদিন ২৪ নভেম্বর সকাল থেকে শুরু হবে মূল উৎসব। ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।’

তিনি আরও জানান, মাধবপুরের জোড়ামণ্ডপে অনুষ্ঠিত রাসোৎসবে প্রধান অতিথি হিসেবে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরীর উপস্থিত থাকার কথা রয়েছে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও নৃ-গোষ্ঠীবিষয়ক) বিজন কান্তি সরকারের।

উৎসবের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট প্রশাসনের সঙ্গে বৈঠক হয়েছে জানিয়ে তিনি বলেন, প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা ও সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।

অন্যদিকে আদমপুর রাসপূর্ণিমা উৎসব উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সমরেন্দ্র কুমার সিংহ বলেন, ‘আমরা অত্যন্ত আশাবাদী, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষের সরব উপস্থিতিতে উৎসব প্রাঙ্গণ এক মহামিলনমেলায় পরিণত হবে। উৎসব সফল করতে আমাদের প্রস্তুতি চলছে।’

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ তালুকদার বলেন, রাস উৎসব উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা ও প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে।

আয়োজকদের সূত্রে জানা যায়, মণিপুরের রাজা ভাগ্যচন্দ্র প্রথম মণিপুরে শ্রীশ্রী মহারাসলীলা বা রাসমেলার প্রচলন করেন। ‘রাস’ শব্দটি কৃষ্ণের সঙ্গে সম্পর্কিত দ্বাদশ রসের ধারণা থেকে এসেছে। রাসলীলায় মূলত সখ্য, বাৎসল্য ও মধুর—এই তিন রসের প্রকাশ ঘটে। সময়ের পরিক্রমায় মণিপুরি সম্প্রদায়ের নিজস্ব ধর্মীয় ও সাংস্কৃতিক পরিসর ছাড়িয়ে রাস উৎসব আজ বাংলাদেশের বৃহত্তর সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ হয়ে উঠেছে।

এক রাতের এই আয়োজনের মধ্য দিয়ে মণিপুরি সম্প্রদায়ের ধর্মীয় বিশ্বাস, নৃত্যশৈলী, সংগীত, পোশাক ও ঐতিহ্যের যে বর্ণিল প্রকাশ ঘটে, তা দেখতে প্রতিবছরই কমলগঞ্জে ভিড় করেন অসংখ্য মানুষ। এবারও ১৮৪তম মহারাসের অপেক্ষায় প্রহর গুনছেন মণিপুরি সম্প্রদায়ের মানুষসহ সংস্কৃতিপ্রেমীরা।

মৌলভীবাজারের কমলগঞ্জে ২৪ নভেম্বর বসছে ১৮৪তম মহারাসের আসর

 

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

注释 0

没有找到评论

相关文章

নারকোটিক্সের সেই বেলাল আবার কুষ্টিয়ায়, পুরোনো অভিযোগ ঘিরে নতুন প্রশ্ন 区域新闻 নারকোটিক্সের সেই বেলাল আবার কুষ্টিয়ায়, পুরোনো অভিযোগ ঘিরে নতুন প্রশ্ন 78 Views চীফ হুইপের নির্দেশনায় উপকূলীয় উন্নয়ন: বামনা শহর ও লঞ্চঘাট রক্ষায় ১৩১১ কোটি টাকার প্রকল্প 区域新闻 চীফ হুইপের নির্দেশনায় উপকূলীয় উন্নয়ন: বামনা শহর ও লঞ্চঘাট রক্ষায় ১৩১১ কোটি টাকার প্রকল্প 78 Views ফরিদগঞ্জে চিকিৎসকের অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ, সিভিল সার্জনের হস্তক্ষেপ কামনা 区域新闻 ফরিদগঞ্জে চিকিৎসকের অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ, সিভিল সার্জনের হস্তক্ষেপ কামনা 90 Views ডুমুরিয়ায় জলাবদ্ধতায় তলিয়ে ফসলি জমি, প্রভাবশালী চক্রের কবলে পানি নিষ্কাশন ব্যবস্থা 区域新闻 ডুমুরিয়ায় জলাবদ্ধতায় তলিয়ে ফসলি জমি, প্রভাবশালী চক্রের কবলে পানি নিষ্কাশন ব্যবস্থা 132 Views গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো: আইজিপি 区域新闻 গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো: আইজিপি 78 Views গোপালগঞ্জে সহিংসতার রেশ কাটছে, স্বাভাবিক হচ্ছে সাতক্ষীরা-ঢাকা বাস চলাচল 区域新闻 গোপালগঞ্জে সহিংসতার রেশ কাটছে, স্বাভাবিক হচ্ছে সাতক্ষীরা-ঢাকা বাস চলাচল 84 Views বোরকা কেনার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ মনিরা, খুলনায় থাকার গুঞ্জন 区域新闻 বোরকা কেনার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ মনিরা, খুলনায় থাকার গুঞ্জন 84 Views