সাতক্ষীরার ধুলিহার বড়ডল নাথপাড়া গ্রামে বাবার বাড়িতে বেড়াতে এসে মনিরা খাতুন (২৮) নামে এক গৃহবধূ নিখোঁজ হয়েছেন। বোরকা কেনার কথা বলে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তাঁর কোনো সন্ধান পাচ্ছে না পরিবার। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে তাঁর সন্ধান পেতে সর্বসাধারণের সহযোগিতা কামনা করা হয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, মনিরা খাতুন বড় খামার গ্রামের চায়ের দোকানদার সোলেমানের স্ত্রী। তিন দিন আগে তিনি দুই সন্তানকে সঙ্গে নিয়ে বাবার বাড়ি বেড়াতে আসেন। পরদিন কৌশলে দুই সন্তানকে স্বামীর বাড়িতে পাঠিয়ে দেন বলে পরিবারের সদস্যদের দাবি।
পরিবারের অভিযোগ, বাবার বাড়িতে আসার সময় মনিরা সমিতি থেকে ঋণ নেওয়া ৭০ হাজার টাকা ও এক জোড়া কানের দুল সঙ্গে নিয়ে আসেন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল আনুমানিক ১০টার দিকে বোরকা কেনার কথা বলে সাতক্ষীরা শহরের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। এরপর আর বাড়িতে ফিরে আসেননি তিনি।
এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, বড় খামার গ্রামের ইজিবাইকচালক মিন্টুর সঙ্গে মনিরা চলে গিয়ে থাকতে পারেন। ঘটনার দিন মিন্টুও ইজিবাইকের চার্জার সঙ্গে নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি বলে স্থানীয়দের দাবি। তবে তাঁদের একসঙ্গে চলে যাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।
পরিবারের সদস্যরা জানান, রাতে মনিরার খোঁজ নিতে গেলে তাঁর বাবা-মা জানান, সকালে বাড়ি থেকে বের হওয়ার পর তিনি আর ফিরে আসেননি। বর্তমানে মনিরা ও মিন্টু—দুজনেরই মুঠোফোন বন্ধ রয়েছে।
সর্বশেষ শুক্রবার (২০ নভেম্বর) সকালে স্থানীয় সূত্রে খবর পাওয়া যায়, তাঁরা দুজন খুলনায় মিন্টুর এক আত্মীয়ের বাড়িতে অবস্থান করছেন। তবে এ তথ্যের সত্যতা স্বাধীনভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।
এ অবস্থায় নিখোঁজ মনিরা খাতুনের সন্ধান পেতে পরিবারের পক্ষ থেকে সবার সহযোগিতা কামনা করা হয়েছে।
Aplikasi 'Eye News BD'
Komentar 0