ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় কোনো ধরনের বিশৃঙ্খলা, নাশকতা কিংবা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করা হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সংসদ সদস্য ফখরউদ্দিন আহমেদ বাচ্চু। একই সঙ্গে বিভিন্ন স্থানে অবস্থানরত বিরোধী নেতাকর্মীদের ঠিকানা জানা রয়েছে দাবি করে তিনি বলেন, প্রয়োজনে এক দিনের মধ্যে ময়মনসিংহ থেকে এক থেকে দুইশ নেতাকর্মীকে ধরে আনা সম্ভব।
বৃহস্পতিবার রাতে ভালুকা বাসস্ট্যান্ডে আয়োজিত এক পথসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
পথসভায় বক্তব্যের একপর্যায়ে এমপি ফখরউদ্দিন আহমেদ বাচ্চু বলেন, যারা ময়মনসিংহ, ঢাকার উত্তরা ও শ্রীপুরসহ বিভিন্ন স্থানে পালিয়ে রয়েছেন, তাদের প্রত্যেকের ঠিকানা তাঁদের জানা আছে। সহানুভূতি দেখানোর কারণেই এখন পর্যন্ত তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি করেন তিনি।
তিনি আরও বলেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলে এক দিনের মধ্যেই ময়মনসিংহ থেকে অন্তত এক থেকে দুইশ নেতাকর্মীকে গ্রেপ্তার করা সম্ভব। এমনকি এ ক্ষেত্রে পুলিশেরও প্রয়োজন হবে না বলে মন্তব্য করেন তিনি। তাঁর ভাষ্য অনুযায়ী, দলের নেতাকর্মীরাই তাঁদের ধরে নিয়ে আসতে সক্ষম।
বক্তব্যে তিনি আরও দাবি করেন, ময়মনসিংহ ও ঢাকার উত্তরায় অবস্থানরত ব্যক্তিদের ঠিকানাও তাঁদের জানা রয়েছে এবং প্রয়োজনে সেখান থেকেও তাঁদের ধরে আনা সম্ভব।
ভালুকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়ে সংসদ সদস্য বলেন, কেউ যেন কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা না করেন। অন্যথায় সংশ্লিষ্ট ব্যক্তির পরিবারের নিরাপত্তা নিয়েও কঠোর বক্তব্য দেন তিনি। তাঁর ভাষায়, অভিযুক্ত ব্যক্তিকে পাওয়া না গেলেও তাঁর পরিবারকে জবাবদিহির আওতায় আনতে বাধ্য হবেন তাঁরা।
তিনি বলেন, ভালুকার শান্তিপ্রিয় মানুষের জীবন, সম্পদ, ইজ্জত ও সম্মান রক্ষার দায়িত্ব স্থানীয় জনগণ জাতীয়তাবাদী দলকে দিয়েছে। এ দায়িত্ব পালনে তাঁরা প্রতিশ্রুতিবদ্ধ বলেও বক্তব্যে উল্লেখ করেন তিনি।
אפליקציית "Eye News BD"
הערות 0