সাতক্ষীরা

মানবপাচারের শিকার ব্যক্তিদের অর্থনৈতিক পুনর্বাসনে সাতক্ষীরায় দুই দিনের উদ্যোক্তা মেলা

মানবপাচারের শিকার ব্যক্তিদের পণ্যের বাজার সম্প্রসারণে সাতক্ষীরায় উদ্যোক্তা মেলা শুরু..
שיתוף ב-Eidok
মানবপাচারের শিকার ব্যক্তিদের অর্থনৈতিক পুনর্বাসনে সাতক্ষীরায় দুই দিনের উদ্যোক্তা মেলা
צילום: ארכיון

সাতক্ষীরায় মানবপাচারের শিকার ব্যক্তিদের অর্থনৈতিক পুনর্বাসন, উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠা এবং তাঁদের উৎপাদিত পণ্য ও সেবার বাজার সম্প্রসারণের লক্ষ্যে দুই দিনব্যাপী ‘উদ্যোক্তা মেলা-২০২৬’ শুরু হয়েছে।

বৈরী আবহাওয়া উপেক্ষা করে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করেন সাতক্ষীরার জেলা প্রশাসক কাউসার আজিজ।

অগ্রগতি সংস্থার আয়োজনে, বিসিক-সাতক্ষীরার সহযোগিতায় এবং সুইজারল্যান্ড দূতাবাসের সহায়তায় উইনরক ইন্টারন্যাশনালের ‘আশ্বাস’ প্রকল্পের সার্বিক তত্ত্বাবধানে ১৯ ও ২০ নভেম্বর এ মেলা অনুষ্ঠিত হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে আশ্বাস প্রকল্পের প্রকল্প পরিচালক ও উইনরক ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ দীপ্তা রক্ষিতের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্ণব দত্ত, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহিনুর চৌধুরী, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক সঞ্জীব দাশ, বিসিকের উপব্যবস্থাপক গৌরব দাস এবং উদ্যোক্তা রেহেনা পারভীন প্রমুখ।

উদ্বোধন শেষে ব্যবসায়িক যোগাযোগ, বাজার সংযোগ এবং উদ্যোক্তাদের বাস্তব অভিজ্ঞতা ও সফলতার গল্প নিয়ে দুটি বিশেষ মতবিনিময় ও শিখন সেশন অনুষ্ঠিত হয়।

আয়োজকরা জানান, মানবপাচারের শিকার অনেক নারী ও পুরুষ প্রশিক্ষণ এবং পুঁজি সহায়তা পেয়ে হস্তশিল্প, সেলাই, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, কৃষি ও প্রাণিসম্পদ খাতে ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন। তবে উৎপাদিত পণ্যের বাজার সম্প্রসারণ, ক্রেতাদের সঙ্গে যোগাযোগ এবং ব্যবসায়িক নেটওয়ার্ক তৈরির সুযোগ সীমিত থাকায় তাঁদের অনেকেই প্রত্যাশিত অগ্রগতি অর্জন করতে পারছেন না।

এ বাস্তবতা বিবেচনায় নিয়ে প্রতিষ্ঠিত ব্যবসায়ী, সম্ভাব্য ক্রেতা ও আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে উদ্যোক্তাদের সরাসরি যোগাযোগ তৈরির পাশাপাশি তাঁদের পণ্যের বাজারজাতকরণের সুযোগ বাড়াতে এ মেলার আয়োজন করা হয়েছে।

মেলায় খুলনা ও সাতক্ষীরা জেলার মানবপাচারের শিকার নারী-পুরুষ উদ্যোক্তাদের পাশাপাশি মহিলা বিষয়ক অধিদপ্তর, বিসিক এবং বেসরকারি খাতের উদ্যোক্তারা অংশ নিয়েছেন। মোট ১৯টি স্টলে বিভিন্ন ধরনের উৎপাদিত পণ্য প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে।

আয়োজকদের প্রত্যাশা, এ মেলার মাধ্যমে উদ্যোক্তারা নতুন ক্রেতা, ব্যবসায়িক অংশীদার ও বাজারের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাবেন। একই সঙ্গে মানবপাচারের শিকার ব্যক্তিদের ঘুরে দাঁড়ানোর সংগ্রাম, কর্মদক্ষতা ও সাফল্যের গল্প বৃহত্তর পরিসরে তুলে ধরা সম্ভব হবে।

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন উইনরক ইন্টারন্যাশনালের প্রোগ্রাম অফিসার (বিজনেস ডেভেলপমেন্ট) সাদিয়া ইসলাম।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

הערות 0

לא נמצאו הערות