মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হাজারো মানুষের অশ্রুসিক্ত বিদায়, রাষ্ট্রীয় সম্মাননা ও সহযোদ্ধাদের শ্রদ্ধায় চিরনিদ্রায় শায়িত হলেন হবিগঞ্জের মাধবপুর উপজেলার বীর মুক্তিযোদ্ধা নুরুল আমীন। মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা ১১টায় উপজেলার মেহেরগাঁও মদিনাতুল উলুম মাদ্রাসা মাঠে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ অংশ নেন।
জানাজার আগে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান, কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইখতেখারসহ পুলিশের সদস্যরা। রাষ্ট্রের পক্ষ থেকে আনুষ্ঠানিক সম্মাননা শেষে জানাজায় অংশ নেন স্বজন, সহযোদ্ধা, স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী।
জানাজা শেষে উপজেলার নিজনগর সরদার বাড়ির পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়। প্রিয়জনকে শেষবারের মতো বিদায় জানাতে সেখানে ভিড় করেন অসংখ্য মানুষ। পুরো এলাকায় নেমে আসে শোকের আবহ।
নুরুল আমীন সোমবার (১৬ নভেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটে ঢাকার সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি মাধবপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আহ্বায়ক হাজী বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী (দুলা মিয়া)-এর ছোট ভাই এবং নিজনগর সরদার বাড়ির মরহুম আব্দুল মালেকের ছেলে।
মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশ নেওয়া নুরুল আমীন মৃত্যুর আগ পর্যন্ত ১ নম্বর ধর্মঘর ইউনিয়নের মুক্তিযোদ্ধা কমান্ডারের দায়িত্ব পালন করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও চার কন্যাসহ অসংখ্য আত্মীয়স্বজন, সহযোদ্ধা ও গুণগ্রাহী রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে ধর্মঘর ইউনিয়নসহ পুরো মাধবপুর উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে। মুক্তিযুদ্ধে তাঁর অংশগ্রহণ এবং দীর্ঘদিনের দায়িত্ব পালনের স্মৃতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছেন স্থানীয়রা।
אפליקציית "Eye News BD"
הערות 0