হবিগঞ্জের মাধবপুরে প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ৬০ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) রাত সাড়ে ৩টার দিকে উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের তেলিয়াপাড়া নোয়াহাটি বাজার মোড়ে এ অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হরষপুর (তেলিয়াপাড়া) পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক সুখেন্দ্র চন্দ্র সরকারের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে চেকপোস্ট বসায়। এ সময় শাহপুর সড়ক দিয়ে আসা সন্দেহভাজন একটি প্রাইভেটকারকে থামার সংকেত দিলে চালক পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ গাড়িটির গতিরোধ করে তল্লাশি চালিয়ে ৬০ কেজি গাঁজা উদ্ধার করে। এ সময় গাড়িতে থাকা তিনজনকে গ্রেপ্তার করা হয়।
জব্দ করা প্রাইভেটকারটির রং সিলভার। এর নম্বর ঢাকা মেট্রো-গ-১৩-২৫৯০।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বলেন, থানা ও পুলিশ ফাঁড়ির সদস্যদের সমন্বিত মাদকবিরোধী অভিযানে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
Yorumlar 0