সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
এম জামশেদ আলম
সীতাকুণ্ড (চট্টগ্রাম)
শিক্ষার্থীদের মেধা, মনন ও অর্জনকে উৎসাহিত করার মধ্য দিয়ে তাদের আগামী দিনের পথচলায় অনুপ্রেরণা জোগাতে চট্টগ্রামের সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক পুরস্কার বিতরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬।
রোববার (১৫ নভেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি'র চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক যুগ্মসচিব লায়ন আসলাম চৌধুরী এফসিএ। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আমজাদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সীতাকুণ্ড উপজেলা বিএনপি নেতা মোহাম্মদ মোরসালিন ও সালেহ আহমদ ছলু।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য লায়ন আসলাম চৌধুরী বলেন, শিক্ষিত, দক্ষ ও নৈতিক মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গড়ে তোলাই একটি দেশের টেকসই উন্নয়নের অন্যতম প্রধান শর্ত। শিক্ষার্থীদের কেবল ভালো ফলাফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না; পাশাপাশি মানবিকতা, সততা, শৃঙ্খলা ও দেশপ্রেমের চর্চায়ও মনোযোগী হতে হবে। ভবিষ্যতে দেশ ও সমাজের নেতৃত্ব দিতে হলে এখন থেকেই নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশে মানসম্মত শিক্ষার পাশাপাশি সুন্দর শিক্ষার পরিবেশ নিশ্চিত করা জরুরি। সীতাকুণ্ডের সার্বিক শিক্ষার উন্নয়ন এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অগ্রগতিতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশাবাদও ব্যক্ত করেন তিনি।
সভাপতির বক্তব্যে আমজাদ হোসেন চৌধুরী বলেন, শিক্ষার্থীদের ভেতরে লুকিয়ে থাকা প্রতিভা বিকাশে বিদ্যালয় কর্তৃপক্ষ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শিক্ষার্থীদের প্রতিটি অর্জন বিদ্যালয়ের পাশাপাশি অভিভাবকদের জন্যও গর্ব ও আনন্দের বিষয়। এ ধারাবাহিকতা ধরে রাখতে তিনি শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, অধ্যবসায় ও শৃঙ্খলার প্রতি গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. দিদারুল আলম বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞানে সীমাবদ্ধ না রেখে নৈতিক শিক্ষা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও অন্যান্য সহশিক্ষামূলক কার্যক্রমে সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা জ্ঞান অর্জনের পাশাপাশি আদর্শ ও দায়িত্বশীল মানুষ হিসেবে গড়ে উঠবে।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আলোচনা পর্ব শেষে বিভিন্ন শ্রেণি ও ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ সাফল্য অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। একই সঙ্গে তাদের সংবর্ধনা জানিয়ে ভবিষ্যতে আরও ভালো ফলাফল ও সাফল্য অর্জনের জন্য উৎসাহিত করা হয়।
Приложение «Eye News BD»
Комментарии 0