রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ… | আই নিউজ বিডি

রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি

শিবসা দুর্গের ধ্বংসাবশেষে ইতিহাসের আলো, ঐতিহ্য সংরক্ষণের দাবি শেখের টেক কালীমন্দির ঘিরে..
Eidok-এ শেয়ার
রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি
ছবি: সংগৃহীত

সুন্দরবনের গহিন অরণ্য, চারপাশে সুন্দরী-গেওয়াসহ নানা প্রজাতির গাছপালা। কোথাও বাঘের বিচরণ, কোথাও নদী-খালের জোয়ার-ভাটা। এমন দুর্গম পরিবেশের মধ্যেই শত শত বছরের ইতিহাস বুকে ধারণ করে দাঁড়িয়ে আছে শেখের টেক কালীমন্দির। খুলনার দাকোপ উপজেলাধীন সুন্দরবনের ১৬ নম্বর কম্পার্টমেন্টে শিবসা নদীর পূর্ব তীরে কালীর খালের কাছে অবস্থিত এই প্রাচীন স্থাপনাটি শুধু একটি ধর্মীয় উপাসনালয় নয়, বরং সুন্দরবনের মধ্যযুগীয় জনবসতি, স্থাপত্য ও ঐতিহাসিক জনপদের গুরুত্বপূর্ণ স্মারক।

স্থানীয়ভাবে এটি শেখের টেক কালীমন্দির নামে পরিচিত। এক কক্ষবিশিষ্ট মন্দিরটির দক্ষিণ ও পশ্চিম দিকে রয়েছে দুটি প্রবেশদ্বার। ভেতর থেকে ছাদটি গম্বুজাকৃতির। স্থানীয়ভাবে প্রস্তুত চুন-সুরকি ও ইটের গাঁথুনিতে নির্মিত স্থাপনাটির উচ্চতা প্রায় ২৬ ফুট। প্রত্নতাত্ত্বিক ও ঐতিহাসিক বিবরণে মন্দিরটির বয়স আনুমানিক ৩০০ থেকে ৪০০ বছর বলে উল্লেখ করা হয়েছে। এর স্থাপত্যশৈলী ও নির্মাণ উপকরণে মধ্যযুগীয় বাংলার নির্মাণ ঐতিহ্যের পরিচয় মেলে।

মন্দিরটির আশপাশের বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে রয়েছে পুরোনো ইটের দেয়াল, মাটির ঢিবি, পুকুর ও বিভিন্ন স্থাপনার ধ্বংসাবশেষ। ধারণা করা হয়, একসময় এখানে সমৃদ্ধ জনবসতি ও সামরিক স্থাপনা ছিল। স্থানীয় জনশ্রুতি এবং প্রচলিত ইতিহাসে এসব ধ্বংসাবশেষকে বারো ভুঁইয়াদের অন্যতম যশোরের রাজা মহারাজ প্রতাপাদিত্যের শিবসা দুর্গের সঙ্গে সম্পৃক্ত করা হয়। তবে দুর্গ ও মন্দিরের নির্মাণকাল এবং প্রতাপাদিত্যের সঙ্গে সরাসরি সম্পর্ক নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মতভিন্নতা রয়েছে।

বাংলার ইতিহাসে মহারাজ প্রতাপাদিত্য ছিলেন বারো ভুঁইয়াদের অন্যতম প্রভাবশালী শাসক। ষোড়শ শতকের শেষভাগ ও সপ্তদশ শতকের শুরুর দিকে দক্ষিণ বাংলার বিস্তীর্ণ অঞ্চলে তাঁর রাজনৈতিক ও সামরিক প্রভাব বিস্তৃত ছিল। মুঘল সাম্রাজ্যের সম্প্রসারণের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি তিনি নৌবাহিনী ও দুর্গনির্ভর প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলেছিলেন বলে ঐতিহাসিক বিবরণে উল্লেখ রয়েছে।

সুন্দরবনের নদীপথ ও কৌশলগত অবস্থান বিবেচনায় শিবসা নদীর তীরবর্তী এলাকাটি তাঁর সামরিক পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ ছিল বলে ধারণা করা হয়। প্রচলিত ইতিহাস অনুযায়ী, সুন্দরবনের বিভিন্ন স্থানে তিনি একাধিক দুর্গ ও প্রতিরক্ষা ঘাঁটি নির্মাণ করেছিলেন। শিবসা দুর্গও সেসব স্থাপনার অন্যতম বলে স্থানীয়ভাবে পরিচিত।

প্রতাপাদিত্যের শাসনামল, দুর্গ নির্মাণ এবং সুন্দরবনের প্রাচীন জনবসতির ইতিহাস নিয়ে গবেষণার যথেষ্ট সুযোগ রয়েছে। শেখের টেক এলাকার মাটির নিচে চাপা পড়ে থাকা স্থাপত্য নিদর্শনগুলো যথাযথ প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানের মাধ্যমে উদ্ধার করা গেলে দক্ষিণ বাংলার ইতিহাসের অনেক অজানা অধ্যায় সামনে আসতে পারে।

দীর্ঘদিন ধরে অযত্ন, অবহেলা ও প্রাকৃতিক প্রতিকূলতার মধ্যে টিকে থাকা মন্দিরটির অবস্থা একসময় অত্যন্ত নাজুক হয়ে পড়ে। স্থাপনাটির দেয়াল ও ছাদ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিলে সুন্দরবন সুরক্ষা প্রকল্পের আওতায় ২০২৩ সালে বন অধিদপ্তরের উদ্যোগে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কারিগরি সহযোগিতায় সংস্কারকাজ করা হয়।

একই সময়ে সুন্দরবনে পরিবেশবান্ধব পর্যটন সুবিধা সম্প্রসারণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় শেখের টেক এলাকাকে ইকোট্যুরিজম কেন্দ্র হিসেবে গড়ে তোলা হয়। ফলে দীর্ঘদিন লোকচক্ষুর আড়ালে থাকা ঐতিহাসিক স্থাপনাটি নতুন করে পরিচিতি পেতে শুরু করে। প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি সুন্দরবনের প্রত্নতাত্ত্বিক ও সাংস্কৃতিক ঐতিহ্য দেখার সুযোগ তৈরি হয়েছে পর্যটকদের জন্য।

দীর্ঘদিন পূজা-অর্চনা বন্ধ থাকার পর ২০২৩ সালের ১২ নভেম্বর শেখের টেক কালীমন্দিরে পুনরায় কালীপূজার প্রচলন করা হয়। শিবসা কালীমন্দির পূজা কমিটির উদ্যোগে দেশের বিভিন্ন স্থান থেকে কয়েকশ ভক্ত সেখানে উপস্থিত হয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পূজায় অংশ নেন।

এরই ধারাবাহিকতায় গত ৮ নভেম্বর ঐতিহাসিক এই মন্দিরে আবারও কালীপূজার আয়োজন করা হয়। এতে দেশের বিভিন্ন এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, গুণীজন ও ভক্তরা উপস্থিত ছিলেন। দুর্গম সুন্দরবনের গভীরে এমন একটি ঐতিহাসিক স্থানে পূজার আয়োজন স্থানটির ধর্মীয় ও সাংস্কৃতিক গুরুত্বকে নতুন করে সামনে নিয়ে এসেছে।

শিবসা কালীমন্দির পূজা কমিটির লক্ষ্য, ঐতিহাসিক এই মন্দিরে নিয়মিত পূজা-অর্চনা চালু রাখা এবং এর প্রত্নতাত্ত্বিক গুরুত্ব দেশ-বিদেশে তুলে ধরা। একই সঙ্গে মন্দির ও আশপাশের প্রত্নস্থানের যথাযথ সংরক্ষণ, গবেষণা এবং ইউনেসকোসহ আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃতি অর্জনের প্রত্যাশা রয়েছে তাদের।

সুন্দরবন শুধু জীববৈচিত্র্য ও প্রাকৃতিক সম্পদের আধার নয়, এর বুকের ভেতর লুকিয়ে রয়েছে বাংলার বহু পুরোনো জনপদ, দুর্গ, ধর্মীয় স্থাপনা ও সভ্যতার নিদর্শন। শেখের টেক কালীমন্দির তারই একটি গুরুত্বপূর্ণ উদাহরণ।

তবে এই ঐতিহ্য রক্ষায় শুধু মন্দির সংস্কার যথেষ্ট নয়। আশপাশের ধ্বংসাবশেষের বৈজ্ঞানিক জরিপ, প্রত্নতাত্ত্বিক খনন, ইতিহাসভিত্তিক তথ্যফলক স্থাপন এবং পরিবেশের ভারসাম্য বজায় রেখে পর্যটন ব্যবস্থাপনা গড়ে তোলা জরুরি। বিশেষ করে সুন্দরবনের বন্যপ্রাণী ও বনজ পরিবেশের নিরাপত্তা নিশ্চিত করে পর্যটকদের যাতায়াত নিয়ন্ত্রণ করতে হবে।

চার শতাব্দীরও বেশি সময় ধরে প্রকৃতির প্রতিকূলতার সঙ্গে লড়াই করে টিকে থাকা শেখের টেক কালীমন্দির তাই কেবল একটি প্রাচীন স্থাপনা নয়; এটি দক্ষিণ বাংলার ইতিহাস, ঐতিহ্য ও অতীত সভ্যতার এক মূল্যবান স্মারক। যথাযথ সংরক্ষণ ও গবেষণার মাধ্যমে এই নিদর্শনকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরাই এখন সময়ের দাবি।

نظرات 0

نظری یافت نشد

مقالات مرتبط

বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন اخبار منطقه বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন 82 Views মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি اخبار منطقه মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি 74 Views প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার: বিএনপি নেতা বাচ্চু اخبار منطقه প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার: বিএনপি নেতা বাচ্চু 73 Views মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় اخبار منطقه মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় 55 Views খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি اخبار منطقه খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি 67 Views রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু اخبار منطقه রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু 64 Views সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারী اخبار منطقه সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারী 57 Views