লালমনিরহাটে বিরল রোগে আক্রান্ত সবিতা, বাঁচতে চান সহযোগিতায় | আই নিউজ বিডি

লালমনিরহাট

লালমনিরহাটে বিরল রোগে আক্রান্ত সবিতা, বাঁচতে চান সহযোগিতায়

এ কে এম কায়সারুল আলম
Eidok-এ শেয়ার
লালমনিরহাটে বিরল রোগে আক্রান্ত সবিতা, বাঁচতে চান সহযোগিতায়
ছবি: সংগৃহীত

লালমনিরহাটের কালীগঞ্জে বিরল রোগে আক্রান্ত হয়ে অসহায় জীবনযাপন করছেন ৩৫ বছর বয়সী সবিতা রানী রায়। একসময় স্বপ্ন ছিল উচ্চশিক্ষা শেষ করে শিক্ষকতা করবেন, গড়বেন নিজের সংসার। কিন্তু বিরল রোগে আক্রান্ত হওয়ার পর বদলে গেছে তাঁর জীবন। এখন লাঠি ও পরিবারের সদস্যদের সহযোগিতা ছাড়া চলাফেরা করাও কঠিন হয়ে পড়েছে।

সবিতা রানী রায় কালীগঞ্জ উপজেলার দলগ্রাম ইউনিয়নের শ্রীখাতা গ্রামের বাসিন্দা। তাঁর বাবা অনন্ত কুমার রায়ের বয়স ৬৬ বছর। প্রায় এক যুগ ধরে বিরল ‘প্রাইমারি লিম্ফিডিমা’ রোগে ভুগছেন তিনি। এ রোগে তাঁর দুই পা অস্বাভাবিকভাবে ফুলে গেছে। পায়ের আঙুল থেকে ঊরু পর্যন্ত মাংসপিণ্ড কয়েক স্তরে ঝুলে পড়েছে। পায়ের অতিরিক্ত ওজনের কারণে স্বাভাবিকভাবে হাঁটাচলা তো দূরের কথা, বসা ও দাঁড়াতেও কষ্ট হয় তাঁর।

পরিবারের সদস্যরা জানান, ২০১৪ সালের দিকে জ্বর ও পায়ে ব্যথার পর প্রথমে সবিতার বাঁ পা ফুলতে শুরু করে। পরে ডান পায়েও একই সমস্যা দেখা দেয়। এরপর রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালসহ বিভিন্ন স্থানে চিকিৎসা করান তিনি। গোদ রোগ সন্দেহে নীলফামারীর সৈয়দপুরের ফাইলেরিয়া হাসপাতাল এবং সাভারের একটি বেসরকারি হাসপাতালেও চিকিৎসা নেওয়া হয়।

২০২২ সালে ভারতের শিলিগুড়ির একটি হাসপাতালে চিকিৎসা নিতে গেলে চিকিৎসকেরা উন্নত অস্ত্রোপচারের জন্য ভেলোরে যাওয়ার পরামর্শ দেন। কিন্তু অর্থাভাবে সেখানে যাওয়া সম্ভব হয়নি। পরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের প্লাস্টিক সার্জারি বিভাগের চিকিৎসকদের পরামর্শে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা নেন সবিতা। সেখানে তাঁর এক পায়ে প্রথম দফায় অস্ত্রোপচার করা হয়। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আরও কয়েক দফা অস্ত্রোপচারের প্রয়োজন হলেও অর্থসংকটে তা আর সম্ভব হচ্ছে না।

২০০৭ সালে এসএসসি ও ২০০৯ সালে এইচএসসি পাস করেন সবিতা। পরে স্থানীয় একটি কলেজে ব্যবস্থাপনা বিভাগে অনার্সে ভর্তি হন। কিন্তু অসুস্থতার কারণে তৃতীয় বর্ষের পরীক্ষা দিতে পারেননি। ফলে অসমাপ্ত থেকে যায় তাঁর উচ্চশিক্ষার স্বপ্ন। ২০১২ সালে আদালতে এফিডেভিটের মাধ্যমে বিয়ে করলেও পরবর্তী সময়ে স্বামীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এ নিয়ে শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে আদালতে দুটি মামলাও করেন তিনি। দীর্ঘ আইনি লড়াইয়ের পর একটি মামলায় রায় পেলেও স্বামীর উচ্চ আদালতে আপিল এবং আর্থিক সংকটের কারণে আইনি প্রক্রিয়া আর এগিয়ে নেওয়া সম্ভব হয়নি।

মেয়ের চিকিৎসা ও মামলার খরচ জোগাতে গিয়ে জমিজমার বড় অংশ বিক্রি করতে হয়েছে বাবা অনন্ত কুমার রায়কে। বর্তমানে সামান্য জমিতে চাষাবাদ ও বাড়ির পাশে ছোট একটি দোকানের আয় দিয়ে চলে তাঁদের সংসার। দুই ভাই ও এক বোনের মধ্যে সবিতা দ্বিতীয়। মেয়ের অসুস্থতা ও ভবিষ্যৎ নিয়ে উদ্বেগে রয়েছেন তাঁর বাবা-মা। তাঁদের আশঙ্কা, তাঁরা মারা গেলে অসুস্থ মেয়ের দায়িত্ব নেবে কে?

রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের প্লাস্টিক সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. শাহীন শাহ জানান, সবিতার রোগ বর্তমানে সর্বোচ্চ গ্রেড-৪ পর্যায়ে রয়েছে। দুই পায়ের অবস্থা পুরোপুরি স্বাভাবিক করা সম্ভব না হলেও বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিক্যাল বোর্ডের পরামর্শ অনুযায়ী কয়েক দফা অস্ত্রোপচার করা গেলে তাঁকে চলাফেরার উপযোগী করে তোলার সম্ভাবনা রয়েছে।

এদিকে এক বছরের বেশি সময় ধরে প্রতি মাসে বসুন্ধরা শুভসংঘের দেওয়া চিকিৎসা ভাতার অর্থ দিয়ে ওষুধ কিনছেন সবিতা। তবে প্রয়োজনীয় চিকিৎসা চালিয়ে যাওয়ার সামর্থ্য নেই পরিবারের। তাই উন্নত চিকিৎসার জন্য সমাজের বিত্তবান ও সহৃদয় মানুষের সহযোগিতা কামনা করেছেন তিনি।

সবিতা বলেন, পরিবারের জন্য নিজেকে বোঝা মনে হয়। বাবার প্রায় সবকিছুই তাঁর চিকিৎসার পেছনে শেষ হয়ে গেছে। এখন আর চিকিৎসা চালিয়ে যাওয়ার সামর্থ্য নেই। মানুষের সহযোগিতা পেলে আবারও চিকিৎসা নিয়ে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করতে চান তিনি।

نظرات 0

نظری یافت نشد

مقالات مرتبط

ডিসেম্বর ঘিরে নাশকতার ঝুঁকি নেই, মাঠপর্যায়ে কঠোর নজরদারিতে এসআরবি دیگر ডিসেম্বর ঘিরে নাশকতার ঝুঁকি নেই, মাঠপর্যায়ে কঠোর নজরদারিতে এসআরবি 58 Views এসপি জাহাঙ্গীরের মুঠোফোনে মিলল ‘ডিসেম্বরে জান বাজি রেখে মাঠে নামার’ বার্তা: ডিআইজি دیگر এসপি জাহাঙ্গীরের মুঠোফোনে মিলল ‘ডিসেম্বরে জান বাজি রেখে মাঠে নামার’ বার্তা: ডিআইজি 74 Views ঢাকার নবাবগঞ্জে বন্ধুদের মিলন উৎসব دیگر ঢাকার নবাবগঞ্জে বন্ধুদের মিলন উৎসব 78 Views ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের উদ্যোগে শনিবার (১৪ নভেম্বর) ব্র্যাক জয়পুরহাট সেলস সেন্টারে এই কর্মশালা অনুষ্ঠিত হয় دیگر ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের উদ্যোগে শনিবার (১৪ নভেম্বর) ব্র্যাক জয়পুরহাট সেলস সেন্টারে এই কর্মশালা অনুষ্ঠিত হয় 65 Views হত্যার হুমকির মুখে এমপি ডা. মাহমুদা মিতু: জাতীয় সংসদে উত্তপ্ত বিতর্কের রেশ دیگر হত্যার হুমকির মুখে এমপি ডা. মাহমুদা মিতু: জাতীয় সংসদে উত্তপ্ত বিতর্কের রেশ 73 Views হৃদ্‌রোগে আক্রান্ত স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন: এনজিওগ্রাম সম্পন্ন, পর্যবেক্ষণে রয়েছেন চিকিৎসাধীন دیگر হৃদ্‌রোগে আক্রান্ত স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন: এনজিওগ্রাম সম্পন্ন, পর্যবেক্ষণে রয়েছেন চিকিৎসাধীন 48 Views দ্রব্যমূল্য বৃদ্ধি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি: চট্টগ্রামে জাতীয় স্বেচ্ছাসেবক শক্তির তীব্র বিক্ষোভ دیگر দ্রব্যমূল্য বৃদ্ধি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি: চট্টগ্রামে জাতীয় স্বেচ্ছাসেবক শক্তির তীব্র বিক্ষোভ 52 Views