সদরপুরে বহু বিবাহ কান্ডে ডাচ্‌-বাংলা ব্যাংকের এজেন্ট উধাও… | আই নিউজ বিডি

সদরপুরে বহু বিবাহ কান্ডে ডাচ্‌-বাংলা ব্যাংকের এজেন্ট উধাও, দুশ্চিন্তায় গ্রাহক..

Kabir Hossain Hossain avatar   
Kabir Hossain Hossain
সদরপুরে  বহু বিবাহ কান্ডে  ডাচ্‌-বাংলা ব্যাংকের এজেন্ট উধাও, দুশ্চিন্তায় গ্রাহক..
সদরপুরে  বহু বিবাহ কান্ডে  ডাচ্‌-বাংলা ব্যাংকের এজেন্ট উধাও, দুশ্চিন্তায় গ্রাহক..
ছবি: সংগৃহীত
ফরিদপুরের সদরপুরে বহু বিবাহ কান্ডে ডাচ্‌-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখা কয়েক দিন ধরে বন্ধ থাকায় আমানতের নিরাপত্তা নিয়ে উদ্বেগে পড়েছেন গ্রাহকরা।..

শাখাটির দায়িত্বে থাকা এজেন্ট মো. শাহিন মুন্সী (৪২) নিখোঁজ রয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। একাধিক বিয়ে ও পারিবারিক বিরোধের মধ্যে এক কিশোরীকে নিয়ে তাঁর অজ্ঞাত স্থানে চলে যাওয়ার অভিযোগ উঠেছে। তবে তাঁর নিখোঁজ হওয়ার কারণ ও বর্তমান অবস্থান নিশ্চিত হওয়া যায়নি। এদিকে টাকা উত্তোলন করতে না পেরে প্রতিদিনই শাখার সামনে ভিড় করছেন গ্রাহকরা।

ঘটনাটি সদরপুর উপজেলার সদর ইউনিয়নের আটরশি মোড় এলাকার। শাহিন মুন্সী ভাঙ্গা উপজেলার কাউলিবেড়া ইউনিয়নের মাইঝাইল গ্রামের তৈয়ব আলী মুন্সীর ছেলে। স্থানীয়দের দাবি, সম্প্রতি বিশ্ব জাকের মঞ্জিল আলিয়া মাদ্রাসার নবম শ্রেণিতে পড়ুয়া এক কিশোরীকে নিয়ে তিনি এলাকা ছেড়েছেন। এরপর থেকেই তাঁর এজেন্ট ব্যাংকিং শাখাটি বন্ধ রয়েছে। তাঁর ব্যবহৃত মোবাইল ফোন নম্বরও বন্ধ পাওয়া যাচ্ছে।


শাখাটির গ্রাহক সেকেন্দার জানান, তাঁর ব্যক্তিগত ব্যাংক একাউন্টে দেড় লাখ টাকা জমা রয়েছে। জরুরি প্রয়োজনে টাকা উত্তোলন করতে চাইলেও এজেন্টের কোনো সন্ধান পাচ্ছেন না। তাঁকে চেকবইও দেওয়া হয়নি। ফলে অন্য শাখা থেকে টাকা তোলার সুযোগ নিয়েও অনিশ্চয়তায় রয়েছেন তিনি।
গ্রাহক লাভলী বেগম জানান, একটি বিমা কোম্পানি থেকে তাঁর নামে আসা চেক ওই এজেন্ট ব্যাংকিং হিসাবে জমা দেওয়ার কথা ছিল। কিন্তু শাখায় গিয়ে সেটি বন্ধ পান। পরে সদরপুরে ডাচ্‌-বাংলা ব্যাংকের মূল শাখায় চেক জমা দিয়েছেন তিনি।

এদিকে কয়েকজন গ্রাহকের অভিযোগ, বিভিন্ন ধরনের আর্থিক সুবিধা ও লভ্যাংশ দেওয়ার আশ্বাসে তাঁদের কাছ থেকে কয়েক লাখ টাকা নেওয়া হয়েছে। তাঁদের দাবি, সংগৃহীত অর্থের একটি অংশ ব্যাংক হিসাবে জমা হয়নি। তবে এসব অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

শাহিনের পারিবারিক সূত্রে জানা গেছে, তাঁর তিন স্ত্রীর মধ্যে দুজনকে তিনি তালাক দিয়েছেন। সাম্প্রতিক বিয়ের বিষয়টি জানার পর আরেক স্ত্রী সন্তানদের নিয়ে যশোরে বাবার বাড়িতে চলে গেছেন। পরিবারের সদস্যরাও তাঁর বর্তমান অবস্থান সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য দিতে পারেননি।

এ অবস্থায় গ্রাহকদের মধ্যে সঞ্চিত অর্থ ফেরত পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তাঁরা দ্রুত এজেন্টের সন্ধান, আমানতের হিসাব যাচাই এবং অভিযোগ তদন্তের মাধ্যমে অর্থের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।


এ বিষয়ে বক্তব্য জানতে শাহিন মুন্সীর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও নম্বরটি বন্ধ পাওয়া যায়। হোয়াটসঅ্যাপেও যোগাযোগের চেষ্টা করে তাঁকে পাওয়া যায়নি। 

Keine Kommentare gefunden


News Card Generator