পরীক্ষা শুরুর ১০ মিনিট আগে কালাই ডিগ্রী কলেজের নিয়োগ পরীক্ষা স্থগিত | আই নিউজ বিডি

পরীক্ষা শুরুর ১০ মিনিট আগে কালাই ডিগ্রী কলেজের নিয়োগ পরীক্ষা স্থগিত..

Md. Sajibul Islam Pavel avatar   
Md. Sajibul Islam Pavel
পরীক্ষা শুরুর ১০ মিনিট আগে কালাই ডিগ্রী কলেজের নিয়োগ পরীক্ষা স্থগিত..
পরীক্ষা শুরুর ১০ মিনিট আগে কালাই ডিগ্রী কলেজের নিয়োগ পরীক্ষা স্থগিত..
ছবি: সংগৃহীত
****

পরীক্ষা শুরুর ১০ মিনিট আগে কালাই ডিগ্রী কলেজের নিয়োগ পরীক্ষা স্থগিত

সজিবুল ইসলাম পাভেল, কালাই(‎ জয়পুরহাট) প্রতিনিধি:

‎জয়পুরহাটের কালাই ডিগ্রি কলেজের হিসাব সহকারী পদে নিয়োগ পরীক্ষা শুরুর মাত্র ১০ মিনিট আগে স্থগিত করা হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টায় জেলা শহরের জয়পুরহাট সরকারি মহিলা কলেজে এ পরীক্ষা হওয়ার কথা ছিল। তবে সকাল পৌনে ১০টার দিকে অনিবার্য কারণ দেখিয়ে পরীক্ষা স্থগিতের নোটিশ জারি করেন ওই কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম। পরীক্ষার আগের রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে এ পদে নিয়োগের জন্য কালাই উপজেলার এক প্রার্থীর কাছ থেকে ৩০ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ ছড়িয়ে পড়ে। পরীক্ষা স্থগিতের কারণ নিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে।
‎
‎এ পদে মোট ১৪ জন প্রার্থী আবেদন করেছিলেন। আজ সকালে পরীক্ষা দিতে ছয় জন প্রার্থী জয়পুরহাট সরকারি মহিলা কলেজে উপস্থিত হন। তাঁদের মধ্যে ৩০ লাখ টাকা ঘুষ দেওয়ার অভিযোগ ওঠা প্রার্থী আবু রায়হান মন্ডলও ছিলেন।
‎
‎পরীক্ষা দিতে আসা প্রার্থী আরিফুল ইসলাম বলেন, ‘নিয়োগ পরীক্ষা শুরুর মাত্র ১০ মিনিট আগে নোটিশ দিয়ে পরীক্ষা স্থগিত করা হয়েছে। এতে আমরা হয়রানির শিকার হলাম। কী কারণে পরীক্ষা স্থগিত করা হলো, সেটিও স্পষ্ট নয়। তবে আগের দিন ফেসবুকে ৩০ লাখ টাকার বিষয়টি প্রচার পেয়েছে।’
‎
‎আরেক প্রার্থী আবু রায়হান মন্ডল বলেন, সকাল ১০টায় পরীক্ষা হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ের কাছাকাছি গিয়েও পরীক্ষা আয়োজনের কোনো লক্ষণ দেখতে পাননি। ৩০ লাখ টাকা ঘুষ দেওয়ার অভিযোগের বিষয়ে তিনি বলেন, তিনি কারও সঙ্গে কোনো ধরনের আর্থিক লেনদেন করেননি।
‎
‎জয়পুরহাট সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম বলেন, নিয়োগ বোর্ডের পাঁচ সদস্যের মধ্যে তিনজন নির্ধারিত সময়ের আগেই উপস্থিত হয়েছিলেন। কিছুক্ষণ পর কালাই ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেজাউল করিমও উপস্থিত হন। তবে নিয়োগ বোর্ডে কলেজের সভাপতি তাজ উদ্দিনকে তিনি দেখেননি। তাঁর সঙ্গে মুঠোফোনেও যোগাযোগ করা সম্ভব হয়নি। এ কারণে অনিবার্য পরিস্থিতিতে নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে।
‎
‎অন্যদিকে কালাই ডিগ্রি কলেজের পরিচালনা কমিটির সভাপতি তাজ উদ্দিন বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় ও অধিদপ্তরের (ডিজি) প্রতিনিধি উপস্থিত না হওয়ায় নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। ৩০ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘ফেসবুকে তো কত কিছুই বলা হয়। টাকা নেওয়ার অভিযোগ সঠিক নয়।’
‎
‎নিয়োগ বোর্ডে জেলা প্রশাসকের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাটের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক যাদব সরকার। শুক্রবার দুপুরে মুঠোফোনে তিনি বলেন, অনিবার্য কারণে নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরীক্ষার আগের রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ৩০ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ ছড়িয়ে পড়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, তিনি জেলা প্রশাসকের প্রতিনিধি হিসেবে নিয়োগ বোর্ডে উপস্থিত ছিলেন। পরীক্ষা কেন স্থগিত করা হয়েছে, সে বিষয়ে জেলা প্রশাসকের কাছে লিখিত প্রতিবেদন দেবেন।
‎
‎জয়পুরহাট সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম নিয়োগ বোর্ডে অধিদপ্তরের (ডিজি) প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তাঁর বক্তব্য অনুযায়ী, নির্ধারিত সময়ে বোর্ডের পাঁচ সদস্যের মধ্যে তিনজন উপস্থিত ছিলেন। পরে কালাই ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেজাউল করিম প্রামাণিক উপস্থিত হন। তবে কলেজের সভাপতি উপস্থিত না থাকায় বোর্ডের কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি। অন্যদিকে সভাপতি তাজ উদ্দিনের দাবি, জাতীয় বিশ্ববিদ্যালয় ও অধিদপ্তরের প্রতিনিধি উপস্থিত না হওয়ায় পরীক্ষা স্থগিত করা হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধির পরিচয় ও তাঁর উপস্থিতির বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
‎কালাই ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেজাউল করিম প্রামাণিকের  মুঠোফোনে কল করা হলেও তিনি ধরেননি। এ কারণে এ বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

‎কালাই ডিগ্রি কলেজের নিয়োগ পরীক্ষা কলেজ প্রাঙ্গণে না নিয়ে জেলা শহরের জয়পুরহাট সরকারি মহিলা কলেজে আয়োজন করা হয়েছিল। তবে পরীক্ষা শুরুর মাত্র ১০ মিনিট আগে তা স্থগিত হওয়ায় দূরদূরান্ত থেকে আসা প্রার্থীদের ভোগান্তিতে পড়তে হয়। একই সঙ্গে পরীক্ষা স্থগিতের সুনির্দিষ্ট কারণ নিয়েও তাঁদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

Aucun commentaire trouvé


News Card Generator