কলাগাছের ভেলা আর বাঁশের সাঁকোই ভরসা: পীরগঞ্জের ৮ গ্রামের ৩৫ হাজার… | আই নিউজ বিডি

কলাগাছের ভেলা আর বাঁশের সাঁকোই ভরসা: পীরগঞ্জের ৮ গ্রামের ৩৫ হাজার মানুষের যুগের পর যুগ দুর্ভোগ..

Md Asaduzzaman  avatar   
Md Asaduzzaman
কলাগাছের ভেলা আর বাঁশের সাঁকোই ভরসা: পীরগঞ্জের ৮ গ্রামের ৩৫ হাজার মানুষের যুগের পর যুগ দুর্ভোগ..
কলাগাছের ভেলা আর বাঁশের সাঁকোই ভরসা: পীরগঞ্জের ৮ গ্রামের ৩৫ হাজার মানুষের যুগের পর যুগ দুর্ভোগ..
ছবি: সংগৃহীত
কলাগাছের ভেলা আর বাঁশের সাঁকোই ভরসা: পীরগঞ্জের ৮ গ্রামের ৩৫ হাজার মানুষের যুগের পর যুগ দুর্ভোগ..

কলাগাছের ভেলা আর বাঁশের সাঁকোই ভরসা: পীরগঞ্জের ৮ গ্রামের ৩৫ হাজার মানুষের যুগের পর যুগ দুর্ভোগ

মো: আসাদুজ্জামান পীরগঞ্জ (ঠাকুরগাঁও):
বর্ষায় কলা গাছের ভেলা আর শুকনো মৌসুমে নড়বড়ে বাঁশের সাঁকো—এই দুইয়ের ওপর ভর করেই চলছে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার প্রায় আটটি গ্রামের মানুষের দৈনন্দিন যাতায়াত। স্বাধীনতার দীর্ঘ সময় পেরিয়ে গেলেও টাঙ্গন নদীর ওপর একটি সেতুর দেখা মেলেনি। ফলে যুগের পর যুগ ধরে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হতে হচ্ছে শিক্ষার্থী, কৃষক ও সাধারণ মানুষকে। একটি স্থায়ী সেতুর অভাবে থমকে আছে এলাকার যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য ও গ্রামীণ অর্থনীতি।
পীরগঞ্জ উপজেলার কোষারানীগঞ্জ, খনগাঁও এবং সৈয়দপুর ইউনিয়নকে বিভক্ত করেছে টাঙ্গন নদী। নদীর পূর্বপাড়ের মানুষের উপজেলা সদর, কোষারানীগঞ্জ ও খনগাঁও ইউনিয়ন পরিষদে যাতায়াতের জন্য ইতোপূর্বে দুটি সেতু নির্মিত হলেও বঞ্চিত রয়ে গেছে ঘিডোব ঘাট এলাকা। নদীর এই পয়েন্টে সেতু না থাকায় চরম বিপাকে পড়েছেন পূর্বপাড়ের ঘিডোব, হাবিবপুর, আতরগাঁওসহ অন্তত আটটি গ্রামের প্রায় ৩৫ হাজার মানুষ।
স্থানীয় সূত্রে জানা যায়, শুষ্ক মৌসুমে গ্রামবাসীরা নিজেদের উদ্যোগে চাঁদা তুলে ও বাঁশ সংগ্রহ করে একটি বাঁশের সাঁকো তৈরি করেন। কিন্তু বছর ঘুরতেই সেই সাঁকো নড়বড়ে ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। আর বর্ষাকাল এলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করে। নদীর পানি বাড়লে সাঁকো দিয়ে চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। তখন বাধ্য হয়ে এলাকাবাসীকে কলা গাছের ভেলায় নদী পার হতে হয়। সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হয় কোমলমতি শিশু ও স্কুল-কলেজের শিক্ষার্থীদের। জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন নদী পার হয়ে তাদের শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত করতে হয়।
শুধু মানবসঞ্চালনই নয়, সেতুর অভাবে মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে এলাকার কৃষি ও ব্যবসা-বাণিজ্য। পীরগঞ্জ উপজেলার এই জনপদ কৃষিপ্রধান হওয়ায় উৎপাদিত ধান, পাট, ভুট্টা, গম, আলু, পেঁয়াজ, রসুন ও বিভিন্ন মসলা জাতীয় ফসল স্থানীয় বাজারে নিতে কৃষকদের চরম ভোগান্তি পোহাতে হয়। ঝুঁকি নিয়ে সাঁকো পার হতে গিয়ে অনেক সময় ফসলসহ ভ্যান বা বাইসাইকেল নদীতে পড়ে যাওয়ার ঘটনাও ঘটে। বিকল্প উপায়ে যাতায়াত করতে হলে প্রায় ৯ কিলোমিটার ঘুরে শহরে যেতে হয়, ফলে কৃষিপণ্য বাজারজাতকরণে পরিবহন খরচ ও সময় দুটোই বহুগুণ বেড়ে যায়।
স্থানীয় বাসিন্দা অনিল চন্দ্র আক্ষেপ করে জানান, বহু বছর ধরে জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট দপ্তরে ধরনা দিয়েও কোনো লাভ হয়নি। শুধু প্রতিশ্রুতি মিলেছে, কাজের কাজ কিছুই হয়নি। একটি স্থায়ী সেতু নির্মিত হলে পীরগঞ্জ উপজেলা সদরসহ আশপাশের এলাকার সঙ্গে যোগাযোগ ব্যবস্থার বিপ্লব ঘটত এবং শিক্ষা, চিকিৎসা ও ব্যবসার ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসত।
এ বিষয়ে স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব নুরুজ্জামান বলেন, ঘিডোব ঘাটে একটি সেতু নির্মাণ এখন সময়ের দাবি। এখানকার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া দরকার।
এ প্রসঙ্গে উপজেলা প্রকৌশলী মাইদুল ইসলাম জানান, ওই এলাকায় সম্ভাব্যতা যাচাই করে সেতু নির্মাণের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে।
এদিকে ঠাকুরগাঁও-৩ আসনের জাতীয় সংসদ সদস্য জাহিদুর রহমান বলেন, টাঙ্গন নদীতে ইতোমধ্যে দুটি সেতু নির্মাণ করা হয়েছে। ঘিডোব ঘাটের জনদুর্ভোগ কমাতে খুব শীঘ্রই সেতু নির্মাণের জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে (এলজিইডি) ডিও লেটার দেওয়া হবে।
জনদুর্ভোগ লাঘবে দ্রুত টাঙ্গন নদীর ঘিডোব ঘাটে একটি পাকা সেতু নির্মাণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।

Nenhum comentário encontrado


News Card Generator