দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ও মোটরসাইকেলসহ মোঃ হাবিবুর রহমান (২৭) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১০টা ৫৫ মিনিটে দিনাজপুরের কোতোয়ালি থানার শালকি দক্ষিণপাড়া এলাকায় ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীন মনিপুর বিওপির টহলদল এ অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা গেছে, অভিযানে আটক হাবিবুর রহমানের কাছ থেকে ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট টেনসিউইন ০.৫ (TENSIWIN 0.5) ১৬ পিস এবং একটি হিরো ডিলাক্স ১০০ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়। জব্দকৃত মালামালের সিজার মূল্য নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩৮ হাজার ৭৮০ টাকা। আটক হাবিবুর রহমান দিনাজপুরের কোতোয়ালি থানার মনিপুর গ্রামের বাসিন্দা। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাকে জব্দকৃত মাদকদ্রব্যসহ কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।
ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান পিএসসি জানান সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদক ও চোরাচালানি মালামাল জব্দের পাশাপাশি এসব কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আটকে বিজিবি দৃঢ়তা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে।