নোবিপ্রবিতে তিন দিনব্যাপী ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু, অংশ নিচ্ছেন ৪০০… | আই নিউজ বিডি

নোবিপ্রবিতে তিন দিনব্যাপী ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু, অংশ নিচ্ছেন ৪০০ শিক্ষার্থী..

en_59a8cd4 avatar   
en_59a8cd4
নোবিপ্রবিতে তিন দিনব্যাপী ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু, অংশ নিচ্ছেন ৪০০ শিক্ষার্থী..
নোবিপ্রবিতে তিন দিনব্যাপী ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু, অংশ নিচ্ছেন ৪০০ শিক্ষার্থী..
ছবি: সংগৃহীত
****

 

 

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) তিন দিনব্যাপী ছায়া জাতিসংঘ সম্মেলন-২০২৬ শুরু হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহিদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামে আয়োজিত সম্মেলনের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী। এবারের সম্মেলনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের চার শতাধিক শিক্ষার্থী অংশ নিচ্ছেন।

 

নোবিপ্রবি মডেল ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, বর্তমান বিশ্বে ক্ষমতার ভারসাম্য পরিবর্তন, রাজনৈতিক ও অর্থনৈতিক প্রতিযোগিতা, জলবায়ু পরিবর্তন, সংঘাত ও বৈষম্যের মতো চ্যালেঞ্জ মোকাবিলায় পারস্পরিক সহযোগিতা, সংলাপ এবং দায়িত্বশীল নেতৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো একক রাষ্ট্রের পক্ষে এসব বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব নয়।

 

তিনি বলেন, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি সব রাষ্ট্রের মতামত ও স্বার্থের যথাযথ মূল্যায়ন প্রয়োজন। একটি টেকসই ও ন্যায়ভিত্তিক বিশ্বব্যবস্থা প্রতিষ্ঠায় শক্তিশালী রাষ্ট্রগুলোর পাশাপাশি অপেক্ষাকৃত কম শক্তিশালী রাষ্ট্রগুলোর মতামতকেও গুরুত্ব দিতে হবে।

 

মডেল ইউনাইটেড নেশনস শিক্ষার্থীদের কূটনৈতিক দক্ষতা, যুক্তিনির্ভর চিন্তা, নেতৃত্ব, আলোচনা এবং ভিন্নমতের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার মানসিকতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে উল্লেখ করে উপাচার্য অংশগ্রহণকারীদের বাস্তবসম্মত ও অন্তর্ভুক্তিমূলক সমাধান অনুসন্ধানের আহ্বান জানান। তিনি বলেন, ডেলিগেটদের নিজ নিজ দেশের পররাষ্ট্রনীতি, আন্তর্জাতিক প্রেক্ষাপট ও আলোচ্য বিষয় সম্পর্কে যথাযথ প্রস্তুতি নিয়ে সম্মেলনে অংশ নিতে হবে। এ সম্মেলনের মাধ্যমে জ্ঞান, অভিজ্ঞতা ও পারস্পরিক বন্ধুত্ব বিনিময়ের একটি অর্থবহ সুযোগ তৈরি হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন, নোয়াখালী রুরাল ডেভেলপমেন্ট সোসাইটির (এনআরডিএস) নির্বাহী পরিচালক আবদুল আউয়াল, নোবিপ্রবি মডেল ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশনের উপদেষ্টা অধ্যাপক ড. আবিদুর রহমান এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. শিবলুর রহমান।

এ ছাড়া বক্তব্য দেন সংগঠনটির সেক্রেটারি জেনারেল তারেক মুক্তার, ডিরেক্টর জেনারেল তাসনুভা জামিল এবং ডেপুটি ডিরেক্টর জেনারেল মন্দিরা চক্রবর্তী।

 

আয়োজক সূত্রে জানা যায়, এবারের সম্মেলনে নেগোসিয়েশন, আর্গুমেন্ট, ডিবেট, লিডারশিপ ও কোলাবরেশন—এই পাঁচটি সেগমেন্টে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। সম্মেলনের মূল প্রতিপাদ্য ‘Recasting the Global Order Amid Rising Power Asymmetries’। এতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ, জাতিসংঘ মানবাধিকার পরিষদ, উন্নয়নের জন্য বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক জাতিসংঘ কমিশন, জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক ফ্রেমওয়ার্ক কনভেনশন, ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন, জাতীয় সংসদ এবং আন্তর্জাতিক প্রেস—এই সাতটি কমিটি ও ফোরাম রয়েছে।

 

সম্মেলনে অংশগ্রহণকারীরা নির্ধারিত আলোচ্যসূচি অনুযায়ী বিভিন্ন রাষ্ট্র ও প্রতিষ্ঠানের প্রতিনিধির ভূমিকায় অবতীর্ণ হয়ে সমসাময়িক বিশ্বরাজনীতি, আন্তর্জাতিক সম্পর্ক ও নীতিনির্ধারণসংক্রান্ত বিষয়ে বিতর্ক ও আলোচনা করবেন। কূটনীতি, বিতর্ক ও আন্তর্জাতিক নীতিনির্ধারণের অনুশীলনের মাধ্যমে শিক্ষার্থীদের নেতৃত্ব ও সুনাগরিকত্বের গুণাবলি বিকাশই এ আয়োজনের অন্যতম লক্ষ্য।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator