ডিভাইস আসক্তি নয়, বই হোক শিক্ষার্থীদের বন্ধু: কালীগঞ্জে পাঠাভ্যাস… | আই নিউজ বিডি

ডিভাইস আসক্তি নয়, বই হোক শিক্ষার্থীদের বন্ধু: কালীগঞ্জে পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি..

MD MOLLAH avatar   
MD MOLLAH
ডিভাইস আসক্তি নয়, বই হোক শিক্ষার্থীদের বন্ধু: কালীগঞ্জে পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি..
ডিভাইস আসক্তি নয়, বই হোক শিক্ষার্থীদের বন্ধু: কালীগঞ্জে পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি..
ছবি: সংগৃহীত
****
ডিভাইস আসক্তি নয়, বই হোক শিক্ষার্থীদের বন্ধু: কালীগঞ্জে পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি
বই পড়ার পাশাপাশি এআইয়ের ইতিবাচক ব্যবহারে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন লেখক মুনির হাসান
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি:
মোবাইল ও ডিজিটাল ডিভাইসের আসক্তি থেকে বেরিয়ে শিক্ষার্থীদের বইমুখী করতে এবং জ্ঞান, সৃজনশীলতা ও মননশীলতার বিকাশ ঘটাতে গাজীপুরের কালীগঞ্জে অনুষ্ঠিত হয়েছে ‘বই পড়া প্রতিযোগিতা ও পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি’। একই সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ইতিবাচক ও সৃজনশীল ব্যবহারে শিক্ষার্থীদের সচেতন করতেই নেওয়া হয় এ ব্যতিক্রমী উদ্যোগ।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে কালীগঞ্জ কেন্দ্রীয় পাঠাগার প্রাঙ্গণে উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং প্রথম আলোর সহযোগিতায় দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে উপজেলার প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও স্নাতক পর্যায়ের বিপুলসংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
অনুষ্ঠানের শুরুতে কালীগঞ্জ আর. আর. এন. পাইলট উচ্চ বিদ্যালয়ে বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ষষ্ঠ থেকে অষ্টম এবং নবম-দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ছিল কুইজ প্রতিযোগিতা। চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেয় চিত্রাঙ্কন প্রতিযোগিতায়। আর একাদশ শ্রেণি থেকে তদূর্ধ্ব শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয় রচনা প্রতিযোগিতা।
পরে কালীগঞ্জ কেন্দ্রীয় পাঠাগার প্রাঙ্গণে শিক্ষার্থীদের নিবন্ধন ও বই বিতরণের মধ্য দিয়ে মূল কর্মসূচি শুরু হয়। অনুষ্ঠানে ‘ডিভাইস আসক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার’ বিষয়ে বিশেষ সেশন পরিচালনা করা হয়। এতে শিক্ষার্থীরা প্রযুক্তির সঠিক ব্যবহার, অপব্যবহারের ক্ষতিকর দিক এবং বই পড়ার প্রয়োজনীয়তা সম্পর্কে ধারণা লাভ করে।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বিশিষ্ট লেখক ও ওপেন সোর্স নেটওয়ার্কের উপদেষ্টা এবং প্রথম আলোর মুনির হাসান। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, জ্ঞান অর্জন ও চিন্তার জগৎ সমৃদ্ধ করতে বই পড়ার বিকল্প নেই। প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে, তবে প্রযুক্তির দাস হওয়া যাবে না। কৃত্রিম বুদ্ধিমত্তাকে পড়াশোনা, গবেষণা ও সৃজনশীল কাজে সহায়ক হিসেবে ব্যবহার করতে হবে।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আতিকুর রহমান খান এবং বিশিষ্ট লেখক ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জেসমিন আক্তার।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ. টি. এম. কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তারা বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। কিন্তু অতিরিক্ত মোবাইল ও ডিজিটাল ডিভাইসের প্রতি আসক্তি তাদের স্বাভাবিক শারীরিক ও মানসিক বিকাশে বাধা সৃষ্টি করছে। এ অবস্থা থেকে উত্তরণে পাঠ্যবইয়ের পাশাপাশি গল্প, উপন্যাস, সাহিত্য ও জ্ঞান-বিজ্ঞানের বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। একই সঙ্গে প্রযুক্তিকে ভয় না পেয়ে এর ইতিবাচক ব্যবহার নিশ্চিত করতে হবে।
আলোচনা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে ‘শ্রেষ্ঠ শিক্ষার্থী পুরস্কার’ বিতরণ করা হয়। সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে দিনব্যাপী এ কর্মসূচির সমাপ্তি ঘটে।
উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকেরা। তাঁদের মতে, ডিজিটাল নির্ভরতার এই সময়ে নতুন প্রজন্মকে বইয়ের জগতে ফিরিয়ে আনতে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে
コメントがありません


News Card Generator