চলতি মাসেই সিরাজগঞ্জ-বগুড়া রেলপথের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী… | আই নিউজ বিডি

চলতি মাসেই সিরাজগঞ্জ-বগুড়া রেলপথের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী: প্রতিমন্ত্রী..

Juwel Hossain avatar   
Juwel Hossain
চলতি মাসেই সিরাজগঞ্জ-বগুড়া রেলপথের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী: প্রতিমন্ত্রী..
চলতি মাসেই সিরাজগঞ্জ-বগুড়া রেলপথের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী: প্রতিমন্ত্রী..
ছবি: সংগৃহীত
দৈনিক বগুড়া এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বগুড়ায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী..

চলতি সপ্তাহের শেষ দিকে অথবা চলতি মাসের শেষ নাগাদ প্রধানমন্ত্রী বগুড়া সফর করবেন এবং এ সময় বহুল প্রতীক্ষিত সিরাজগঞ্জ-বগুড়া রেলপথ ও করতোয়া নদী খনন প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এই তথ্য নিশ্বিত করে জানিয়েছেন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় বগুড়া করতোয়া কনভেনশন সেন্টারে দৈনিক বগুড়া এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বগুড়ার মানুষকে প্রধানমন্ত্রী হৃদয়ে ধারণ করেন এবং জেলার দীর্ঘদিনের উন্নয়ন ঘাটতি পূরণে বিশেষ গুরুত্ব দিচ্ছেন। এরই অংশ হিসেবে বগুড়ার সার্বিক উন্নয়নে ২ হাজার ৭০০ কোটি টাকার একটি প্রকল্প জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) অনুমোদিত হয়েছে। জেলার সাতটি সংসদীয় আসনে সমানভাবে এই অর্থ বণ্টন করা হবে। পাশাপাশি বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের বিষয়টি জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে, যা পাস হলে জেলায় নতুন কর্মসংস্থানের ব্যাপক সুযোগ সৃষ্টি হবে।

বগুড়ার সুনাম ক্ষুণ্ন হয় এমন কাজ থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, আমাদের ধৈর্য ধরে ঐক্যবদ্ধ থাকতে হবে। উন্নয়ন তার নিজস্ব গতিতে এগিয়ে যাবে এবং একসময় বগুড়ার মানুষকে খুঁজে নেবে। 

এ সময় তিনি দেশের সাংবাদিকতায় বগুড়ার সমৃদ্ধ ও অনন্য অবস্থানেরও প্রশংসা করেন।

দৈনিক বগুড়ার প্রকাশক রেজাউল করিম বাদশা এমপির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। 

তিনি বলেন, নানা চড়াই-উতরাই পেরিয়ে দৈনিক বগুড়া মাথা উঁচু করে প্রকাশনা অব্যাহত রেখেছে। জেলার বৃহত্তর স্বার্থে ও উন্নয়নে ঐকমত্যের কোনো বিকল্প নেই উল্লেখ করে তিনি সামান্য বিষয়ে বিভক্ত না হয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু ও অ্যাডভোকেট একেএম মাহবুবুর রহমান, বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, জেলা পরিষদের প্রশাসক আহসানুল তৈয়ব জাকির, নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. হাসানাত আলী, জেলা প্রশাসক তৌফিকুর রহমান, দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক লালু, টিএমএসএসের নির্বাহী পরিচালক ড. হোসনে আরা বেগম, বগুড়া প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক বগুড়ার ভারপ্রাপ্ত সম্পাদক রেজাউল হাসান রানু এবং সাধারণ সম্পাদক কালাম আজাদসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ।

Inga kommentarer hittades


News Card Generator