শ্যামনগরের ১০৮ ওয়ার্ডে এমপির পদ বাতিলের দাবিতে গণস্বাক্ষর | আই নিউজ বিডি

শ্যামনগরের ১০৮ ওয়ার্ডে এমপির পদ বাতিলের দাবিতে গণস্বাক্ষর..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র প্রতিবেদক: avatar   
শেখ আমিনুর হোসেন, সিনিয়র প্রতিবেদক:
শ্যামনগরের ১০৮ ওয়ার্ডে এমপির পদ বাতিলের দাবিতে গণস্বাক্ষর..
শ্যামনগরের ১০৮ ওয়ার্ডে এমপির পদ বাতিলের দাবিতে গণস্বাক্ষর..
ছবি: সংগৃহীত
সংসদে নতুন প্রতিনিধি চান শ্যামনগরের সচেতন নাগরিক সমাজ

শেখ আমিনুর হোসেন, সিনিয়র প্রতিবেদক, সাতক্ষীরা:

সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের সংসদ সদস্য পদ বাতিল এবং আসনটিতে উপনির্বাচনের দাবিতে তিন দিনব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি ঘোষণা করেছে সচেতন নাগরিক সমাজ। আগামী ১৩ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত শ্যামনগর উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভার ১০৮টি ওয়ার্ডে এ কর্মসূচি পালন করা হবে।

বুধবার (১১ নভেম্বর) বেলা ১১টায় শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও নওয়াবেঁকি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান মিঠু, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ বিশ্বাস, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি দেবব্রত ব্যানার্জি এবং ছফুরুন্নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মো. নাসির উদ্দিনসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

সংবাদ সম্মেলনে উপস্থিত নেতৃবৃন্দের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন মালঞ্চর টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মিজানুর রহমান। লিখিত বক্তব্যে তিনি বলেন, স্থানীয় সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম অপ্রাপ্তবয়স্ক কথিত দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যার প্ররোচনার মামলায় বর্তমানে কারাগারে রয়েছেন। তাঁর কারাবাসের কারণে জাতীয় সংসদে শ্যামনগরের মানুষের কার্যকর প্রতিনিধিত্ব নিশ্চিত হচ্ছে না বলে মনে করেন তাঁরা।

তিনি বলেন, জামায়াতে ইসলামীর ইনসাফ, ন্যায়বিচার ও নৈতিকতার রাজনৈতিক স্লোগানে আস্থা রেখেই শ্যামনগরের মানুষ দলটির মনোনীত প্রার্থীকে নির্বাচিত করেছিলেন। কিন্তু সংসদ সদস্যকে ঘিরে সৃষ্ট গুরুতর বিতর্ক ও আইনি পরিস্থিতিতে শ্যামনগরের মানুষের সামাজিক মর্যাদা ও ভাবমূর্তি প্রশ্নের মুখে পড়েছে বলে তাঁদের দাবি।

লিখিত বক্তব্যে আরও বলা হয়, সংসদ সদস্যের বিরুদ্ধে অপ্রাপ্তবয়স্ক এক নারীর সঙ্গে হোটেলে অবস্থান ও পরবর্তী সময়ে ওই নারীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় গুরুতর নৈতিক প্রশ্ন তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে তাঁর সংসদ সদস্য হিসেবে বহাল থাকার নৈতিক অধিকার নিয়েও প্রশ্ন তুলেছেন সংবাদ সম্মেলনে উপস্থিত নেতৃবৃন্দ।

জামায়াতে ইসলামীর রাজনৈতিক ও নৈতিক দায়বদ্ধতা নিয়েও প্রশ্ন তোলেন বক্তারা। তাঁদের বক্তব্য, দল থেকে বহিষ্কারের ঘোষণা দিলেই শ্যামনগরের মানুষের প্রতি দায়বদ্ধতা শেষ হয়ে যায় না। আসনটির ভবিষ্যৎ নিয়ে কার্যকর সিদ্ধান্ত না নিয়ে দীর্ঘসূত্রতা তৈরি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তাঁরা।

মোহাম্মদ মিজানুর রহমান বলেন, শ্যামনগর কোনো রাজনৈতিক দলের ব্যক্তিগত সম্পত্তি নয়; এ আসনের প্রকৃত মালিক জনগণ। রাজনৈতিক হিসাব-নিকাশের কারণে এলাকার মানুষ কেন কার্যকর জনপ্রতিনিধিত্ব থেকে বঞ্চিত হবেন, সে প্রশ্নও তোলেন তিনি।

বক্তারা বলেন, সুন্দরবনের জেলে, বাওয়ালি ও মৌয়ালদের নিরাপত্তা, বনদস্যুদের দৌরাত্ম্য, নদীভাঙন, বেড়িবাঁধের সমস্যা, যোগাযোগব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের মতো গুরুত্বপূর্ণ বিষয় জাতীয় সংসদে তুলে ধরার জন্য একজন কার্যকর জনপ্রতিনিধি প্রয়োজন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ২১ সেপ্টেম্বর গাজী নজরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। দুই দফায় মোট আট দিনের রিমান্ড শেষে ২৮ সেপ্টেম্বর আদালত তাঁর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। প্রায় দুই মাস ধরে তিনি কারাগারে রয়েছেন। গত ৯ নভেম্বর জাতীয় সংসদের স্পিকারকে তাঁর কারাবাসের বিষয়টি অবহিত করা হয়েছে বলেও লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়।

এ পরিস্থিতিতে শ্যামনগরের মানুষের গণতান্ত্রিক অধিকার, সামাজিক মর্যাদা ও কার্যকর জনপ্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবিতে আগামী ১৩, ১৪ ও ১৫ নভেম্বর উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভার ১০৮টি ওয়ার্ডে গণস্বাক্ষর সংগ্রহ করা হবে।

সংবাদ সম্মেলন থেকে জাতীয় সংসদের স্পিকার, নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দুটি দাবি উত্থাপন করা হয়। দাবিগুলো হলো—সংসদ সদস্যের আসনসংক্রান্ত সাংবিধানিক ও আইনগত বিষয় দ্রুত নিষ্পত্তি করা এবং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ উপনির্বাচনের মাধ্যমে শ্যামনগরের মানুষকে নতুন প্রতিনিধি নির্বাচনের সুযোগ দেওয়া।

সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ জানান, গণস্বাক্ষর কর্মসূচির মাধ্যমে তাঁরা শ্যামনগরের জনগণের মতামত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরতে চান।

Inga kommentarer hittades


News Card Generator