খানসামায় চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন | আই নিউজ বিডি

খানসামায় চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

Azizar Rahman avatar   
Azizar Rahman
খানসামায় চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
খানসামায় চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
ছবি: সংগৃহীত
মাদক, জুয়া ও অনলাইন বেটিংয়ের মতো সামাজিক ব্যাধি থেকে যুবসমাজকে দূরে রেখে খেলার মাঠে ফিরিয়ে আনার প্রত্যয়ে দিনাজপুরের খানসামা উপজেলার ৫নং ভাবকী ইউনিয়নের আত্রাই আশারভাঙ্গায় শুরু হয়েছে চেয়ারম্যান কাপ ফুটব..

মঙ্গলবার  (১০ নভেম্বর) বিকেল ৪টায় আত্রাই আশারভাঙ্গা মানব উন্নয়ন যুব সংঘের আয়োজনে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় রানীরবন্দর ফুটবল একাডেমি ও এ আর রহমান ফুটবল একাডেমি, নীলফামারী। দুই দলের খেলোয়াড়দের মাঠের লড়াই উপভোগ করতে স্থানীয় ক্রীড়াপ্রেমী দর্শকদের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো মাঠ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ৫নং ভাবকী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও দিনাজপুর জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক রবিউল আলম তুহিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দিনাজপুর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শেখ হাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান সরকার, খানসামা থানার অফিসার ইনচার্জ আব্দুল বাছেদ সরকার, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী সরকারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে শেখ হাফিজুর রহমান বলেন, যুবসমাজকে মাদক, জুয়া, অনলাইন বেটিং, ইভটিজিং ও পর্নোগ্রাফির মতো ক্ষতিকর কর্মকাণ্ড থেকে রক্ষা করতে খেলাধুলা ও সুস্থ বিনোদনের পরিবেশ তৈরি করতে হবে। তরুণদের অন্ধকারের পথ থেকে ফিরিয়ে খেলার মাঠে সম্পৃক্ত করাই এখন সময়ের দাবি।

নিজের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, প্রায় এক মাস আগে ভাবকী ইউনিয়ন পরিষদ পরিদর্শনে এসে এলাকার বিনোদন ও খেলাধুলার পরিবেশ সম্পর্কে জানতে চান। তখন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল আলম তুহিন এলাকায় বিনোদনের পর্যাপ্ত ব্যবস্থা না থাকার কথা জানান। পরে তিনি এক মাসের মধ্যে একটি ফুটবল খেলার আয়োজনের অনুরোধ করেন। চেয়ারম্যান সেই অনুরোধ বাস্তবায়ন করায় তিনি আয়োজকসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

যুবসমাজের উদ্দেশে তিনি আরও বলেন, খেলাধুলার জন্য প্রয়োজনীয় ফুটবল ও অন্যান্য সহযোগিতা দেওয়া হবে। তবে তরুণদের মাদক থেকে দূরে থাকতে হবে, বাল্যবিবাহ প্রতিরোধে সচেতন হতে হবে এবং অনলাইন বেটিংয়ের মতো ক্ষতিকর কর্মকাণ্ড পরিহার করতে হবে। পাশাপাশি ১৬ বছরের কম বয়সীদের ফেসবুক ব্যবহার থেকে বিরত রাখতে সামাজিক সচেতনতা গড়ে তোলার আহ্বান জানান তিনি।

আয়োজকরা জানান, এলাকার তরুণদের ক্রীড়ামুখী করা, নতুন খেলোয়াড় তৈরি এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যেই চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। তাঁদের প্রত্যাশা, এ আয়োজন স্থানীয় ক্রীড়াঙ্গনে নতুন প্রাণের সঞ্চার করবে এবং তরুণ প্রজন্মকে ইতিবাচক কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করবে।

No comments found


News Card Generator