সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় কার্যনিষিদ্ধ সংগঠনের ৩ নেতা গ্রেপ্তার | আই নিউজ বিডি

সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় কার্যনিষিদ্ধ সংগঠনের ৩ নেতা গ্রেপ্তার..

Juwel Hossain avatar   
Juwel Hossain
সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় কার্যনিষিদ্ধ সংগঠনের ৩ নেতা গ্রেপ্তার..
সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় কার্যনিষিদ্ধ সংগঠনের ৩ নেতা গ্রেপ্তার..
ছবি: সংগৃহীত
****

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে সিরাজগঞ্জ সদর থানা পুলিশ। সোমবার (৯ নভেম্বর) রাতে সিরাজগঞ্জ সদর উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, সিরাজগঞ্জ পৌর এলাকার ১৫ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মৃত বাচ্চু শেখ (কারেন্ট বাচ্চু) এর ছেলে মো. সাদ্দাম হোসেন (২২) এবং সয়দাবাদ ইউনিয়ন ছাত্রলীগের সদস্য মৃত নূর হোসেন শেখ এর ছেলে মো. আশিক হোসেন (৩৯) ও হযরত আলীর ছেলে মো. ইমরুল কায়েস (১৯)।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা-পুলিশের একটি দল কড্ডা কৃষ্ণপুর, সয়দাবাদ মধ্যপাড়া ও রেলওয়ে কলোনি এলাকায় অভিযান পরিচালনা করে তাঁদের আটক করে। পরবর্তীকালে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান জানান, গ্রেপ্তারকৃত আসামিদের মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সম্প্রতি সিরাজগঞ্জ সরকারি কলেজের ফটকে ছাত্রলীগের ব্যানার টাঙিয়ে 'জয় বাংলা, জয় বঙ্গবন্ধু' স্লোগান দেওয়ার ঘটনার বিষয়ে জানতে চাইলে ওসি বলেন, উক্ত ঘটনার পর থেকেই পুলিশের অভিযান জোরদার করা হয়েছে। এ ধরনের অপতৎপরতার সঙ্গে জড়িত সবাইকে দ্রুত আইন ও বিচারের মুখোমুখি করা হবে।

উল্লেখ্য, সম্প্রতি সিরাজগঞ্জে পুলিশের টহল গাড়ির পাশ দিয়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল ও পুলিশ সদস্যদের হুমকি দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর থেকেই জেলাজুড়ে আসামিদের ধরতে সাঁড়াশি অভিযানে নামে পুলিশ। ওই ঘটনার পর থেকে এখন পর্যন্ত নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলোর বিভিন্ন পর্যায়ের প্রায় ২৩ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী। গ্রেপ্তারকৃতদের মধ্যে ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যসহ কার্যনিষিদ্ধ যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও কৃষক লীগের নেতাকর্মীরা রয়েছেন।

没有找到评论


News Card Generator