বিভেদ নয়, বৈচিত্র্যের মধ্যেই ঐক্য: সাতক্ষীরায় তরুণদের সম্প্রীতি মেলা | আই নিউজ বিডি

বিভেদ নয়, বৈচিত্র্যের মধ্যেই ঐক্য: সাতক্ষীরায় তরুণদের সম্প্রীতি মেলা..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র প্রতিবেদক: avatar   
বিভেদ নয়, বৈচিত্র্যের মধ্যেই ঐক্য: সাতক্ষীরায় তরুণদের সম্প্রীতি মেলা..
বিভেদ নয়, বৈচিত্র্যের মধ্যেই ঐক্য: সাতক্ষীরায় তরুণদের সম্প্রীতি মেলা..
ছবি: সংগৃহীত
সামাজিক সংহতি প্রতিষ্ঠায় তরুণদের উদ্যোগ, সাতক্ষীরায় সম্প্রীতি মেলায় নানা আয়োজন..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র প্রতিবেদক, সাতক্ষীরা:

‘যুক্ত হও, সৃষ্টি করো, একসঙ্গে বাঁচো’—এই প্রতিপাদ্যে বৈচিত্র্যের বন্ধনে সামাজিক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও শান্তিপূর্ণ সহাবস্থানের আহ্বান নিয়ে সাতক্ষীরায় অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী ‘তরুণ নেতৃত্বাধীন সম্প্রীতি মেলা-২০২৬’। নানা সৃজনশীল আয়োজন, সাংস্কৃতিক পরিবেশনা ও তরুণদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মেলাটি পরিণত হয় সম্প্রীতি ও মিলনমেলায়।

সোমবার (৯ নভেম্বর) সকালে এক্টিভিস্টা সাতক্ষীরার উদ্যোগে, সিডো সংস্থার বাস্তবায়নে, ‘একশন ফর ট্রান্সফরমেশন’ প্রকল্পের আওতায় এবং একশনএইড বাংলাদেশের সহযোগিতায় তুফান কনভেনশন সেন্টার অ্যান্ড রিসোর্টের লেকভিউ প্রাঙ্গণে এ মেলার আয়োজন করা হয়।

মেলা উপলক্ষে সকাল সাড়ে ৯টায় কামালনগর ঈদগাহ থেকে একটি বর্ণাঢ্য সম্প্রীতি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মেলা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

সিডো সংস্থার প্রধান নির্বাহী শ্যামল কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরার জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব আবু জাহিদ ডাবলু, বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্ণব দত্ত।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর সাতক্ষীরার উপপরিচালক সঞ্জীত কুমার দাস, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাজমুন নাহার, ইসলামিক ফাউন্ডেশন সাতক্ষীরার উপপরিচালক মেহেদী হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল হোসেন, জেলা মহিলা দলের সভানেত্রী ফরিদা আক্তার বিউটিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সাংবাদিক ও জেলা মন্দির কমিটির নেতৃবৃন্দ।

মেলার অন্যতম বিষয় ছিল ‘Connecting Dots for Social Cohesion’ বা সামাজিক সংহতির জন্য সংযোগ স্থাপন। আয়োজকদের মূল বার্তা ছিল—শান্তি মানে শুধু সংঘাতের অনুপস্থিতি নয়; বরং পারস্পরিক সম্পর্ক গড়ে তোলা, সংলাপের সুযোগ সৃষ্টি, বৈচিত্র্যের স্বীকৃতি, বঞ্চনা ও প্রান্তিকীকরণ দূর করা এবং প্রত্যেক মানুষের মর্যাদা ও অধিকার নিশ্চিত করে সহাবস্থানের পরিবেশ তৈরি করা।

মেলায় ২০২২ সাল থেকে বাস্তবায়িত যুব নেতৃত্বাধীন বিভিন্ন ইতিবাচক সামাজিক উদ্যোগ ও সাফল্য তুলে ধরে তিনটি প্রদর্শনী স্টল স্থাপন করা হয়। অতিথিরা স্টলগুলো পরিদর্শন করেন এবং ‘সম্প্রীতির বৃক্ষ’-এ নিজেদের মতামত ও প্রত্যাশা তুলে ধরেন।

এ ছাড়া মেলায় ছিল লাইভ আর্ট প্রতিযোগিতা, পিস ক্যানভাস, পিস ওয়াল, সলিডারিটি ট্রি, আন্তঃপ্রজন্মীয় খেলাধুলা, পিস অলিম্পিয়াড, সাংস্কৃতিক পরিবেশনা, জারিগান ও যুবনাট্য। এসব আয়োজনের মাধ্যমে বিভিন্ন বয়স, শ্রেণি ও সম্প্রদায়ের মানুষের মধ্যে পারস্পরিক বোঝাপড়া, সহমর্মিতা ও সহযোগিতার বার্তা তুলে ধরা হয়।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ এবং পিস ডিক্লারেশন অনুষ্ঠিত হয়।

আয়োজকরা জানান, তরুণদের সৃজনশীলতা, স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও নেতৃত্বকে কাজে লাগিয়ে সামাজিক সম্প্রীতির দূত হিসেবে নতুন প্রজন্মকে গড়ে তোলাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য। ধর্ম, বর্ণ, শ্রেণি ও প্রজন্মের ভিন্নতা সত্ত্বেও মানুষের মধ্যে আস্থা, পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার সম্পর্ক জোরদার করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তাদের প্রত্যাশা, তরুণদের নেতৃত্বে সম্মিলিত সামাজিক উদ্যোগের মাধ্যমে একটি শান্তিপূর্ণ, সহনশীল, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক সমাজ প্রতিষ্ঠার পথ আরও সুগম হবে।

没有找到评论


News Card Generator