নোবিপ্রবি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ উদ্বোধন: ১০ বছর রাজনীতিমুক্ত… | আই নিউজ বিডি

নোবিপ্রবি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ উদ্বোধন: ১০ বছর রাজনীতিমুক্ত রাখার প্রত্যয়..

en_59a8cd4 avatar   
en_59a8cd4
নোবিপ্রবি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ উদ্বোধন: ১০ বছর রাজনীতিমুক্ত রাখার প্রত্যয়..
নোবিপ্রবি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ উদ্বোধন: ১০ বছর রাজনীতিমুক্ত রাখার প্রত্যয়..
ছবি: সংগৃহীত
****

 

 

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) অধীনে ‘ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ’-এর উদ্বোধন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, জেলা প্রশাসনের প্রতিনিধি এবং নোয়াখালী -৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ শাহাজান চৌধুরী (এমপি) উপস্থিত থেকে মানসম্মত শিক্ষা প্রদান ও স্থানীয় শিক্ষার্থীদের ভবিষ্যৎ তৈরিতে প্রতিষ্ঠানটির ভূমিকার কথা তুলে ধরেন। একই সাথে নবপ্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানকে সম্পূর্ণ রাজনীতিমুক্ত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।



অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে নোবিপ্রবি উপাচার্য ড. গোলাম রব্বানী বলেন, "ম্যাডাম এই বিশ্ববিদ্যালয় স্থাপন করেছেন। নোবিপ্রবিকে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় পরিণত করার জন্য ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ গুরুত্বপূর্ণ ।আমাদের বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রশাসন ও শিক্ষা বিভাগ নামে দুটি বিভাগ রয়েছে যাদের ইন্টার্নি করার জন্য একটি স্কুল এন্ড কলেজ প্রয়োজন। আমাদের ঐ শিক্ষার্থীদের  ইন্টার্নশিপ সম্পন্ন করতে দূরের স্কুলে যেতে হয়। মূল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরপরই এটি প্রতিষ্ঠিত হওয়ার কথা ছিল।"

 

তিনি আরও যোগ করেন, "আমরা আপ্রাণ চেষ্টা করব এই ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজকে এই অঞ্চলের অন্যতম সেরা ও মডেল শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করতে। এখানে মূলত স্থানীয়দের সন্তানদের পড়াশোনার সুযোগ তৈরি হবে।"



জেলা প্রশাসনের প্রতিনিধি তাঁর বক্তব্যে শিক্ষার গুণগত মান নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, আমাদের দেশে মানসম্মত শিক্ষার প্রচুর অভাব। বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক পরিচালিত হওয়ায় এই প্রতিষ্ঠানটিতে মানসম্মত শিক্ষা নিশ্চিত হবে বলে আমরা বিশ্বাস করি। উপযুক্ত শিক্ষা ও মানবিক মূল্যবোধসম্পন্ন সৃজনশীল মানুষ তৈরির মাধ্যমে আমরা দক্ষ আইটি বিশেষজ্ঞ গড়ে তুলতে পারব, যা আমাদের গৌরব বৃদ্ধি করবে।"

 

অনুষ্ঠানের অন্যতম প্রধান বক্তা নোয়াখালী -৪ আসনের এমপি মোহাম্মদ শাহাজান চৌধুরী   তাঁর বক্তব্যে অঞ্চলের সম্ভাবনা ও স্মৃতি তুলে ধরে বলেন, "আজকের এই বিশেষ সকালটি অন্যান্য দিনের চেয়ে আলাদা। আমরা গর্ব করে বলতে পারি, আমাদের এই চর এলাকার বিশ্ববিদ্যালয়টি আজ শহরের অনেক নামী বিশ্ববিদ্যালয়ের চেয়েও ভালো অবস্থানে রয়েছে। বিকেলে শহরের মানুষ পরিবার নিয়ে এখানে ঘুরতে আসে, যা স্থানীয়দের ভালোবাসার প্রতিফলন।"

 

তিনি আরও বলেন, "আমাদের জেলা থেকে নোবিপ্রবিতে স্থানীয় শিক্ষার্থীদের ভর্তির হার তুলনামূলক কম। এই ধরনের একটি ভালো স্কুল গড়ে উঠলে আমাদের এলাকার সন্তানদের বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাওয়ার পথ সুগম হবে।"

 

রাজনীতিমুক্ত পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়ে তিনি কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, "যারা এই শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে রাজনীতি করতে চান, তারা সাবধান হয়ে যান। এই প্রতিষ্ঠানে শিক্ষাকার্যক্রম ও প্রতিষ্ঠার এই সময়ে কেউ রাজনীতি করার চেষ্টা করবেন না। তাহলে আপনাদের আমি শাহাজানের মুখোমুখি হতে হবে।"

এলাকা রাজনীতিবিদ এবং অংশীজনদের প্রতি আহবান জানিয়ে তিনি বলেন,"আসুন, আমরা সবাই মিলে প্রতিজ্ঞা করি—আগামী ১০ বছর এই শিক্ষা প্রতিষ্ঠানে সব ধরনের রাজনীতি বন্ধ থাকবে।"

Không có bình luận nào được tìm thấy


News Card Generator