শহীদ স্মৃতি ডিগ্রি মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ সৈয়দ আমিনুল… | আই নিউজ বিডি

শহীদ স্মৃতি ডিগ্রি মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ সৈয়দ আমিনুল ইসলাম মুকুলকে বর্ণাঢ্য সংবর্ধনা..

Sk Mizanur Rahman avatar   
Sk Mizanur Rahman
শহীদ স্মৃতি ডিগ্রি মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ সৈয়দ আমিনুল ইসলাম মুকুলকে বর্ণাঢ্য সংবর্ধনা..
শহীদ স্মৃতি ডিগ্রি মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ সৈয়দ আমিনুল ইসলাম মুকুলকে বর্ণাঢ্য সংবর্ধনা..
ছবি: সংগৃহীত
বাগেরহাটের ফকিরহাট উপজেলার কাটাখালীতে অবস্থিত শহীদ স্মৃতি ডিগ্রি মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ও কানাডাপ্রবাসী সমাজসেবক সৈয়দ আমিনুল ইসলাম মুকুলকে বর্ণাঢ্য সংবর্ধনা দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে শিক্ষা..

রোববার (৮ নভেম্বর) সকাল ১১টায় শহীদ স্মৃতি ডিগ্রি মহাবিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষাবিদ, প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও শুভাকাঙ্ক্ষীরা সৈয়দ আমিনুল ইসলাম মুকুলকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় তাঁকে সম্মাননা স্মারকও প্রদান করা হয়।

শহীদ স্মৃতি ডিগ্রি মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু হেনা মো. রফিকুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. হারুন অর রশিদ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোরের কলেজ পরিদর্শক প্রফেসর কবুয়াত আলী বিশ্বাস, ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রজিউল্লাহ খান, ফকিরহাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল কামাল কারিম এবং কলেজ পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি শেখ ইফতেখার আহমেদ প্রমুখ।

বক্তারা বলেন, সৈয়দ আমিনুল ইসলাম মুকুল একজন শিক্ষানুরাগী, সমাজসেবক ও দূরদর্শী শিক্ষাব্যক্তিত্ব। তাঁর উদ্যোগ, আন্তরিকতা ও নিরলস প্রচেষ্টায় শহীদ স্মৃতি ডিগ্রি মহাবিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে। দীর্ঘ কর্মজীবনে তিনি অসংখ্য শিক্ষার্থীকে শিক্ষার আলোয় আলোকিত করেছেন। তাঁর অবদান শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠার মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং এলাকার শিক্ষা বিস্তার ও সামাজিক উন্নয়নেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর মতো শিক্ষানুরাগী ব্যক্তিত্বের অবদান আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

সংবর্ধিত অতিথি সৈয়দ আমিনুল ইসলাম মুকুল তাঁর বক্তব্যে কলেজ প্রতিষ্ঠার পেছনের নানা স্মৃতি ও দীর্ঘ ১৫ বছরের কর্মজীবনের অভিজ্ঞতা তুলে ধরেন। প্রতিষ্ঠাকালীন সময়ের বিভিন্ন প্রতিকূলতা, শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় মানুষের সহযোগিতার কথা স্মরণ করে তিনি বলেন, এই সম্মান শুধু তাঁর একার নয়; এটি শহীদ স্মৃতি ডিগ্রি মহাবিদ্যালয়ের সব শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীর সম্মান। সবার সম্মিলিত প্রচেষ্টা ও ভালোবাসায় প্রতিষ্ঠানটি আজকের অবস্থানে পৌঁছেছে। ভবিষ্যতেও শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে উল্লেখ করা হয়, দীর্ঘ ১৭ বছর রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাঁকে প্রবাসে জীবন কাটাতে হয়েছে। দীর্ঘদিন পর প্রতিষ্ঠাতা অধ্যক্ষকে কাছে পেয়ে কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাসের সৃষ্টি হয়। পুরো কলেজ প্রাঙ্গণে তৈরি হয় আবেগঘন ও উৎসবমুখর পরিবেশ।

অনুষ্ঠানে বক্তারা শিক্ষার মানোন্নয়ন, আধুনিক ও যুগোপযোগী শিক্ষা বিস্তার এবং আগামী প্রজন্মকে দক্ষ, যোগ্য ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

সংবর্ধনা অনুষ্ঠানে কলেজের শতাধিক শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, সাবেক শিক্ষার্থী, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator