জেলা থেকে উপজেলা—সাতক্ষীরায় জাতীয় সমবায় দিবস উদযাপন, উদ্যোক্তাদের… | আই নিউজ বিডি

জেলা থেকে উপজেলা—সাতক্ষীরায় জাতীয় সমবায় দিবস উদযাপন, উদ্যোক্তাদের অংশগ্রহণে মেলা..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র প্রতিবেদক: avatar   
শেখ আমিনুর হোসেন, সিনিয়র প্রতিবেদক:
জেলা থেকে উপজেলা—সাতক্ষীরায় জাতীয় সমবায় দিবস উদযাপন, উদ্যোক্তাদের অংশগ্রহণে মেলা..
জেলা থেকে উপজেলা—সাতক্ষীরায় জাতীয় সমবায় দিবস উদযাপন, উদ্যোক্তাদের অংশগ্রহণে মেলা..
ছবি: সংগৃহীত
সমবায় আন্দোলনে অর্থনৈতিক স্বনির্ভরতার আহ্বান, সাতক্ষীরায় নানা আয়োজনে দিবস উদযাপন..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র প্রতিবেদক, সাতক্ষীরা :

‘করবো সমবায়, গড়বো দেশ—সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় নানা আয়োজনে উদযাপিত হয়েছে ৫৫তম জাতীয় সমবায় দিবস ও সমবায় মেলা-২০২৬। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, সমবায় পণ্য প্রদর্শনী, আলোচনা সভা, উদ্যোক্তাদের পণ্যের স্টল, সুদমুক্ত ঋণের চেক ও ফলজ গাছের চারা বিতরণ করা হয়।

রোববার (৮ নভেম্বর) জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম। প্রধান অতিথি হিসেবে বেলুন-ফেস্টুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে দিবসের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাউসার আজিজ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা সমবায় কর্মকর্তা মোঃ আশিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জামায়াতের আমির অধ্যাপক শহিদুল ইসলাম মুকুল, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্ণব দত্ত এবং উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ মুর্শিদ আলম।

বক্তারা বলেন, সমবায় হচ্ছে সম্মিলিত উদ্যোগ, পারস্পরিক সহযোগিতা ও অর্থনৈতিক অগ্রগতির একটি কার্যকর মাধ্যম। দেশের সাধারণ মানুষকে সংগঠিত করে উৎপাদন, বিপণন ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে সমবায় আন্দোলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। একটি আত্মনির্ভরশীল ও বৈষম্যহীন সমাজ গঠনে সমবায়ভিত্তিক উদ্যোগকে আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল সমবায় পণ্য মেলা। এতে ১৩টি স্টলে বিভিন্ন উদ্যোক্তা সবজি, গার্মেন্টস পণ্য, হস্তশিল্প ও কুটিরশিল্পের পণ্য প্রদর্শন করেন। এর মাধ্যমে স্থানীয় উৎপাদক ও উদ্যোক্তাদের পণ্য পরিচিতি এবং বাজার সম্প্রসারণের সুযোগ তৈরি হয়।

এ ছাড়া দুগ্ধ প্রকল্পের আওতায় গাভী পালন ও দুধ উৎপাদনে উৎসাহিত করতে ১৪ জন সুবিধাভোগীর মধ্যে মোট ১৪ লাখ টাকার সুদমুক্ত ঋণের চেক বিতরণ করা হয়। পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে ফলজ গাছের চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা তথ্য কর্মকর্তা মোঃ জাহারুল ইসলাম, জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক মোঃ জাফর ইকবাল, নবদিগন্ত কৃষি উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের নির্বাহী পরিচালক মোঃ বজলুর রহমানসহ বিভিন্ন সমবায় কর্মকর্তা, এনজিও প্রতিনিধি ও উদ্যোক্তারা। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক রামপ্রসাদ ঢালী।

তালায় জাতীয় সমবায় দিবস উদযাপন

এদিকে একই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার তালা উপজেলায়ও নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।

রোববার সকালে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। পরে একটি বর্ণাঢ্য র‌্যালি তালা উপশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

র‌্যালি শেষে তালা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা। স্বাগত বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম। সমবায় অফিসের সহকারী পরিদর্শক রমেন্দু বাছাড়ের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম, পাটকেলঘাটা থানার ওসি মোঃ কোফাজ্জল হোসেন, উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাসুম বিল্লাহ।

এ সময় শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সভাপতি অধ্যক্ষ আব্দুর রহমান, সম্পাদক গাজী জাহিদুর রহমান, যুবদল নেতা সাইদুর রহমান সাঈদ, যুব জামায়াতের সভাপতি প্রভাষক মোস্তাফিজুর রহমান রেন্টু, সাংবাদিক আকবর হোসেন এবং সমবায়ী মুশফেকুজ্জামান ইমন, প্রভাত রায় ও মুসলিমা খাতুনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

দিবসটি উপলক্ষে জেলা ও উপজেলা পর্যায়ে আয়োজিত এসব কর্মসূচিতে সমবায়ের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, উদ্যোক্তা উন্নয়ন এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

コメントがありません


News Card Generator