সুন্দরবনের দুবলার চরে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার | আই নিউজ বিডি

সুন্দরবনের দুবলার চরে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

Sk Mizanur Rahman avatar   
Sk Mizanur Rahman
সুন্দরবনের দুবলার চরে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার
সুন্দরবনের দুবলার চরে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত
সুন্দরবনের দুবলার চর এলাকায় নিখোঁজ হওয়ার এক দিন পর রিয়াজ আহমেদ (২৭) নামে এক পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে।..

শনিবার (৭ নভেম্বর) রাত ১০টার দিকে আলোরকোল সি-বিচ এলাকা থেকে বন বিভাগ ও কোস্ট গার্ডের সদস্যরা তাঁর মরদেহ উদ্ধার করেন।

সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) দ্বীপন চন্দ্র দাস মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত রিয়াজ আহমেদ ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার কাঠালী পশ্চিমপাড়া এলাকার আবুল বাশার ঢালীর ছেলে।

এসিএফ দ্বীপন চন্দ্র দাস জানান, শনিবার রাত ১০টার দিকে আলোরকোল সি-বিচ এলাকায় স্থানীয় জেলেরা একটি মরদেহ ভাসমান অবস্থায় দেখতে পান। পরে তাঁরা বন বিভাগকে খবর দেন। খবর পেয়ে বন বিভাগ ও কোস্ট গার্ডের সদস্যরা যৌথভাবে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে তীরে নিয়ে আসেন।

জানা যায়, গত ৫ নভেম্বর ১৯ জন পর্যটক নিয়ে ‘মিজানুর রহমান ইকো ট্যুরিজম-২’ নামের একটি পর্যটকবাহী বোট সুন্দরবনে ভ্রমণে যায়। পরদিন শুক্রবার (৬ নভেম্বর) দুপুর ১টার দিকে পর্যটকেরা আলোরকোল চরে নামেন। এ সময় তিনজন পর্যটক সমুদ্র সৈকতে গোসল করতে নামেন। একপর্যায়ে প্রবল ঢেউ ও স্রোতের টানে রিয়াজ সাগরে তলিয়ে যান।

এ ঘটনার পর থেকেই বন বিভাগ ও কোস্ট গার্ডের যৌথ দল নিখোঁজ পর্যটককে উদ্ধারে অভিযান চালিয়ে আসছিল। অবশেষে শনিবার রাতে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

Tidak ada komentar yang ditemukan


News Card Generator