রবিবার (৮ নভেম্বর) সকালে ৩নং ফতেজংপুর ইউনিয়ন পরিষদ চত্বরে ছওয়াবের এসিস্ট্যান্ট প্রোগ্রাম ম্যানেজার মোঃ বোরহান উদ্দিনের সভাপতিত্বে ও মরিয়ম চক্ষু হাসপাতালের প্রোগ্রাম কো-অর্ডিনেটর মাসুদ রানার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) শাহানা আফরোজ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩নং ফতেজংপুর ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম(শফি)।
দাতা সংস্থা সোশ্যাল এজেন্সি ফর ওয়েলফেয়ার এন্ড এডভান্সমেন্ট ইন বাংলাদেশ (ছওয়াব)ও মরিয়ম চক্ষু হাসপাতালের সহযোগিতায় সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলে এই কর্মসূচি, যেখানে বিনামূল্যে ৩০০ জন রোগীকে ছানি অপারেশনের জন্য নির্বাচিত করা হয়। এছাড়া বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের চোখ পরীক্ষা করে ব্যবস্থাপত্র প্রদান করেন এবং বিনামূল্যে চশমা ও ওষুধ বিতরণ করা হয়।
প্যানেল চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম বলেন, ছওয়াব ছানি রোগীদের বিনামূল্যে অপারেশনের যে উদ্যোগ গ্রহণ করেছে, এটি নিঃসন্দেহে প্রশংসার দাবীদার। একজন মানুষ চোখে দেখতে না পারার কারণে অন্যের ওপর নির্ভরশীল হয়ে পড়েন। অপারেশনের মধ্যে দিয়ে সে পর নির্ভরশীলতা কাটিয়ে উঠতে পারবে। ছওয়াব অত্র অঞ্চলের মানুষের জন্য বিভিন্ন উন্নয়নধর্মী কার্যক্রম অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি ছওয়াবের নানাধর্মী মানবিক ও সামাজিক কার্যক্রমের ভুয়সী প্রশংসা করেন।
ছওয়াবের এসিস্ট্যান্ট ম্যানেজার মোঃ বোরহান উদ্দিন বলেন, ছওয়াব মানব সেবার ব্রত নিয়ে ১৯৯৫ সাল থেকে মানুষের শিক্ষা, স্বাস্থ্য, সুপেয় পানি জীবিকায়ন নিয়ে দেশব্যাপী কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে চিরিরবন্দর উপজেলার ফতেজংপুর ইউনিয়নের ৩০০ মানুষের ছানি অপারেশনের উদ্যোগ গ্রহণ করেছে। আমরা আশাবাদী এর মধ্যে দিয়ে ৩০০ পরিবারে স্বনির্ভরতা ফিরে আসবে।
দিনব্যাপী এ সেবামূলক কার্যক্রমে স্থানীয় মানুষের ব্যাপক সাড়া পাওয়া যায়।