ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আয়োজিত র্যালিতে যোগদানকে কেন্দ্র করে ভালুকায় আলোচনা সভা করেছে বিএনপি। বৃহস্পতিবার (৫ নভেম্বর) এ সভায় দলের নেতাকর্মীরা দিবসটির তাৎপর্য তুলে ধরেন।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাবেক যুব ও ছাত্রনেতা, বর্তমান ভালুকা পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ।
সভায় প্রধান অতিথির বক্তব্য দেন আলহাজ্ব মোস্তাফিজুর রহমান মামুন। তিনি বলেন, ৭ নভেম্বর আমাদের জাতীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার ঐতিহাসিক দিন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করে আমাদের সাধারণ মানুষের কল্যাণে কাজ করতে হবে। রাজনীতি মানে কেবল ক্ষমতা নয়, মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়ানোই আমাদের মূল ব্রত।
তিনি আরও বলেন, জনগণের পাশে থেকে তাদের কল্যাণে কাজ করাই রাজনৈতিক নেতাকর্মীদের দায়িত্ব। জাতীয় ঐক্য, গণতন্ত্র ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
এ সময় স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।