আন্তর্জাতিক শিল্পমঞ্চে বাংলাদেশের জয়জয়কার: সেরা শিল্পী… | আই নিউজ বিডি

আন্তর্জাতিক শিল্পমঞ্চে বাংলাদেশের জয়জয়কার: সেরা শিল্পী সোনারগাঁয়ের মেয়ে ফারিহা তাবাসসুম..

Mohammad Abdul Qaiyum Nahid avatar   
Mohammad Abdul Qaiyum Nahid
আন্তর্জাতিক শিল্পমঞ্চে বাংলাদেশের জয়জয়কার: সেরা শিল্পী সোনারগাঁয়ের মেয়ে ফারিহা তাবাসসুম..
আন্তর্জাতিক শিল্পমঞ্চে বাংলাদেশের জয়জয়কার: সেরা শিল্পী সোনারগাঁয়ের মেয়ে ফারিহা তাবাসসুম..
ছবি: সংগৃহীত
কেপিআর ইন্টারন্যাশনাল আর্ট এক্সিবিশন-২০২৬ এ ভারত-শ্রীলঙ্কা-মালদ্বীপকে পেছনে ফেলে সোনারগাঁয়ের মেয়ের শ্রেষ্ঠত্ব অর্জন..

আব্দুল কাইয়ুম নাহিদ ,সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :

ভারতের মাটিতে আয়োজিত মর্যাদাপূর্ণ কেপিআর ইন্টারন্যাশনাল আর্ট এক্সিবিশন-২০২৬ এ দক্ষিণ এশিয়ার চার দেশের শতাধিক প্রতিভাবান শিল্পীকে পেছনে ফেলে 'বেস্ট আর্টিস্ট অ্যাওয়ার্ড' জিতে নিয়েছেন বাংলাদেশের তরুণ শিল্পী, সোনারগাঁয়ের গর্বিত মেয়ে ফারিহা তাবাসসুম।

আয়োজক সূত্রে জানা গেছে, এবারের প্রদর্শনীতে ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও মালদ্বীপের শতাধিক নির্বাচিত শিল্পী অংশগ্রহণ করেন। চিত্রকর্মের শৈল্পিক মান, বিষয়বস্তুর গভীরতা এবং উপস্থাপনার অভিনবত্বের নিরিখে বিচারকদের কঠোর মানদণ্ড ও সূক্ষ্ম পর্যবেক্ষণ শেষে সোনারগাঁয়ের মেয়ে ফারিহা তাবাসসুমকে সেরা শিল্পী হিসেবে মনোনীত করা হয়।

আন্তর্জাতিক বিচারক প্যানেলের সদস্যরা তার কাজের প্রশংসা করে বলেন, তার শিল্পকর্মে মানবিক বোধ এবং বিমূর্ত ভাবনার যে সমন্বয় ঘটেছে, তা তাকে সমসাময়িক তরুণ শিল্পীদের কাতারে অনন্য উচ্চতায় নিয়ে গেছে।

ফারিহা তাবাসসুমের এই অর্জনকে কেবল ব্যক্তিগত সাফল্য নয়, বরং বাংলাদেশের সমসাময়িক চারুকলা চর্চার উৎকর্ষের বড় প্রমাণ হিসেবে দেখছেন শিল্পবোদ্ধারা। সোনারগাঁয়ের মেয়ে হিসেবে তার এই আন্তর্জাতিক সাফল্য পুরো নারায়ণগঞ্জবাসীর জন্য গর্বের।

এ বিষয়ে ফারিহা তাবাসসুম বলেন, "আন্তর্জাতিক মহলে দেশের শিল্প-সংস্কৃতিকে তুলে ধরতে পারাটা আমার জন্য সবচেয়ে বড় প্রাপ্তি।"

এই অর্জনে ফারিহার পরিবারে আনন্দের জোয়ার বইছে। ফারিহা তাবাসসুমের বাবা মোঃ দেলোয়ার হোসেন মেয়ের এই আন্তর্জাতিক সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে সোনারগাঁয়ের মেয়ের জন্য সকলের কাছে দোয়া ও শুভকামনা চেয়েছেন।

Hiçbir yorum bulunamadı


News Card Generator