চট্টগ্রাম নগরীর ডবলমুরিং এলাকায় স্বামীর পরকীয়া সম্পর্কের প্রতিবাদ করায় মীম আক্তার (২২) নামে এক গৃহবধূকে কেরোসিন ঢেলে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামী মেহেদী হাসানের বিরুদ্ধে। অগ্নিদগ্ধ অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (৩১ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে মারা যান মীম।
নিহত মীম আক্তার চাঁদপুরের কচুয়া উপজেলার খোকন মিয়ার মেয়ে। তিনি তিন বছর বয়সী এক কন্যাসন্তানের জননী। অভিযুক্ত স্বামী মেহেদী হাসান চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকার বাসিন্দা।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, চার মাস আগে মেহেদী হাসানের সঙ্গে মীমের বিয়ে হয়। বিয়ের পর তাঁরা ডবলমুরিং থানার নাজিরপুল এলাকার আব্দুল মালেকের বাড়িতে ভাড়া থাকতেন। দাম্পত্য জীবনের শুরু থেকেই স্বামীর পরকীয়া সম্পর্ক নিয়ে তাঁদের মধ্যে বিরোধ চলে আসছিল।
অভিযোগ অনুযায়ী, গত শনিবার ভোর সাড়ে ৪টার দিকে এ বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে মেহেদী হাসান মীমের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে গুরুতর দগ্ধ অবস্থায় তাঁকে উদ্ধার করেন। পরে তাঁকে চমেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তাঁর মৃত্যু হয়।
এ ঘটনায় রোববার (১ নভেম্বর) সকালে নিহতের বাবা খোকন মিয়া বাদী হয়ে ডবলমুরিং থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার পরপরই অভিযান চালিয়ে অভিযুক্ত স্বামী মেহেদী হাসানকে গ্রেপ্তার করে পুলিশ। পরে আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে পাঠানো হয়।
এদিকে, মীমের মৃত্যুর ঘটনায় জড়িত ব্যক্তির সুষ্ঠু তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন তাঁর পরিবারের সদস্য ও স্থানীয় এলাকাবাসী।
'আই নিউজ বিডি' অ্যাপ
মন্তব্য 0