এইচএসসিতে পাসের হারে এগিয়ে ঢাকা, পিছিয়ে বরিশাল | আই নিউজ বিডি

এইচএসসিতে পাসের হারে এগিয়ে ঢাকা, পিছিয়ে বরিশাল

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
এইচএসসিতে পাসের হারে এগিয়ে ঢাকা, পিছিয়ে বরিশাল
এইচএসসিতে পাসের হারে এগিয়ে ঢাকা, পিছিয়ে বরিশাল
ছবি: সংগৃহীত
****

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় বোর্ডভিত্তিক পাসের হারে শীর্ষে রয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। এ বোর্ডে পাসের হার ৬১.৮০ শতাংশ। অন্যদিকে, সবচেয়ে কম পাসের হার বরিশাল শিক্ষা বোর্ডে, ৪৪.৮৪ শতাংশ।

শনিবার (৩১ অক্টোবর) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে ফলাফলের বোর্ডভিত্তিক পরিসংখ্যান তুলে ধরা হয়।

প্রকাশিত ফলাফল অনুযায়ী, দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে ১০ লাখ ৪৮ হাজার ৫৩০ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৫ লাখ ৪১ হাজার ২৪৯ জন। এসব বোর্ডে গড় পাসের হার ৫১.৬২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৩৫ হাজার ৯৪৮ জন শিক্ষার্থী।

এ বছর ঢাকা বোর্ডে পাসের হার ৬১.৮০ শতাংশ, রাজশাহী বোর্ডে ৪৫.০৬ শতাংশ, কুমিল্লা বোর্ডে ৪৮.০৪ শতাংশ, যশোর বোর্ডে ৪৪.৯২ শতাংশ, চট্টগ্রাম বোর্ডে ৫২.০৭ শতাংশ, বরিশাল বোর্ডে ৪৪.৮৪ শতাংশ, সিলেট বোর্ডে ৫০.৯০ শতাংশ, দিনাজপুর বোর্ডে ৪৫.৯৮ শতাংশ এবং ময়মনসিংহ বোর্ডে ৫১.৪৪ শতাংশ।

মাদ্রাসা শিক্ষা বোর্ডে এ বছর উত্তীর্ণ হয়েছে ৫৪ হাজার ৫৪৭ জন শিক্ষার্থী। এ বোর্ডে পাসের হার ৬১.০৭ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ২৫০ জন।

অন্যদিকে, কারিগরি শিক্ষা বোর্ডে ১ লাখ ২ হাজার ৯৪৭ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৫০ হাজার ৮৮৯ জন। এ বোর্ডে পাসের হার ৪৯.৪৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৮৮৬ জন।

ফলাফল প্রকাশ কার্যক্রমের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়াসহ বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা গত ২ জুলাই শুরু হয়ে ৮ আগস্ট শেষ হয়। ১৫ আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষা শেষ করার কথা থাকলেও প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কয়েকটি লিখিত পরীক্ষা নির্ধারিত সময়ে নেওয়া সম্ভব হয়নি। পরে স্থগিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হওয়ায় ওই বোর্ডের লিখিত পরীক্ষা শেষ হয় ৯ সেপ্টেম্বর।

 

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator